প্রাচীন জমিদারপ্রথা উচ্ছেদ হলেও নব্য একধরনের জমিদারের উদয় দেশব্যাপী ঘটেছে। সরকারি জমি, রাস্তার দুই পাশ কিংবা নতুন জেগে ওঠা চর অথবা জলাশয়গুলোর ‘মালিক’ তাঁরা। আগে জমিদারেরা যেমন জমি হাসিল করে সেখানে রায়তদের বসাতেন, তেমনি এই জমিদারেরা সরকারি জমি দখল করামাত্রই বস্তি বসান। এর নাম ‘বস্তি–বাণিজ্য’। চট্টগ্রামে কর্ণফুলী নদীর মোহনায় এ রকম এক বস্তি–বাণিজ্যের আখড়া গড়ে উঠেছে। যথারীতি ক্ষমতায় আসীন দলটির পাতি নেতারা এর ‘জমিদার’।
ক্ষমতাসীন দল করা লাভজনক, কিন্তু সেই লাভের খেসারত দেবে কারা? দেবে জনগণ, যারা নাকি সংবিধানবলে সব ক্ষমতা ও সম্পদের মালিক। সুতরাং, জনগণের হয়ে এই ক্ষমতা চর্চা ও মালিকানা ভোগের অধিকার সরকারি দলের নেতা-কর্মীদের ওপরই বর্তায়। এই বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসনের নমুনা। এভাবেই বস্তির ঘর ভাড়ায় খাটিয়ে উপার্জন করে চলেছেন চট্টগ্রামের বকশিরহাট যুবলীগের সহসভাপতি মো. আখতার হোসেন। এ ব্যাপারে তিনি একা নন, প্রায় সারা দেশেই সব সরকারদলীয় পদাধিকারীর এ রকম ‘জমিদারি’ রয়েছে।
সরকারি জমি দখল করে ‘জমিদার’ ক্ষমতাসীনেরা এসব বস্তিতে ঘর বা দোকান বাবদ ভাড়া, বিদ্যুৎ ও পানির ব্যবসা তো চলেই, বস্তির লোকজনকে দলীয় কাজে ব্যবহারও নিয়ম হয়ে গিয়েছে। বাংলাদেশে ক্ষমতাসীনদের রাজনীতির প্রকৃত স্বরূপ তাদের বক্তৃতা-বিবৃতি দিয়ে বোঝা যাবে না; বুঝতে হবে দখলের ব্যাপকতা দিয়ে। ক্ষেত্রবিশেষে এঁরা বিরোধী দলের কাউকে কাউকে কিঞ্চিৎ ভাগ দিয়ে ‘জমিদারির’ চ্যালেঞ্জ দূর করেন।
যখন প্রশাসনের নাকের ডগায় এ রকম অন্যায় চলতে থাকে, তখন বুঝতে হয় যে লুটপাটের হাততালির এক হাত যদি রাজনীতির হয়, তাহলে অপর হাতটি আমলাতন্ত্রের। আলোচ্য ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সরকারের ভূমি প্রশাসন ও নগর কর্তৃপক্ষের ভূমিকা সহযোগীর। লুটপাটের এই অশুভ ঐক্য ভাঙতে আইনের হস্তক্ষেপ জরুরি। কিন্তু আইনের প্রতিপালক সরকার কি তা করবে?