দড়ির যোগ, না নাড়ির যোগ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চিত্ত বিকাশের যে আয়োজনটা স্বভাবতই সকলের চেয়ে আপন হওয়া উচিত ছিল, সেইটাই রয়েছে সবচেয়ে পর হয়ে—তার সঙ্গে আমাদের দড়ির যোগ হয়েছে, নাড়ীর যোগ হয়নি’—কথাগুলো রবীন্দ্রনাথের। এই কথাগুলো আমরা মানি কিন্তু পালন করি না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণে এটা সবাই শিখেছেন—একেকটি শিশু একেক বুদ্ধিমত্তার অধিকারী, তার বুদ্ধিমত্তা অনুসারে তাকে শেখাতে হবে এবং সুসামঞ্জস্যপূর্ণ বিকাশের পথে তাকে এগিয়ে দিতে হবে। আমরা অলিম্পিক গেমসগুলোর দিকে তাকালেই দেখতে পাই, আমাদের রাষ্ট্রের চেয়ে ধনে-জনে পিছিয়ে থাকা দেশগুলোও পদক তালিকায় আমাদের ওপরে অবস্থান করছে। কেন?

শিক্ষাদানের নির্দিষ্ট প্রণালি বোঝানোর জন্য ব্যবহূত ‘Musyka’ শব্দটির গ্রিকযুগে অর্থ ছিল জ্ঞান ও  কৃৎকৌশলগত দক্ষতা, যা একযোগে স্বাভাবিক শারীরিক কাঠামো আর অঙ্গসঞ্চালনের স্বাধীনতা ও শক্তি উভয়কেই নিশ্চিত করত। গ্রিক শব্দ ‘কালোগাথিয়া’র মানে শরীর ও আত্মার সৌন্দর্য। গ্রিকরা শিক্ষার লক্ষ্য হিসেবে সমন্বয় ও সৌন্দর্যের ওপর এত গুরুত্ব দিত কেন? কারণ, ছোট্ট গ্রিসের যেমন ছিল নিজেদের বাণিজ্য ও শিল্প, কলা ও বিজ্ঞান বিকাশের অপরিমেয় সুযোগ, তেমনি সেই সঙ্গে ছিল প্রাচ্যের বিশাল সব সাম্রাজ্যবাদী রাজতন্ত্র দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা, যারা যেকোনো মুহূর্তে ছোট্ট গ্রিসকে গ্রাস করতে পারত। এসব বিশাল রাষ্ট্রের বিরুদ্ধে এমন একটি ছোট্ট দেশকে সামরিকভাবে আত্মরক্ষা করতে হলে প্রতিটি নাগরিকের মধ্যে অঢেল উদ্দীপনা থাকা প্রয়োজন। আর সে জন্যই জরুরি ছিল এমন নাগরিক তৈরি করা, যার একজন হবে অন্য শতজনের সমতুল্য, প্রত্যেক নাগরিকের আপেক্ষিক ওজন হবে সত্যিই বিপুল। এ কারণে গ্রিক রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, পার্থিব সামগ্রী পরিভোগে কিছুটা সাম্য দেখা দিয়েছিল, যাতে দেশ রক্ষায় অনীহ হওয়ার মতো ততটা গরিব কেউ না থাকে।

অথচ, আমাদের হাইস্কুলসংলগ্ন প্রাইমারিগুলো ছাড়া আর স্কুলগুলোতে খেলার মাঠ নেই, উপকরণ নেই। তবু যে দু-চারজনকে আমরা পাই, তার কৃতিত্ব খেলোয়াড়দের নিজেদেরই, না আছে রাষ্ট্রের ভূমিকা, না শিক্ষকদের। যেসব সৌভাগ্যবান শিশু বিদ্যালয়ে যায়, তাদের অধিকাংশই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়ে। এই অধিকাংশের অধিকাংশ আবার গরিব পরিবার থেকে আসা। এদের খাতা-কলম কেনারই সামর্থ্য নেই, তার ওপর খেলার, রঙের, গানের উপকরণের তো কথাই নেই। শুধু প্রাণশক্তির জোরেই গাছের ডাল দিয়ে, নিজেরা চাঁদা তুলে কখনো কখনো ব্যাট-বল, কখনো ফুটবল কেনে। রেডিও, মোবাইল বা বাড়ির পাশের দোকানের ক্যাসেট প্লেয়ার থেকে শুনে গান শেখে। বিভিন্ন গাছের পাতা থেঁতলে রং বানিয়ে ছবি আঁকা শেখে।

এবার চলুন দেখে আসি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো, যেখানে শিক্ষকেরা প্রশিক্ষণ নেন। প্রথমত, পিটিআইতে যিনি সংগীত প্রশিক্ষক, তিনি প্রথমে যাঁরা গান সম্পর্কে জানেন, বাড়িতে চর্চা করেন তাঁদের বাছাই করেন, তারপর তাঁদের দু-একটা অনুষ্ঠানে প্রতিভা প্রকাশের ব্যবস্থা করে দেন। আর অন্যদের ১২-১৪টি গান খাতায় তুলে নিতে বলেন, ব্যস। এই হলো প্রশিক্ষণার্থী শিক্ষকদের সংগীত শিক্ষা।

দ্বিতীয়ত, ছবি আঁকা শিক্ষা। শিক্ষকদের রং ও রঙের ব্যবহার, কলম ও কালির আঁকা, ক্রেয়নে আঁকা, তুলি ও কালিতে আঁকা, প্যাস্টেল-জল-তেলরঙে আঁকা, মৌলিক ফিগারসহ কোনো কিছুই না শিখিয়ে শুধু শাপলা, স্মৃতিসৌধ, শহীদ মিনার, দোয়েলসহ কয়েকটি জাতীয় প্রতীক নকল করতে শেখানো হয়।

তৃতীয়ত, লাইব্রেরি ওয়ার্ক। কুড়িগ্রাম পিটিআইতে লাইব্রেরিতে পরিদর্শন করে চার-পাঁচটি পাঠযোগ্য গ্রন্থ পেয়েছি। সেগুলোর মধ্যে মাত্র দুটির কথা আমার মনে আছে। একটি হুমায়ূন আহমেদের মহাবিশ্ব, অন্যটি লুইস হেনরি মর্গানের আদিম সমাজ। লাইব্রেরি ওয়ার্কের ধরন হচ্ছে, নির্দিষ্ট খাতায় গৎবাঁধা কিছু কথা এবং গত বছরের খাতা দেখে কপি-পেস্ট করা। যিনি নিজেই পাঠক নন, তিনি কীভাবে পাঠ্যাভ্যাসে উজ্জীবিত করবেন প্রশিক্ষণার্থী শিক্ষকদের?

চতুর্থত, কম্পিউটার ক্লাস। রুটিনে আছে কিন্তু বাস্তবে নেই। গত দু-তিন বছরে একজন প্রশিক্ষণার্থীকেও পাওয়া যায়নি, যিনি পিটিআইতে কম্পিউটার শিখেছেন। সর্বশেষ উদাহরণ হলো, কৃষিবিষয়ক প্রশিক্ষণের অংশ হিসেবে প্রতিবছর যে পরিমাণ বৃক্ষ রোপণ করা হয় পিটিআইগুলোতে, তার এক-দশমাংশ গাছ টিকে থাকলেও পিটিআইগুলো ছোটখাটো বনে পরিণত হতো! এই প্রশিক্ষণ নিয়েই শিক্ষকেরা বিদ্যালয়ে ফেরেন। যা শেখেন, নিশ্চয়ই তা-ই শেখাবেন। কথা ছিল, শিশুদের জীবন নামক সমুদ্রে সাঁতার শেখানো হবে, সম্ভাবনার দেশে পৌঁছানো হবে। উল্টো, তারা ডুবছে; বাঁচানোর কেউ নেই।

এবার আসি আন্তবিদ্যালয় প্রতিযোগিতার বিষয়ে। অত্যন্ত সংক্ষিপ্ত নোটিশে মৌসুমি প্রতিযোগিতাসহ অন্য প্রতিযোগিতাগুলো সম্পন্ন হয়। উপজেলা সদরে যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, তাতে যেমন গরিব ঘরের শিক্ষার্থীদের নিজের খরচে অথবা শিক্ষকদের পকেট থেকে জুগিয়ে অংশ নিতে হয়, তেমনি জেলা সদরেও একই অবস্থা। অর্থাৎ জেলা সদরের প্রতিযোগিতায় যে রাহাখরচটা (১২৫ টাকা) শিক্ষার্থীপ্রতি দেওয়া হয় (তাও সাধারণত দেওয়া হয় প্রতিযোগিতায় মাস খানেক পরে), তা কতটা বাস্তবসম্মত? বাছাই ছাড়াই প্রতিযোগীদের পাঠানো হয়, কোনো কোনো স্কুল পাঠায়ই না, কোনো স্কুল স্বেচ্ছায় অযোগ্যদের পাঠায়। ফলে লক্ষ্য হারায় বাস্তবতার চাকায়।

রাষ্ট্রের দায়সারা গোছের চিন্তার একটি নমুনা: কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার কয়েকটি স্কুলে পিয়ানো দেওয়া হয়েছে। হারমোনিয়াম না, ঢোল না, তবলা না, একতারা না, এসরাজ না, গিটার না; একেবারে পিয়ানো!  কে শেখাবে আর কেই বা বাজাবে? অতএব নয়ন সার্থক করাই একমাত্র নিয়তি! বাস্তবতাবর্জিত পরিকল্পনা আর কাকে বলব?

একদা যে মানুষের স্বপ্ন দেখেছিলেন আমাদের শহীদেরা, সেই মানুষ যদি আমরা চাই, তাহলে আমাদের জাতির সেরা সন্তানদের, সেরা মেধাবীদের আমাদের প্রাইমারি স্কুলে আনতে হবে, তাঁরা আসবেন চারুকলা ইনস্টিটিউট থেকে, সংগীত মহাবিদ্যালয় থেকে, বিকেএসপির মতো প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। পিটিআইগুলোকে আমলাতান্ত্রিকতা থেকে উদ্ধার করে সর্বাঙ্গীণ সুন্দর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, বিদ্যালয়কে সজ্জিত করতে হবে, আর শিক্ষকদের বেতন হতে হবে সবচেয়ে মর্যাদাসম্পন্ন।

নাহিদ হাসান: প্রধান সমন্বয়ক, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম।