বাংলাদেশ জঙ্গিবাদের বিপদমুক্ত এবং তাদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া গেছে বলে সরকারি মহলে যে জোর প্রচার ছিল, গত রোববার ত্রিশালের ঘটনাটি তা অসার প্রমাণ করে দিল। নিষিদ্ধ জেএমবির দণ্ডপ্রাপ্ত জঙ্গিদের ছাড়িয়ে নিতে যে কায়দায় তারা আক্রমণ চালাল, তাতে এটা পরিষ্কার হয়েছে যে এই জঙ্গিগোষ্ঠী আগের চেয়ে আরও বেশি সংগঠিত। এই ঘটনা জনগণ ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বিরাট হুমকি।
জঙ্গি তৎপরতা, দেশব্যাপী বোমা হামলা, আত্মঘাতী বোমা হামলা চালিয়ে বিচারক হত্যা—এসব অপকর্মে জড়িত থাকার কারণে নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবির শীর্ষ নেতাদের বিচার করে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হয়েছে ২০০৭ সালে। বিগত সরকারের আমলে অভিযান চালিয়ে সংগঠনের বেশ কিছু নেতা-কর্মীকে আটক করার পর ভাবা গিয়েছিল জঙ্গিগোষ্ঠী নিষ্ক্রিয় হয়ে গেছে। সরকারি মহলেও বেশ স্বস্তির ভাব লক্ষ করা গিয়েছিল। বাস্তবে দেখা যাচ্ছে, এতকিছুর পরও সংগঠনটিকে পুরো নিষ্ক্রিয় করা যায়নি এবং গোপনে সংগঠিত হয়ে তারা আরও ভয়ংকর রূপে সামনে এসেছে।
অতীতে জেএমবি যে ধরনের সহিংসতা চালিয়েছে, তার সঙ্গে তুলনা করলে এবারের ঘটনাটি অনেক বেশি সুসংগঠিত। নিখুঁত ও সমন্বিত পরিকল্পনার পাশাপাশি যথেষ্ট জনশক্তি না থাকলে তারা এভাবে আসামি ছিনতাই করে নিতে পারত না। একটি ট্রাক, দুটি মাইক্রোবাস ও ৮ থেকে ১০ জন জঙ্গির মাধ্যমে এই হামলা পরিচালনার জন্য নিশ্চয়ই যথেষ্ট প্রস্তুতির প্রয়োজন ছিল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো কিছুই টের পেল না! এটি সংশ্লিষ্টদের চরম ব্যর্থতা ও উদাসীনতার কথাই মনে করিয়ে দেয়। জঙ্গিগোষ্ঠীর এত বড় একটি অভিযান সম্পর্কে যদি তারা সম্পূর্ণ অন্ধকারেই থাকবে তাহলে নানা নামের নানা বাহিনী ও গোয়েন্দা ইউনিটগুলো কী করছে?
ছিনিয়ে নেওয়া তিন জঙ্গির মধ্যে দুজন এখনো পলাতক এবং একজন ধরা পড়ার পর পুলিশের কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। পলাতক অবস্থা থেকে ধরা পড়ার পর পুলিশি হেফাজতে জঙ্গি হাফেজ মাহমুদের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। পুলিশের পক্ষ থেকে বন্দুকযুদ্ধের যে কথা বলা হয়েছে, সেটি বিশ্বাসযোগ্য নয়। সবচেয়ে বড় কথা, এ ধরনের একজন ভয়ংকর আসামিকে ধরার পর তাঁকে নিয়ে ‘অস্ত্র উদ্ধারের’ অভিযানে যাওয়ার আগে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হলো না কেন? ঘটনার তদন্ত ও জেএমবি সম্পর্কে আরও তথ্য জানা এবং নেপথ্যে যারা জড়িত, তাদের খুঁজে বের করার জন্যই তাঁকে বাঁচিয়ে রাখা জরুরি ছিল।
দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিসহ হামলাকারীরা এখনো পলাতক। এই দুই জঙ্গি, হামলাকারী এবং তাদের সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার এবং জঙ্গিগোষ্ঠীর সব গোপন আস্তানা সমূলে উৎপাটন জরুরি। একই সঙ্গে দেশে কোথাও জঙ্গিবাদী চক্র গোপনে সংগঠিত হচ্ছে কি না, সে ব্যাপারে সদা সতর্ক ও গোয়েন্দা নজরদারি জোরদার করতে হবে। এ ব্যাপারে আত্মতৃপ্তি বা গা-ছাড়া ভাবের সুযোগ নেই।