দাওয়াত, সংবর্ধনা আর কত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভার বৈঠকের আলোচ্যসূচিতে একটি চলতি বিষয় রাখা হলে দেশের মানুষ উপকৃত হবে। সড়ক বন্ধ করে সংবর্ধনা বা স্কুল বন্ধ করে দাওয়াতে মন্ত্রী ও দায়িত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হোক।
ঠিকাদারের কাজ হলো কিছুমিছু দিয়ে মন্ত্রীদের তুষ্ট করে কাজ বাগিয়ে নেওয়া। এ রকম একজন ঠিকাদারের কুমিল্লার গ্রামের বাড়িতে তিনজন মন্ত্রী দাওয়াত খেয়ে এসেছেন। প্রধানমন্ত্রীর একজন একান্ত সচিব, দুদকের একজন মহাপরিচালক, কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আরও গণ্যমান্য অনেকে ছিলেন। আপ্যায়নকারী ঠিকাদার সরকারের একাধিক দপ্তরের কাজ করে থাকেন। অতিথিরা তাঁর দেশি, সে জন্য দাওয়াত দেওয়া হয়েছে বলে তিনি জানান। তবে নৌপরিবহনমন্ত্রী এই সংজ্ঞায় পড়েন না। তাঁর মন্ত্রণালয়ের অধীনে আলোচ্য ঠিকাদার কাজ করেন বলে হয়তো তিনি আমন্ত্রিত হয়েছেন। এবং মন্ত্রীও সেই দাওয়াত রক্ষা করেছেন।
তাঁদের জন্য বিশাল আয়োজন। চারটি বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। মন্ত্রী আসবেন, তাই স্কুলে লেখাপড়া বন্ধ করে কয়েক হাজার অতিথির জন্য এক হাজার ২০০ মণ চালের ভাত আর ২৪২টি গরু ও খাসির মাংসে ভূরিভোজের আয়োজন করা হয়। আমরা আশা করব, দুদকের পক্ষ থেকে ওই ঠিকাদারের সম্পদের উৎস-সম্পর্কিত কাগজপত্র তলব করা হবে। তিনি কর-শুল্ক হিসাবে কত টাকা সরকারি কোষাগারে জমা দেন, তার হিসাবও নেওয়া দরকার।
লাভের আশা না থাকলে কোনো ব্যবসায়ী বিনিয়োগ করেন না। অতিথি আপ্যায়নের নামে ঠিকাদারের বিনিয়োগের পেছনের উদ্দেশ্য পরিষ্কার। এর আগে ঢাকার খিলগাঁও এলাকায় রেলের ২০০ কোটি টাকার জমি তাঁকে বরাদ্দের উদ্যোগ নিয়েছিলেন রেলমন্ত্রী। প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হলে তা আর কার্যকর হয়নি। রেলমন্ত্রীকে দাওয়াতের পেছনে একটি সরস কার্যকারণ সম্পর্ক সহজেই অনুমান করা যায়। অন্যদিকে, মহাসড়কের পাশে মঞ্চ তৈরি করে সাভারের সাংসদকে সংবর্ধনা দেওয়া হয়। এর ফলে নবীনগর-চন্দ্রা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। মানুষের দুর্ভোগ বাড়ে। অথচ ঘটা করে সংবর্ধনার আয়োজন না করার জন্য সরকার থেকে বারবার বলা হচ্ছে।
এর আগে মন্ত্রীদের সংবর্ধনার জন্য স্কুল বন্ধ করে শিশুদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় ফুলের মালা হাতে দাঁড় করিয়ে রাখা হয়েছে। একপর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এবার কি যোগাযোগ মন্ত্রণালয় থেকে সড়ক বন্ধের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে? অর্থ মন্ত্রণালয় থেকে বলা হবে, সোনার মুকুট দিয়ে সংবর্ধনা বেআইনি?
মন্ত্রীরা হয়তো বলবেন, সামাজিকতার জন্য দাওয়াত খেতে যেতে হয়। কিন্তু যেখানে ব্যবসায়িক স্বার্থ জড়িত, সেখানে সামাজিকতার দোহাই কতটা গ্রহণযোগ্য? নুন খেলে গুণ গাইতে হয়, এই প্রবাদ তো মন্ত্রীদের না জানার কথা নয়।
সংশ্লিষ্ট মন্ত্রী ও সাংসদদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এনে এসব রাজকীয় আয়োজনের ওপর মন্ত্রিপরিষদ নিষেধাজ্ঞা জারি করলে স্কুল বাঁচবে, যানজটের ভোগান্তিও কমবে।