নরসিংদী জেলার পলাশ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে সংখ্যালঘু সম্প্রদায়ের দানপত্র (হেবা দলিলের মতো) দলিলের কার্যক্রম এখনো চালু হয়নি। আইনটি বর্তমান সরকারের আমলে পাস হলেও পলাশের সংখ্যালঘু সম্প্রদায় এর সুফল পাচ্ছে না। মুসলিম সম্প্রদায়ের হেবা দলিলের মতো নামমাত্র রেজিস্ট্রি খরচের বিধান রেখে সংখ্যালঘু সম্প্রদায় সুফল পাবার লক্ষ্যে আইনটি পাস করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, সারা দেশে বর্তমান এই আইনে দানপত্র দলিলের রেজিস্ট্রেশন কার্যক্রম চললেও নরসিংদীর পলাশ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে এর কাজ এখনো শুরু হয়নি। ফলে পলাশের সংখ্যালঘু জনগোষ্ঠী বর্তমান সরকারের চালু করা আইনে দানপত্র দলিল রেজিস্ট্রেশন করতে পারছে না। বাধ্য হয়ে সংখ্যালঘু সম্প্রদায় অধিক খরচে সাফকবলা দলিল সম্পাদন করছে। এ ব্যাপারে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে জানানো হয়, এই আইনটি চালু করা যাবে না।
ওই সাব-রেজিস্ট্রি অফিসে এই আইনের গেজেট এবং ভূমি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির চিঠি পাওয়ার পরও কোন অদৃশ্যশক্তির বলে সাব-রেজিস্ট্রার এই আইন পলাশে চালু করেননি, তা দেখার বিষয়। পলাশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন অপেক্ষায় রয়েছেন, কবে নাগাদ এই আইন চালু হবে। পলাশে সংখ্যালঘু সম্প্রদায়ের দানপত্র দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে মাননীয় ভূমিমন্ত্রীর আশু সুদৃষ্টি কামনা করছি।
অপূর্ব দাস, ডাঙ্গা, পলাশ, নরসিংদী।