
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাইয়ের মুখপাত্র রুপার্ট কোলভিল গতকাল জেনেভা থেকে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে চলমান সহিংসতার জন্য বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে হেগে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালতে বিচারের সম্মুখীন করার দিকে ইঙ্গিত করার কারণ ও প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন। ওই মুখপাত্র বলেন, সংলাপের মাধ্যমে সুরাহা না হলে সামনের মাসে এই সহিংসতা আরও নিকৃষ্ট রূপ নিতে পারে। আর ফৌজদারি অপরাধের দায় থেকে ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান, সাংসদ, জনপ্রতিনিধি বা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের কেউই শুধু পদমর্যাদার কারণে রেহাই পেতে পারেন না।
উল্লেখ্য, জাতিসংঘের তরফে বাংলাদেশ নেতৃবৃন্দের বিরুদ্ধে এ ধরনের হুঁশিয়ারি ইতিহাসে এই প্রথম। ২০০৭ সালে কেনিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় এক হাজারের বেশি নাগরিকের মৃত্যুর দায়ে কেনীয় প্রেসিডেন্ট ও ডেপুটি প্রেসিডেন্ট বর্তমানে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে বিচারের সম্মুখীন।
জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক মুখপাত্র মি. কোলভিল আফগানিস্তান ও দক্ষিণ এশীয় বিশেষজ্ঞ। এর আগে তিনি কসোভো, আফগানিস্তান ও ইরাকে মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন। ই-মেইলে নেওয়া এই মুখপাত্রের বক্তব্যের অবিকল বাংলা তরজমা তুলে ধরা হলো।
সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান
প্রথম আলো জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাই ১ ডিসেম্বর জেনেভায় দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, বিশ্বের যেসব রাষ্ট্র রোম সংবিধির ভিত্তিতে গঠিত আন্তর্জাতিক ফৌজদারি আদালতের পক্ষভুক্ত, বাংলাদেশ তার অন্যতম। অন্যান্য পরিস্থিতিতে রাজনৈতিক কিংবা নির্বাচনী সহিংসতার ঘটনায় রাজনৈতিক নেতৃবৃন্দসহ অপরাধ সংঘটনকারীরা বিচারের সম্মুখীন হয়েছে। এটা কি সত্য যে, জাতিসংঘ এই প্রথমবারের মতো আইসিসির এখতিয়ার প্রসঙ্গে বাংলাদেশকে হুঁশিয়ার করে দিয়েছে।
রুপার্ট কোলভিল হাইকমিশনার এর আগে বাংলাদেশের সহিংস রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু এই প্রথমবারের মতো তিনি (নাভি পিল্লাই) বাংলাদেশকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, বাংলাদেশ আইসিসির পক্ষভুক্ত একটি দেশ।
প্রথম আলো রাজনৈতিক সহিংসতায় এ বছর প্রায় তিন শ ব্যক্তি নিহত হয়েছেন। কিন্তু আপনি অবগত আছেন যে, রাজনৈতিক সহিংসতা, বিশেষ করে বিচারবহির্ভূত ও রাজনৈতিক হত্যাকাণ্ডের বিষয়ে বাংলাদেশের দীর্ঘ ইতিহাস রয়েছে। এখন প্রশ্ন হলো, সত্যি কী কারণে এ ধরনের একটি শক্ত বিবৃতি প্রদানে আপনি বাধ্য হলেন?
রুপার্ট কোলভিল কিছু সময় ধরে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে ক্রমাগতভাবে উদ্বেগ প্রকাশ করে চলছিল। কিছুসংখ্যক স্পেশাল র্যাপোর্টিয়ার সহিংসতা সম্পর্কে বক্তব্য দিয়েছেন। এবং হাইকমিশনার কর্তৃপক্ষের (বাংলাদেশ সরকার—প্রতিবেদক) সঙ্গে ঘরোয়াভাবে তাঁর উদ্বেগ তুলে ধরেছেন। কিন্তু কেবল গত সপ্তাহেই এক ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন। এবং সামনের মাসে এই সহিংসতা আরও নিকৃষ্ট রূপ নিতে পারে। হাইকমিশনার গভীরভাবে উদ্বিগ্ন এই কারণে যে, বাংলাদেশের প্রধান দলগুলো নির্বাচন অনুষ্ঠানে তাদের মতপার্থক্য নিরসন করতে ব্যর্থ হওয়ায় রাজনৈতিক সহিংসতার মাত্রা বাড়ছে। এর ফলে বাংলাদেশ খাদের কিনারে যাচ্ছে।
প্রথম আলো যুক্তি রয়েছে যে, আন্তর্জাতিক ফৌজদারি আদালতে ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃবৃন্দের বিচার করা উচিত নয়। এমনকি দাবি করা হয়েছে যে, আইসিসি অন্যায্যভাবে আফ্রিকাকে টার্গেট করেছে। এখন কেনীয় প্রেসিডেন্ট ও ডেপুটি প্রেসিডেন্টের বিচার পিছিয়ে দেওয়ার দাবি উঠেছে। আপনার মন্তব্য কী?
রুপার্ট কোলভিল এ প্রসঙ্গে আপনি আন্তর্জাতিক ফৌজদারি আদালতের রোম সংবিধি খতিয়ে দেখতে পারেন। রোম সংবিধির ২৭ অনুচ্ছেদ বলেছে, সরকারি পদমর্যাদানির্বিশেষে এই সংবিধি কোনো পার্থক্য সৃষ্টি করা ছাড়াই সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। সরকারি পদমর্যাদায় একজন ব্যক্তি রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, কোনো সরকার কিংবা সংসদের সদস্য, একজন নির্বাচিত জনপ্রতিনিধি কিংবা একজন সরকারি কর্মকর্তা—যা-ই হোন, সংবিধির আওতায় ফৌজদারি দায়দায়িত্ব থেকে কোনোভাবেই তিনি রেহাই পেতে পারেন না। জাতীয় কিংবা আন্তর্জাতিক আইনের অধীনে যদি দায়মুক্তি নিশ্চিত করাও থাকে, তাহলেও আন্তর্জাতিক ফৌজদারি আদালত উল্লিখিত পদমর্যাদাধারীদের ওপর তাঁর এখতিয়ার খাটাতে পারবেন।
যদিও ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানদের বিচার না করার বিষয়ে কিছু লোক যুক্তি দিয়ে থাকেন। কিন্তু ১৫ নভেম্বর ২০১৩ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব পেশ করা হয়েছিল। ওই প্রস্তাবে রোম সংবিধির ১৬ অনুচ্ছেদের অধীনে কেনিয়ার প্রেসিডেন্ট ও ডেপুটি প্রেসিডেন্টের বিরুদ্ধে চলমান মামলা বিলম্বিত করার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তা নাকচ হয়ে গেছে। গত ২৮ নভেম্বর আইসিসিভুক্ত দেশগুলোর সর্বশেষ সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে ওই ২৭ অনুচ্ছেদের বিষয়ে একটি সম্ভাব্য সংশোধনী আলোচিত হয়। কিন্তু সংশোধনী প্রস্তাব পাস হওয়া পর্যন্ত তা গড়ায়নি।
বর্তমানে বিশ্বের আটটি দেশে আইসিসি মামলা তদন্ত করছে। সব কটিই আফ্রিকায়। এর মধ্যে পাঁচটি দেশ (সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, আইভরি কোস্ট, কঙ্গো, মালি ও উগান্ডা) নিজেরাই তাদের মামলাগুলো আইসিসিতে পাঠিয়েছে। আর লিবিয়া ও সুদানের ক্ষেত্রে প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে।
প্রথম আলো আইসিসি প্রতিষ্ঠার পরে এ পর্যন্ত কতজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকে অভিযুক্ত বা তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছে?
রুপার্ট কোলভিল কঙ্গোর বিদ্রোহী নেতা টমাস লুবাঙ্গা আইসিসিতে দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁর মামলা বর্তমানে আপিলে আছে। বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দসহ বহুসংখ্যক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাঁদের মধ্যে বর্তমানে কয়েকজনের বিচার চলছে। এ বিষয়ে আরও জানতে চাইলে আপনি আইসিসির ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন। আপনার অবগতির জন্য জানাচ্ছি, রাজনৈতিক সহিংসতাজনিত অন্যান্য পরিস্থিতিতে (যেমন— গিনি ও হন্ডুরাস) এখন আইসিসির প্রসিকিউটর দ্বারা প্রাথমিক পরীক্ষা চলছে।
প্রথম আলো ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে আইসিসি আটটি মামলা তদন্ত শুরু করেছে। সব কটিই আফ্রিকায়। আপনি কি মনে করেন যে, রাজনৈতিক সহিংসতাজনিত হত্যাকাণ্ড এবং গুমবিষয়ক অভিযোগের তদন্ত শুরু করার জন্য বাংলাদেশকে বেছে নেওয়া সমীচীন হবে?
রুপার্ট কোলভিল সেটা চূড়ান্ত বিচারে আইসিসির ওপর নির্ভর করছে। প্রথমত এবং সর্বাগ্রে গুরুত্বপূর্ণ হচ্ছে জাতীয় পর্যায়ে বিশ্বাসযোগ্য ও স্বাধীন তদন্ত করা এবং জাতীয় পর্যায়ে দুষ্কৃতকারীদের শাস্তি নিশ্চিত করা।
আমরা বাংলাদেশের উভয় পক্ষের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে তাঁদের নিজ দায়িত্ব পালন এবং তাঁদের প্রভাব খাটিয়ে অবিলম্বে সহিংসতা বন্ধ করা এবং সংলাপের মাধ্যমে সংকটের সমাধান খুঁজে বের করার আহ্বান পুনর্ব্যক্ত করছি।