১৯৭১ সালে যেসব মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাঁদের কেউই ব্যক্তিগত সুবিধার কথা ভাবেননি। প্রকৃত মুক্তিযোদ্ধারা এখনো ভাবেন না। কিন্তু জাতির শ্রেষ্ঠ এই সন্তানদের নাম ভাঙিয়ে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা হাতিয়ে নিচ্ছেন; এটা খুবই দুর্ভাগ্যজনক।
‘ভুয়া সনদে দুই ভাইয়ের চাকরি’ শিরোনামে গত ২৩ মে প্রথম আলোতে যে প্রতিবেদন প্রকাশিত হয়, তাতে দেখা যায়, প্রশাসনের উচ্চপদে আসীন এক ব্যক্তি ওই দুই ভাইয়ের চাকরি পাওয়ার ব্যবস্থা করেছেন তাঁদের বাবাকে মুক্তিযোদ্ধা সাজিয়ে। অথচ ওই দুই ভাইয়ের স্বীকারোক্তি এবং প্রথম আলোর অনুসন্ধানে বেরিয়ে এসেছে, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না।
এ ব্যাপারে এক ভাই মনিরুজ্জামান কম্পিউটারের ভুলকে দায়ী করলেও অপর ভাই মইনুল ইসলামের দাবি, প্রশাসন ক্যাডারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা তাঁর বাবার নামে ভুয়া সনদ এবং তাঁর জন্য চাকরির ব্যবস্থা করে দিয়েছেন এই শর্তে যে, তিনি ওই কর্মকর্তার আত্মীয়কে অবৈধ মালামাল পাচারে সহায়তা করবেন। তিনি বর্তমানে যশোরের বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার হিসেবে কাজ করছেন।
ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে সরকারি চাকরি নেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। পত্রিকার খবর অনুযায়ী, সম্প্রতি অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। এই নির্বাচনে পরাজিত প্রার্থীরা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে নির্বাচিত অন্তত দুজন কর্মকর্তার বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ করেছেন। এসব কিসের আলামত?
দীর্ঘদিন থেকেই মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ব্যবসা ও প্রতারণা চলে আসছে। কিন্তু বিষয়টি যাঁদের দেখার, তাঁরা কর্ণপাত করছেন বলে মনে হয় না। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় চাকরি পাওয়া সরকারি কর্মকর্তারা যখন নিজেই স্বীকার করছেন যে তাঁদের বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না, তখন দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন নয়। প্রশাসনের কোন শীর্ষ কর্মকর্তা তাঁদের প্রলুব্ধ করেছেন, সরকারকেই তা খঁুজে বের করতে হবে। আর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন নিয়ে যে অভিযোগ উঠেছে, তারও সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার।
মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে যাঁরা অন্যায়ভাবে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা হাতিয়ে নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে, এটাই প্রত্যাশিত।