দারিদ্র্য বিমোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর উপার্জনের সামর্থ্য বাড়ানোর মাধ্যমে দারিদ্র্য লাঘবের উদ্দেশ্যে ঋণ প্রদানের উদ্যোগ নিঃসন্দেহে ভালো ও দরকারি। কিন্তু সুব্যবস্থাপনার অভাব ও অনিয়ম-দুর্নীতির কারণে তা যে কিছু লোকের লুটপাটের ব্যবস্থা হয়ে উঠতে পারে, তার প্রমাণ পাওয়া গেল পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) নামের একটি সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার ঋণ প্রদানের চিত্র থেকে।
প্রতিষ্ঠানটি দেশের ২৯১টি উপজেলায় প্রায় পাঁচ লাখ ব্যক্তিকে ঋণ দিয়েছে। গত কয়েক বছরে বিতরণ করা এই ঋণের পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা। তবে প্রতিষ্ঠানটির ঋণ স্থিতি ৪১১ কোটি টাকা। সর্বশেষ হিসাব অনুযায়ী, ঋণ ফেরত দিয়েছেন মাত্র অর্ধেক গ্রাহক। অর্থাৎ, প্রায় আড়াই লাখ ঋণগ্রহীতা টাকা ফেরত দেননি। এমন নয় যে তাঁরা ঋণের অর্থ কাজে লাগিয়ে আয় বাড়াতে পারেননি এবং যেহেতু তাঁরা দরিদ্র তাই তাঁদের ঋণ পরিশোধ করার আর কোনো বিকল্প উৎস নেই। এই ঋণখেলাপিরা আসলে দরিদ্র নন, তাঁরা ঋণ নিয়েছেন খেলাপি হওয়ার উদ্দেশ্যেই।
কারা তাঁরা? কিছু ঋণগ্রহীতা ব্যক্তি নিছকই কাগুজে, বাস্তবে তাঁদের অস্তিত্বই নেই। অর্থাৎ, অনেক ঋণ দেওয়া হয়েছে ভুয়া নাম-ঠিকানার বিপরীতে। তারপর আছেন স্থানীয় প্রভাবশালী লোকজন, টাউট-বাটপার, ঋণ বিতরণকারী মাঠ কর্মকর্তা ও সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তাদের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব।
পিডিবিএফের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া ভুয়া নাম-ঠিকানার বিপরীতে ঋণ দেওয়া কিংবা ঋণ পাওয়ার যোগ্য নন, এমন ব্যক্তিকে ঋণ দেওয়া সম্ভব নয়। দারিদ্র্য বিমোচনের নামে তাঁরা আসলে লুটপাটের স্থায়ী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলেছেন। কিন্তু যতই স্বায়ত্তশাসিত হোক, সব ধরনের জবাবদিহির ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় কিংবা বিদেশি দাতাদের দেওয়া অর্থ লুটপাটের সুযোগ কোনো প্রতিষ্ঠানেরই থাকা উচিত নয়।
পিডিবিএফ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান। এখন যেহেতু প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, বিশেষত এর ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে বহুমুখী অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে, তাই মন্ত্রণালয়ের উচিত বিষয়গুলো তদন্ত করে যথাযথ ও দ্রুত আইনানুগ পদক্ষেপ নেওয়া।
দুর্নীতি দমন কমিশনও এ ব্যাপারে এগিয়ে আসতে পারে।