হাশেম ফুডসের কারখানা ভবনটি অনিয়মের একটি বড় উদাহরণ হয়ে থাকবে। এই ভবনে আগুন লাগার মধ্য দিয়ে আমাদের সামনে এ ধরনের দুর্ঘটনা রোধে সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব পালনে ব্যর্থতা আরও প্রকাশ্য হলো।
আমরা দেখলাম, নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা পর্যায়ে এত বড় বিশাল কারখানা কমপ্লেক্স গড়ে উঠেছে, কিন্তু সেখানে যাওয়ার জন্য রাস্তা খুবই সরু। ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী এ ধরনের বড় ভবনের সামনে ৩০ ফুট চওড়া রাস্তা থাকা উচিত। কিন্তু বাস্তবে সেখানকার রাস্তা ১০ ফুট চওড়া। ফলে আগুন লাগার পর কারখানাটিতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ গাড়ি যথাসময়ে পৌঁছাতে পারেনি।
কারখানাটির ভবন নির্মাণের অনুমতি দিয়েছে ইউনিয়ন পরিষদ। কিন্তু এ ধরনের ভবনের যথাযথ নকশা ও সুরক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত করার মতো জনবল তাদের নেই। বলা হচ্ছে, কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকেও ছাড়পত্র নিয়েছিল। কিন্তু কারখানাটিতে আগুন লাগলে শ্রমিকদের বেরিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয়সংখ্যক সিঁড়ি ছিল না।
একটি কারখানায় কোথায় কোন ধরনের দাহ্য পদার্থ রাখা যাবে, তার একটি পরিকল্পনা ও নকশা অধিদপ্তরের কাছে জমা দিতে হয়। ফায়ার সার্ভিস এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকদের দায়িত্ব ওই নথিগুলো পর্যালোচনা করে অনুমোদন দেওয়া। প্রতিবছর কারখানা পরিদর্শনও করতে হবে। কিন্তু কারখানার কারিগরি ও নিরাপত্তা ব্যবস্থাপনা দেখভাল করার মতো পর্যাপ্ত জনবল এই দুই সংস্থার নেই। ফলে হাশেম ফুডস যেমন ইচ্ছা তেমন করে কারখানা চালিয়েছে। এর পরিণতি এই দুর্ঘটনা।
হাশেম ফুডসের মতো বড় কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণব্যবস্থা থাকা উচিত। এ ধরনের কারখানায় আগুন লাগলে তা প্রাথমিকভাবে নেভানো অথবা নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সরঞ্জাম এবং দক্ষ জনবল থাকার কথা। নিজস্ব সামর্থ্যে কমপক্ষে ১৫ মিনিট আগুন নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা না থাকলে কারখানা চলতে দেওয়াই উচিত নয়। পুড়ে যাওয়া কারখানাটি এসব অনিয়মের মধ্য দিয়েই এত দিন চলেছে।
শুধু সরকারি সংস্থাগুলোকে এককভাবে দায়ী করা ঠিক হবে না। দেশের ব্যবসায়ীদের খাতভিত্তিক সমিতি আছে। তারা সরকারের কাছে বিভিন্ন সময়ে নানা দাবিদাওয়া নিয়ে যায়, সুযোগ-সুবিধা চায়। কিন্তু তাদের সদস্যরা যখন নিয়ম না মেনে কারখানা চালায়, যখন দুর্ঘটনা ঘটে, তখন তারা কোনো দায়িত্ব নিতে চায় না। এই দায়িত্ব তাদের নিতে হবে।
রানা প্লাজা দুর্ঘটনার পর আমরা দেখেছি, তৈরি পোশাক কারখানাগুলোর সুরক্ষা ব্যবস্থাপনায় অনেক উন্নতি হয়েছে। ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের মতো প্রতিষ্ঠান এ খাতে কাজ করেছে। ফলে কয়েক বছরের মধ্যে দেশের বেশির ভাগ তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষ তাদের ভবনগুলোকে সংস্কার করেছে, সুরক্ষা ব্যবস্থাপনা উন্নত করেছে। কিন্তু খাদ্য উৎপাদন, রাসায়নিক দ্রব্যনির্ভর কারখানা এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে এ ধরনের সুরক্ষা ব্যবস্থাপনা নিয়ে আমাদের দেশে খুব বেশি অগ্রগতি নেই।
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো বড় অবকাঠামো তৈরি হচ্ছে। এ ধরনের নতুন প্রযুক্তি ও রাসায়নিক দ্রব্যনির্ভর প্রতিষ্ঠানগুলোতে কোনো অগ্নিকাণ্ড ঘটলে তা কীভাবে নিয়ন্ত্রণে আনা হবে, সেই প্রশ্ন কিন্তু এখন আমাদের সামনে এল। দেশের অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন (২০০৩) এবং এই আইনের বিধিমালায় এ ধরনের রাসায়নিক দ্রব্যের উল্লেখ পর্যন্ত নেই। ফলে আইন ও বিধি হালনাগাদ করতে হবে।
অগ্নিকাণ্ড যাতে না ঘটে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোতে আলাদা পরিদর্শন ইউনিট গড়ে তুলতে হবে। সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর পুনর্গঠনও জরুরি। আর বেসরকারি খাতকে তাদের নিজস্ব সংগঠনের মাধ্যমে জবাবদিহির আওতায় আনতে হবে।