দিনদুপুরে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনদুপুরে আবু বকর সিদ্দিকের অপহরণের ঘটনাটি অস্বাভাবিক ও অত্যন্ত উদ্বেগজনক। তিনি ম্যাগসাইসাই পুরস্কারজয়ী পরিবেশবাদী কর্মী, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী। রিজওয়ানা পুলিশকে বলেছেন, তাঁর পেশাগত কাজের কারণে কিছু প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠী তাঁর ওপর ক্ষুব্ধ; তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে অপহরণ করেছে তাদেরই কেউ। যদিও এটা তদন্তসাপেক্ষে নিশ্চিত করার বিষয়, তবু রিজওয়ানার এমন সন্দেহের অবকাশ যে ঘটেছে, সেটাও যারপরনাই উদ্বেগের বিষয়। তবে কি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশে জনস্বার্থে কোনো সামাজিক আন্দোলন করাও আর নিরাপদ নয়?
বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকার অদূরে ফতুল্লার ভুঁইগড়ে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক থেকে আবু বকর সিদ্দিককে অপহরণের যে বিবরণ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে এ দেশের মানুষের ন্যূনতম নিরাপত্তা নেই। প্রকাশ্য দিনের আলোয় কতিপয় সুঠামদেহী, ছোট চুলের লোক আগ্নেয়াস্ত্রের মুখে আবু বকর সিদ্দিককে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। তিনি তাঁর ব্যক্তিগত কারে ছিলেন, অপহরণকারীরা তাঁর গাড়িটিকে মাইক্রোবাস দিয়ে ধাক্কা দিয়ে তাঁকে গাড়ি থেকে নামার পরিস্থিতি সৃষ্টি করে। তারপর জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। তিনি ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করে লোকজনের সাহায্য প্রার্থনা করেছেন, কিন্তু সশস্ত্র অপহরণকারীদের ভয়ে কেউই তাঁকে সাহায্য করতে এগিয়ে যায়নি। দৃশ্যত কত অনায়াসে যেকোনো ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়া যায়, এটি তারই এক প্রত্যক্ষ উদাহরণ। লক্ষণীয় বিষয়, অপহরণকারীরা আবু বকর সিদ্দিকের দুটো মুঠোফোন তাঁর গাড়িতেই ফেলে গেছে; বৃহস্পতিবার সন্ধ্যায় এ সম্পাদকীয় লেখা পর্যন্ত তারা কোনো মুক্তিপণ দাবি করেনি। রিজওয়ানা নিজেও পুলিশকে বলেছেন, তাঁদের এত টাকাপয়সা নেই যে কেউ মুক্তিপণ চাইতে তাঁর স্বামীকে অপহরণ করবে।
কারা কী উদ্দেশ্যে আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে গেছে, তা জানার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের। পুলিশ ও গোয়েন্দা বিভাগ রিজওয়ানা হাসানের বক্তব্যগুলো থেকে অনুসন্ধানের সূত্র খুঁজে পেতে পারে। তবে এই মুহূর্তের সবচেয়ে জরুরি কাজ আবু বকর সিদ্দিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া। গতকাল ‘উদ্বিগ্ন নাগরিকবৃন্দের’ ব্যানারে এক সংবাদ সম্মেলনে বিশিষ্ট নাগরিকেরাও আবু বকর সিদ্দিককে দ্রুত ও অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেছেন, উদ্ধার-অনুসন্ধানে এখনো কোনো অগ্রগতি নেই, কিন্তু সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। প্রতিটি গুরুতর অপরাধের ঘটনার পরপরই সরকারের পক্ষ থেকে এ ধরনের কথা শোনা যায়; আমরা অতি দ্রুত সরকারের সর্বোচ্চ চেষ্টার সুফল দেখতে চাই।
আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত পরিবেশবাদী ও অধিকারকর্মী সৈয়দা রিজওয়ানা হাসানের জনস্বার্থমুখী কর্মতৎপরতার সঙ্গে তাঁর স্বামীর অপহরণের ঘটনাটির কোনো সম্পর্ক যদি সত্যিই থেকে থাকে, তাহলে এই গুরুতর ফৌজদারি অপরাধের আরেকটি বড় উদ্বেগজনক তাৎপর্য এই যে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষাসহ সব ধরনের সামাজিক আন্দোলনই আজ গুরুতর হুমকির মুখে। এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।