
রাজনীতিতে এত বিরোধ সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পরস্পরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে উঁচু মানের রাজনৈতিক সংস্কৃতির পরিচয় দিয়েছেন। সব সময়ই দেন, কিন্তু এ বছর, একতরফা নির্বাচনের পর, একটু ভিন্ন পরিস্থিতি। গণতন্ত্রের জন্য এটা ভালো লক্ষণ। নববর্ষের প্রথম দিন, পয়লা বৈশাখে ঢাকাসহ দেশের প্রায় সবখানেই উৎসবের আমেজ দেখা গেছে। দলমত, ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সমারোহ সবার দৃষ্টি কেড়েছে। রাজনৈতিক উত্থান-পতনের মধ্যেও নববর্ষের উৎসব সবাইকে এক করেছে, এর চেয়ে বড় আর কী হতে পারে।
বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করায় সংসদে তাদের প্রতিনিধিত্ব নেই। সংসদে কাগজে-কলমে বিরোধীদলীয় নেত্রী এখন রওশন এরশাদ। এর পরও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থ অবস্থান নিয়েছেন। দেশে বিতর্কিত নির্বাচনের পর যে সংকট দেখা দিয়েছে, তা স্বীকার না করলেও খালেদা জিয়াকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মূলত এটাই বুঝিয়ে দিলেন যে বিএনপিকে তিনি দেশের প্রধান বিরোধীদলীয় রাজনৈতিক শক্তি হিসেবে দেখেন। এর বিশেষ রাজনৈতিক তাৎপর্য রয়েছে। কারণ, বিরাজমান রাজনৈতিক সংকট দূর করার জন্য এই দুই দলের মধ্যে একটি সমঝোতা হতে হবে।
ভাবমূর্তির সংকট এখন দুই দলের সামনে বড় সমস্যা। বিএনপির সমস্যা হলো ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে না পারা। আর আওয়ামী লীগের সমস্যা, ওই নির্বাচনে কার্যকর কোনো বিরোধী দলের উপস্থিতি নিশ্চিত করতে না পারা। একই ঘটনার দুই পিঠে দুই দলের ভাবমূর্তি নিষ্প্রভরূপে প্রতিভাত হওয়ায় এক অভাবনীয় পরিস্থিতির মুখে এখন বাংলাদেশ। কে কার আগে নিজের ভাবমূর্তি জনগণের সামনে উজ্জ্বলতর করতে পারে, তার ওপর দেশের ভবিষ্যৎ রাজনীতি অনেকখানি নির্ভর করছে।
৫ জানুয়ারি নির্বাচন প্রতিহত ও সরকার পতনের আন্দোলনে সফল না হওয়ায় একদিকে যেমন দলের মধ্যে হতাশা নেমেছে, অন্যদিকে দলীয়প্রধান খালেদা জিয়াকে ‘আপসহীন নেত্রী’ হিসেবে দাবি করার ভিত্তিও অনেকটা দুর্বল হয়ে গেছে। এ রকম অবস্থায় দলের মধ্যে বিভ্রান্তি ও একে অপরের ওপর দোষারোপের প্রবণতা বেড়েছে। ঢাকা মহানগরে আন্দোলনের মাঠে বিএনপির কর্মীদের খুব দুর্বল উপস্থিতি নিয়ে দলের মধ্যে কথা উঠেছে। এই অচলাবস্থা বিএনপি এখনো কাটিয়ে উঠতে পারেনি।
এরই মধ্যে লন্ডন থেকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে এক হাস্যকর পরিস্থিতির জন্ম দিয়েছেন। কিন্তু খালেদা জিয়া তাঁর ছেলের কথায় সায় দেওয়ায় দলের ভাবমূর্তির আরও ক্ষতি হয়েছে।
অন্যদিকে তারেক রহমানের দাবির প্রতিক্রিয়ায় চূড়ান্ত অসহিষ্ণুতা দেখিয়ে আওয়ামী লীগের নেতারাও নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। তাঁদের অনেকের কথার ভাষায় রুচির অভাব এবং তাতে যুক্তির দুর্বলতা থাকায় মানুষ দলটির সমালোচনা করছে।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে বিএনপিকে শোচনীয়ভাবে পরাজিত করে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু পাঁচ বছরে সেই জনপ্রিয়তা কমতে থাকে। বিএনপি সরকার পতনের আন্দোলন না করে যদি একটু কৌশলী হতে পারত, তাহলে আওয়ামী লীগের টিকে থাকা খুব মুশকিল ছিল। গত সেপ্টেম্বর-ডিসেম্বর সময়কালে বিএনপির অবিবেচনাপ্রসূত ধ্বংসাত্মক রাজনীতি এক অর্থে আওয়ামী লীগের জন্য আশীর্বাদই হয়েছে। আওয়ামী লীগের কার্যকলাপে বেশ বিরক্ত হলেও সরকার পতনের আন্দোলন থেকে মানুষ দূরে সরে গেছে। তার রেশ এখনো চলছে।
নির্বাচনের আগের মুহূর্তে সরকারকে শেষ ধাক্কা দেওয়ার জন্য বিএনপি ২৯ ডিসেম্বর তারিখটি বেছে নিয়েছিল। কিন্তু সেদিনের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি সফল হওয়ার লক্ষণ না দেখে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর বাসার সামনে অবরোধ সৃষ্টিকারী পুলিশ সদস্যদের ‘গোপালি’ বলে বকাবকি করে বেশ সমালোচিত হয়েছিলেন। কোনো ব্যক্তিকে তাঁর জন্মস্থান নিয়ে অপমান করলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এটা না বোঝার কোনো কারণ নেই।
অন্যদিকে আওয়ামী লীগের সমস্যা হলো তারা, এমনকি তাদের এমন বশংবদ এরশাদের জাতীয় পার্টিকে পর্যন্ত বিরোধী দল হিসেবে
দেখাতে পারল না। ফলে ৫ জানুয়ারি বিতর্কিত নির্বাচনের বোঝা নিয়ে এখনো তাদের চলতে হচ্ছে। উপরন্তু ছাত্রলীগ ও যুবলীগসহ দলীয় নেতা-কর্মীদের চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস দলের জন্য বোঝা হয়ে উঠেছে। দলকে কঠোর হতে হবে। এ না হলে এ ধরনের ঘোরচক্কর থেকে দলকে বের করে আনা কঠিন।
এখন প্রশ্ন হলো, দেশের প্রধান দল দুটি কীভাবে নিজেদের ভাবমূর্তির সংকট কাটিয়ে উঠবে। এ জন্য যুক্তিসংগত সিদ্ধান্ত ও পদক্ষেপ এখন দুই দলের জন্যই সবচেয়ে জরুরি। বিএনপির ওপর সরকার ও প্রশাসনের চাপ রয়েছে। তাদের কেন্দ্রীয় নেতাদের বারবার বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। এর বিরুদ্ধে নিশ্চয়ই আন্দোলন করতে হবে। কিন্তু কী ধরনের আন্দোলন? কয়েক দিন আগে বিএনপি ঘোষণা করেছে যে তারা জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো আন্দোলনের পথে যাবে না। এটি তাদের দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে সাহায্য করবে। নির্বিচার হরতাল-অবরোধ-জ্বালাও-পোড়াও-মানুষ হত্যার রাজনীতি মানুষ চায় না। এ বিষয়ে বিএনপির একটি সুস্পষ্ট ঘোষণার প্রয়োজন ছিল। তারা তা দিয়েছে। এখন দেখতে হবে তাদের কথা ও কাজে মিল থাকে কি না।
অতীতে বিভিন্ন সময় আওয়ামী লীগকেও ক্ষমতাসীনদের রাজনৈতিক নির্যাতন, জেল-জুলুম সহ্য করতে হয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও জেলখানার ভেতরে জাতীয় চার নেতাকে হত্যার নির্মম ঘটনাবলির পর বলতে গেলে আওয়ামী লীগকে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়ার অভিযান চলেছিল। তার পরও ১৯৭৯ সালে আওয়ামী লীগ বিএনপির অধীনে নির্বাচন করে ৩৯টি আসন পায়। নির্বাচনের পর সামরিক শাসন প্রত্যাহার করা হয়। প্রতিকূল শর্তেও নির্বাচনে যাওয়ার এই কৌশল তাদের ধীরে ধীরে রাজনীতিতে শক্তিশালী অবস্থানে ফিরিয়ে আনে।
সেই আমলের সঙ্গে আজকের পরিস্থিতির তুলনা চলে না। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর গত প্রায় দেড় দশকে আমাদের দেশে গণতন্ত্রের ভিত্তি অনেক মজবুত হয়েছে। এ অবস্থায় ৫ জানুয়ারি অনুষ্ঠিত একতরফা নির্বাচনের ফলে সৃষ্ট সংকট কাটিয়ে উঠতে দুই দলকেই আলোচনায় বসতে হবে। ঠিক কোন কোন শর্তে সমঝোতা হতে পারে, সেটা দুই দলই ভালো বুঝবে। বাইরে থেকে আমরা শুধু এটুকু বলতে পারি যে সমঝোতা না হলে গণতন্ত্রের বিপদ ঘনীভূত হওয়ার আশঙ্কা থাকবে।
কিন্তু আগামী দিনের রাজনীতি কোন পথে যাবে, তা নির্ভর করে দুই দল বাস্তবতা বিচার করে সিদ্ধান্ত নেয় কি না, তার ওপর। যেসব কারণে দুই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে ও হচ্ছে, সেগুলো আগে দূর করতে হবে। যেমন, আওয়ামী লীগ যদি তাদের দলীয় লোকজনের যেকোনো অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করে, তাহলে তাদের গ্রহণযোগ্যতা হয়তো বাড়বে। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক পক্ষের নেতা-কর্মীদের হাতে অপর পক্ষের এক নেতা খুন হয়ে যাওয়ার পর কয়েকজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলেও, সরকারের প্রশাসন অভিযুক্তদের মাত্র দুজনকে গ্রেপ্তার করেছে। সব অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নিয়ে সরকারের নীতিগত অবস্থান পরিষ্কার করা দরকার। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের যেসব নেতা-কর্মী সন্ত্রাস করে বেড়ান, তাঁদের সম্পর্কে সবাই মোটামুটি জানেন। সেই সব চিহ্নিত নেতা-কর্মীর প্রতি সরকার কি কোনো চূড়ান্ত সংকেত দিতে পেরেছে? যদি দিত তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে এত দলবাজি, এত খুনখারাবি হতে পারত না।
অন্যদিকে বিএনপি যদি তাদের বিগত অন্তত ছয় মাসের রাজনৈতিক কর্মসূচির ভালোমন্দ বিচার-বিশ্লেষণের পদক্ষেপ নিত, তাহলে তাদের দলীয় ভাবমূর্তি অনেক উজ্জ্বল হতো। মানুষও স্বস্তি পেত। কারণ, সহিংস পথে সরকার উচ্ছেদের সনাতন আন্দোলনের পদ্ধতিতে পরিবর্তন দরকার কি না বা আন্দোলনে নতুন মাত্রা যোগ করার উপায় কী হতে পারে, ইত্যাদি নিয়ে বিএনপির চিন্তাভাবনার অনেক অবকাশ রয়েছে।
দুই দল দুই পথে চলবে, কিন্তু তার পরও গণতন্ত্র, নির্বাচন ও দেশ পরিচালনার কতগুলো মৌলিক বিষয়ে তারা কতটা কাছাকাছি আসতে পারে, তার ওপরই নির্ভর করছে আগামী দিনে রাজনীতির গতিধারা। দুই দল দূরে সরছে, না কাছে আসছে—তার ওপর মানুষ বিশেষ দৃষ্টি রাখবে। সহিংসতা বর্জন ও নিয়মতান্ত্রিক আন্দোলনের কৌশল মানুষ সাগ্রহে গ্রহণ করবে।
আব্দুল কাইয়ুম: সাংবাদিক।
[email protected]