
বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ৭২ ঘণ্টার হরতাল দিতে পারতেন। নিদেনপক্ষে অবরোধ দিলেই বা কার কী বলার ছিল? কিন্তু তিনি এর কোনোটাই করেননি। প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকার গঠনের জন্য আলোচনার প্রস্তাবের উত্তরে তিনি নির্দলীয় সরকার গঠনের বিকল্প একটি প্রস্তাব দিয়েছেন। অর্থাৎ দুটি প্রস্তাব এখন আমাদের সামনে। কোনটি গ্রহণযোগ্য? এ নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।
পাশাপাশি আরেকটি সুখবর এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার ও দেশের বিদ্যমান সংকট নিয়ে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে কথা বলার আভাস দিয়েছেন। টেলিফোনে বা অন্য কোনো প্রক্রিয়ায় তিনি কথা বলবেন। সাম্প্রতিককালে এ রকম ঘটনা ঘটেনি। কোথাও দেখা, টুকটাক কথা হয়েছে। কিন্তু জরুরি জাতীয় বিষয় নির্ধারণ করে আলোচনা? এটা কি ভাবা যায়? শুধু তা-ই নয়, গণতন্ত্রের স্বার্থে ‘সর্বোচ্চ’ ছাড় দিতেও প্রস্তুত বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার প্রস্তাব যে খুব দুর্বল, তাতে সন্দেহ নেই। তিনি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আবারও জোরেশোরে সামনে এনে জানিয়ে দিলেন যে তাঁর কথার নড়চড় হবে না। কিন্তু সাবেক দুটি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে বাছাইয়ের যে প্রস্তাব তিনি করেছেন, তা শুধু রাজনৈতিক কারণেই নয়, বাস্তব কারণেও প্রায় অসম্ভব। যাঁরা ১৯৯৬ ও ২০০১ সালে উপদেষ্টা ছিলেন, তাঁদের কেউ কেউ এখন প্রয়াত, দুজন দুই নির্বাচনেই উপদেষ্টা ছিলেন, অনেকের বয়সসীমা অতিক্রান্ত। কেউ হয়তো এখন আর উপদেষ্টা হতে রাজি না। অবশিষ্ট ১২-১৩ জনের মধ্য থেকে দুই জোটের পছন্দের অন্তত পাঁচজন করে উপদেষ্টা খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ। তারপর আছে দুই দলের সমঝোতায় প্রধান উপদেষ্টা নির্ধারণ। সংগত কারণেই এটি একটি অবাস্তব প্রস্তাব।
উপরন্তু, খালেদা জিয়ার প্রস্তাব মানতে হলে সংবিধান সংশোধন করতে হবে। সরকারের মেয়াদ-সায়াহ্নে এটা কি সম্ভব? সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারটি হতে হবে নির্বাচিত ব্যক্তিদের নিয়ে। কিন্তু বিএনপি চাইছে নির্দলীয় সরকার। বিশেষভাবে, ওই সরকারের প্রধান। তাঁকে অবশ্যই নির্দলীয় হতে হবে। এ না হলে বিএনপি নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। নির্বাচিত নির্দলীয় ব্যক্তি আমরা কোথায় পাব?
যদি প্রধানমন্ত্রী ও খালেদা জিয়া দুজনের প্রস্তাব একই সঙ্গে রক্ষা করতে হয়, তাহলে অন্তত ১১ জন নির্দলীয় সাংসদ থাকতে হবে। তাঁদের আবার এমন হতে হবে, যেন তাঁরা দুই পক্ষের কাছেই গ্রহণযোগ্য হন। এমন সোনার পাথরের বাটি অবাস্তব কল্পনা ছাড়া আর কিছুই না।
অবশ্য সংবিধান সংশোধন না করেও নির্দলীয় সরকার গঠনের একটি সম্ভাবনার দরজা বিএনপির চেয়ারপারসন খোলা রেখেছেন। সমঝোতার ভিত্তিতে নির্দলীয় উপদেষ্টাদের পরোক্ষ উপায়ে নির্বাচিত করিয়ে আনার কথা তিনি বলেছেন। কিন্তু এ রকম করার জন্য যথেষ্ট সময় হাতে নেই, কারণ, সরকার তার মেয়াদের শেষ প্রান্তে পৌঁছে গেছে। আর তা ছাড়া সরকারি দলের রাজি হওয়া-না হওয়ার প্রশ্ন তো আছেই।
তাই আমাদের সামনে উত্তরবিহীন এক সারি প্রশ্ন। আওয়ামী লীগ আর ছাড় দেবে কি না। কতটা ছাড় দিলে বিএনপি নির্বাচনে আসবে। অন্তর্বর্তী সরকারের প্রধানের পদ বিসর্জন দিতে শেখ হাসিনা রাজি হবেন কি না। নির্বাচনের সময় সংসদ ভেঙে দেওয়া হবে কি না ইত্যাদি। এর কোনোটারই সুস্পষ্ট উত্তর কারও জানা নেই।
তাহলে কি দুই নেত্রী সর্বনাশা পথে হাঁটবেন? সব দলের অংশগ্রহণে নির্বাচনের আশা নেই? রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অন্তর্বর্তী সরকারের প্রধান যে শেখ হাসিনাই হবেন, সে কথা বেশ দৃঢ়তার সঙ্গেই বলেছেন। আবার পরক্ষণেই এটাও বলেছেন, ‘তবে প্রধানমন্ত্রী চাইলে অন্য কিছু হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর।’ (প্রথম আলো, ২১ অক্টোবর, ২০১৩)।
ঈদের আগে চ্যানেল আইয়ের সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছিলেন, নির্বাচনের সময় সংসদ অথবা সাংসদেরা তাঁদের পদে থাকবেন না, এমন ঘোষণা প্রধানমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করতে পারেন। সে রকম কিছু অবশ্য প্রধানমন্ত্রী এখনো বলেননি। যদি না-ই বলবেন, তাহলে এইচ টি ইমাম হঠাৎ করে ওরকম সম্ভাবনার ইঙ্গিত কেনই বা দিতে যাবেন।
এর সঙ্গে আমরা যদি মেলাই প্রধানমন্ত্রীর ব্যক্ত ইচ্ছা যে তিনি বিএনপি-প্রধানের সঙ্গে কথা বলবেন, তাহলে দৃশ্যপট বদলে যাওয়ার সম্ভাবনা থাকে। সব মিলিয়ে বলা যায়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরও কিছু ছাড় দেওয়ার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। কারণ, তিনি সব দলের অংশগ্রহণে নির্বাচন চান। জাতির উদ্দেশে ভাষণেও তিনি এ কথা বলেছেন। যদি তা-ই হয়, তাহলে তাঁকে ভাবতে হবে, আরও কী করলে বিএনপি নির্বাচনে আসবে।
এদিকে নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়ে যাচ্ছে। স্বাভাবিক প্রক্রিয়ায় সরকারের মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিন শুরু হবে ২৭ অক্টোবর থেকে। আগামী বছরের ২৫ জানুয়ারির আগেই নির্বাচন হতে হবে। সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, জানুয়ারির প্রথম দিকে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং মধ্য জানুয়ারিতে নির্বাচিত নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে।
আমরা আশা করব, ২৭ অক্টোবরেই প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা দেবেন। কারণ, ওই তারিখ থেকেই নির্বাচনী অধ্যায় শুরু। প্রধান নির্বাচন কমিশনারের নিশ্চুপ থাকার কোনো সুযোগ নেই। অন্তত একটি তারিখ দিয়ে জানানো উচিত নির্বাচনী তফসিল কবে ঘোষণা করা হবে, কবে নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র দাখিল প্রভৃতি সময়সূচি ঘোষণা করা হবে। তিনি অবশ্য বলেছেন যে নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে। কিন্তু সুনির্দিষ্ট তারিখ ছাড়া এসব কথার কোনো দাম নেই।
তিনি কেন ২৭ অক্টোবরেই ঘোষণা দিয়ে বলুন না যে নভেম্বরের ১৫ বা ২০ তারিখে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে? তারিখটা নভেম্বরের মাঝামাঝি হওয়াই বাঞ্ছনীয়। কারণ, এরপর নির্বাচনের জন্য প্রয়োজনীয় ৪৫ দিন হাতে রাখা যায়। তাহলেই তো আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন শেষ করে মধ্য জানুয়ারিতে নতুন নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করতে পারে।
এ রকম একটা সুনির্দিষ্ট তারিখ প্রয়োজন। বর্তমান অচলাবস্থা কাটানোর জন্য তখন প্রধানমন্ত্রী বলতে পারেন যে তফসিল ঘোষণার দিন থেকে সংসদ বিলুপ্ত হবে অথবা সাংসদেরা স্বপদে থাকবেন না। আমাদের দেশে সংসদ বহাল রেখে নির্বিঘ্নে নির্বাচন করা ও সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা অর্জনের সম্ভাবনা প্রায় শূন্য। এটা না বোঝার কোনো কারণ নেই। সুতরাং প্রধানমন্ত্রী যদি আন্তরিকভাবেই বিএনপিকে নির্বাচনে আনতে চান, তাহলে এটুকু অবশ্যই করতে হবে।
এরপর বিএনপিকে ভেবে দেখতে হবে, তারা আলোচনায় বসতে পারে কি না। অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, বিএনপির কয়জন মন্ত্রী থাকবেন, কোন কোন মন্ত্রণালয় তাঁদের দায়িত্বে থাকবে—এসব নিয়ে দর-কষাকষির সুযোগ বিএনপির নেওয়া উচিত।
দুই পক্ষকে আলোচনায় অবশ্যই বসতে হবে। নির্বাচন বর্জন করতে হলেও বিএনপিকে দেখাতে হবে যে ওরা আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছে। আবার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনে যেতে হলেও আওয়ামী লীগকে সংলাপে যেতে হবে। উভয় পক্ষের দিক থেকে কৌশলগত কারণেও এই আলোচনা হওয়া দরকার।
আওয়ামী লীগের কেউ হয়তো ভাবতে পারেন, বিএনপি নির্বাচনে এলে ভালো, না এলে আরও ভালো। কেন? কারণ, বিএনপিবিহীন নির্বাচনে নাকি আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দেবে। আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের এত বড় ভুল করা উচিত হবে না। এরশাদের আমলে বিএনপিকে বর্জনের পথে ঠেলে দিয়ে ১৯৮৬ সালের নির্বাচন করে আওয়ামী লীগ দারুণ ভুল করেছিল। এর মূল্য দিতে হয়েছিল ১৯৯১ সালের নির্বাচনে। তাদের শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছিল।
আবার ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগকে বর্জনের দিকে ঠেলে দিয়ে একা নির্বাচন করে বিএনপি নিজের সর্বনাশ নিজে ডেকে এনেছিল। পরিণামে তাদের শোচনীয় পরাজয় বরণ করতে হয় ওই বছরেই ১২ জুনের নির্বাচনে।
ইতিহাসের এই শিক্ষাগুলো কি বিএনপি ও আওয়ামী লীগ এত সহজে ভুলে যেতে পারে?
আব্দুল কাইয়ুম: সাংবাদিক।
[email protected]