দুই নেত্রীর কাছে অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলের ক্ষমতা দখলের রাজনীতিতে যে ধ্বংসযজ্ঞ এবং সাধারণ মানুষের যে মৃত্যুর মিছিল শুরু হয়েছে, তা পত্রিকার পাতা এবং টিভির খবর দেখে আমি নিশ্চিত, চোখের জল কেউ ধরে রাখতে পারবে না। গত ২৮ নভেম্বর শাহবাগে শিশুপার্কের সামনে চলন্ত বাসে দুর্বৃত্তদের আগুনে ১৯ জন সাধারণ মানুষ অগ্নিদগ্ধ হয়েছে এবং দুজন মারা গেছে। সেই সঙ্গে ঝরে গেছে দুটি পরিবারের স্বপ্ন। এসব পরিবারের দায়ভার কে নেবে? বাকি ১৭ জন মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে।

যাত্রীসহ চলন্ত বাসে আগুন দেওয়া, আগুনে পুড়ে সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যু, শিক্ষাব্যবস্থা অচল, অচল ব্যবসাপ্রতিষ্ঠান, রেললাইনের স্লিপার তুলে ফেলা—এর নাম কি রাজনীতি? এ ক্ষমতার লড়াইয়ের রাজনীতিতে কত সাধারণ মানুষের প্রাণ অকালে ঝরে যাচ্ছে? তার হিসাব কি দুই নেত্রী কষে দেখেছেন? যেসব সাধারণ মানুষ রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে অকালে ঝরে যাচ্ছে, সেসব সাধারণ মানুষের ভোটেই তো আপনারা ক্ষমতায় এসেছেন বা আসবেন। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কেন আপনারা দিতে পারবেন না? প্রধান দুই দলের প্রধান দুই নেত্রীর কাছে অনুরোধ করছি, আপনারা এ ক্ষমতা দখলের লড়াই বন্ধ করুন। আমাদের শান্তিতে বসবাস করতে দিন। আজ আমাদের দেশের রাজনীতির খেলার প্রতি আমার ঘৃণা ধরেছে, এ ধ্বংসযজ্ঞ চলতে থাকলে দিন দিন এ সংখ্যা আরও বাড়তেও পারে।

টিটু দাস

অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।