দুই নেত্রীর কাছে খোলা চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় বলে দিচ্ছে, রাজনীতিবিদেরা এ দেশের জনগণকে নিয়ে সর্বদা খেলা আর তামাশা করছেন। একজন সচেতন নাগরিক হিসেবে বলতে চাই, যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়কের দাবি আদায় করার জন্য দেশব্যাপী তুমুল আন্দোলন, ১৭৩ দিন হরতাল আর শত মায়ের কোল খালি করে অবশেষে সংবিধান সংশোধন করে আনা হলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। সত্যিই সেলুকাস এই দেশের রাজনীতিবিদেরা। মাত্র ১৮ বছরের মাথায় যাঁরা এই রূপকার, তাঁরাই বলছেন, এটা অগণতান্ত্রিক। মানুষের জানমাল নিয়ে আর কত তামাশা? আপনারা রাজনীতিবিদ, মঞ্চে গলার রগ ফুলিয়ে আজ এটা দাবি করবেন তো কাল বলবেন ভুল। হায় রে, রাজনীতিকেরা! আজকে বিরোধী দল বলছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চাই। ক্ষমতায় গেলে তারাও আবার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য বলতে পারে, এটা অগণতান্ত্রিক। তাদেরও এর বিপক্ষে যাওয়া বিচিত্র নয়। রাজনৈতিক নেতা-নেত্রীরা ভুলে গেছেন, একদিন তাঁরাই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে সুন্দর মডেল হিসেবে বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করার কথা বলেছিলেন। যা উন্নত বিশ্বে এই তত্ত্বাবধায়কব্যবস্থার গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য এ দেশের রাজনীতিবিদেরা জোর কূটনৈতিক তৎপরতা চালিয়েছিলেন।
সেই নেতা-নেত্রীরা আজ বেমালুম সব ভুলে গেছেন। তবে ভুলে যায়নি আমার মতো আমজনতা। বর্তমান সরকার বলছে, ক্ষমতায় থেকে নির্বাচন করবে। ধরে নিলাম নির্বাচন হলো, বিরোধী দল ক্ষমতায় এল, পরবর্তী নির্বাচন কি বিএনপিকে ক্ষমতায় রেখে করা হবে? নাকি আবারও দাবি তোলা হবে তত্ত্বাবধায়ক সরকারের জন্য? এ নিয়ে খেলছেন আপনারা, আর জিম্মি আমরা, দেশের সাধারণ জনগণ। আসলে যে কিসের জন্য এই খেলা। জনগণের কাছে পরিষ্কার হবে সেদিন যেদিন প্রত্যেক রাজনীতিবিদের আয়-ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশ করা হবে। তখনই এ খেলার পরিণতি দেখতে পারবে জনগণ।
তবে সবার প্রত্যাশা, শীর্ষ দুই নেত্রী আলোচনায় বসে সৃষ্ট সমস্যার একটি গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করবেন।
মোহাম্মদ রুহেল
অ্যাডভোকেট, কুমারপাড়া, সিলেট।