দুই পক্ষকেই ছাড় দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতির দৃশ্যকল
রাজনীতির দৃশ্যকল

আগামী নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে যে বিরোধ দেখা দিয়েছে, তা দেশকে কোথায় নিয়ে যেতে পারে—সেই বিশ্লেষণ করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রীয়াজ। তিন কিস্তির এ ধারাবাহিকের শেষ কিস্তি আজ প্রকাশিত হলো। আগামী নির্বাচনের সময় দেশে কোন ধরনের সরকার থাকবে, তা নিয়ে ২০১১ সালের মাঝামাঝি থেকে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মতপার্থক্যের কারণে যে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তার অবসান করার জন্য এখন হাতে সময় আর বেশি বাকি নেই। রাজনীতিবিদদের বক্তব্য থেকে যে তিনটি সম্ভাব্য পথ বা অবস্থা আমরা দেখতে পাই, তার একটি হলো নির্বাচন না হওয়া। এ ছাড়া রয়েছে সবার অংশগ্রহণে নির্বাচন অথবা বিরোধীদের বাদ দিয়ে নির্বাচন। এই দুই সম্ভাব্য সিনারিও বা দৃশ্যকল্প নিয়ে গত দুই দিন আমরা আলোচনা করেছি। কিন্তু দেশ তৃতীয় পথেই এগোচ্ছে কি না, সেটা আমরা কোন ঘটনা দিয়ে অনুমান করতে পারব? আমরা আগামী দিনগুলোকে তিনটি ভাগে বিভক্ত করেছি: এখন থেকে ২৭ অক্টোবর ২০১৩ পর্যন্ত; ২৭ অক্টোবর ২০১৩ থেকে ২৪ জানুয়ারি ২০১৪ অথবা নির্বাচন পর্যন্ত এবং ২৫ জানুয়ারি ২০১৪-পরবর্তী সময়। আজকের আলোচনা তৃতীয় দৃশ্যকল্প: নির্বাচন না হওয়া বিষয়ে। সেই আশঙ্কা যে একেবারেই অমূলক, তা নয়। এমনকি প্রধানমন্ত্রী ১৬ জুন সংসদে দেওয়া এক বক্তব্যে বিরোধী দলকে উদ্দেশ করে বলেছেন যে ‘আর কোনো অসাংবিধানিক কাউকে [সরকার] আনার চেষ্টা করবেন না। তাতে কারও লাভ হবে না, নির্বাচনই হবে না।’

দেশের রাজনীতি তৃতীয় দৃশ্যকল্পের দিকেই এগোচ্ছে কি না, সেটা ২৭ অক্টোবর ২০১৩ পর্যন্ত ঘটনাপ্রবাহে বোঝার অবকাশ সীমিত। তবে এটা বলা যায় যে প্রথম দৃশ্যকল্পের উপাদান যেসব পদক্ষেপ, সেগুলো নেওয়া হলে তৃতীয় দৃশ্যকল্পের আশঙ্কা থাকবে না। অর্থাৎ নির্বাচনে সবার অংশগ্রহণের জন্য দরকারি পদক্ষেপ ও সমঝোতা প্রতিষ্ঠিত হলে নির্বাচন না হওয়ার প্রশ্নই ওঠে না। এমনকি যদি শেষ মুহূর্তে বিরোধীরা কোনো অজুহাতে নির্বাচন থেকে সরেও দাঁড়ায়, তবু নির্বাচন গ্রহণযোগ্য বলেই বিবেচিত হবে। অন্যদিকে দ্বিতীয় দৃশ্যকল্পের দিকে অগ্রসরমাণ হলে একপর্যায়ে তা তৃতীয় দৃশ্যকল্পে পরিণত হতে পারে। অর্থাৎ বিরোধীদের বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা নির্বাচন না হওয়ার পরিস্থিতি তৈরি করতে পারে। এই অবস্থার সৃষ্টি হয়েছে কি না, সেটা আমরা বুঝতে পারব ২৭ অক্টোবরের পর।
২৭ অক্টোবর ২০১৩, ২৪ জানুয়ারি ২০১৪ ঘটনা: মধ্যস্থতাকারী (দেশি/বিদেশি) ও ব্যবসায়ীদের সংগঠনের প্রচেষ্টার অবসান; এ ধরনের প্রচেষ্টাকে সরকার ও বিরোধীদের প্রত্যাখ্যান; সহিংসতার মাত্রা ও প্রকৃতিতে পরিবর্তন এবং নাটকীয় বৃদ্ধি; উপর্যুপরি হরতাল; নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতার অবসান; নির্বাচনে অংশগ্রহণকারীদের নির্বাচনী প্রচারে অনুৎসাহিত। ক্রীড়নক: রাষ্ট্রপতি; সেনাবাহিনী; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী; আওয়ামী লীগ; বিএনপি; হেফাজতে ইসলাম; গণজাগরণ মঞ্চ; জামায়াতে ইসলামী; জাতীয় পার্টি; জঙ্গি সংগঠন।
২৭ অক্টোবরের পর যদি মধ্যস্থতাকারীরা, দেশের ব্যবসায়ীদের সংগঠনগুলো এবং সিভিল সোসাইটির সদস্যরা তাঁদের সমঝোতা-প্রচেষ্টার অবসানের ইঙ্গিত দেন, তাহলে বুঝতে হবে যে সমাধানের দরজা কার্যত বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে সহিংসতার মাত্রা বাড়ার আশঙ্কাই সবচেয়ে বেশি, সেটা যেমন নির্বাচন বর্জনকারীদের পক্ষ থেকে হতে পারে, তেমনি তা নির্বাচনবহির্ভূত শক্তির পক্ষ থেকেও হতে পারে। সরকার এ ধরনের অবস্থা মোকাবিলায় যতই কঠোর হবে বা হতে বাধ্য হবে, ততই পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পাবে। সহিংসতার কারণ যে নির্বাচনসংশ্লিষ্ট বিষয়গুলোই হতে হবে তা নয়; যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট বিষয় কারণ হিসেবে কাজ করলেও বিস্মিত হওয়ার কারণ নেই।
এই অবস্থায় আমরা প্রধান ক্রীড়নক হিসেবে রাষ্ট্রপতি ও সেনাবাহিনীকে দেখব বলেই অনুমান করা যেতে পারে। প্রস্তুতির দিক থেকে নির্বাচন কমিশনের কার্যক্রম অব্যাহত থাকলেও তাঁর আবেদন ও কার্যকারিতা জনমনে কতটা আস্থার সৃষ্টি করবে তা প্রশ্নসাপেক্ষ।
২৫ জানুয়ারি ২০১৪-পরবর্তী ঘটনা: ২৪ এপ্রিল ২০১৪ পর্যন্ত সাংবিধানিক সরকার, ইতিমধ্যে নির্বাচন না হলে পরবর্তী সময়ে অসাংবিধানিক অনির্বাচিত রাজনৈতিক প্রশাসন। ক্রীড়নক: রাষ্ট্রপতি, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠানসমূহ, জাতিসংঘ।
যেকোনো কারণে নির্বাচন না হলে সাংবিধানিকভাবে দেশ পরিচালনার কী কী ব্যবস্থা রয়েছে? সংবিধানের ১২৩ (৩) ধারা যেমন সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা রেখেছে, তেমনি এ-ও বলা হয়েছে যে যদি সংসদ তার মেয়াদ পূর্ণ করার আগে ভেঙে যায়, তবে নির্বাচন হতে হবে পরবর্তী ৯০ দিনের মধ্যে; সংবিধানের ভাষায়, ‘মেয়াদ-অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পরবর্তী নব্বই দিনের মধ্যে।’ তাহলে যদি ঘটনাচক্রে মেয়াদ শেষ হওয়ার এক দিন আগেও সংসদ ভেঙে দেওয়া হয়, তবে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতার অবসান হবে। কী অবস্থায় রাষ্ট্রপতি সংসদ ভাঙতে পারেন, সেটা অন্য প্রসঙ্গ। ২৪ জানুয়ারির অব্যবহিত আগে এমন ব্যবস্থা নিলে তা সংবিধানের বরখেলাপ হবে কি না, তা আদালতেই হয়তো নির্ধারিত হবে। আমরা আপাতত সে রকম বিবেচনা বাদ রাখতে পারি এই বলে যে আমরা আশা করি, ক্ষমতাসীন ব্যক্তিরা ১২৩ (৩) ধারার উপচ্ছেদ ‘ক’ বাদ দিয়ে ‘খ’ উপচ্ছেদের শরণাপন্ন হবেন না।
সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হলেও ২৪ জানুয়ারি সংসদের মেয়াদ শেষ হবে। তবে মন্ত্রিসভার মেয়াদ শেষ হবে না, প্রধানমন্ত্রী পরবর্তী ৯০ দিন, অর্থাৎ ২৪ এপ্রিল পর্যন্ত স্বপদে বহাল থাকবেন। মিজানুর রহমান খান লিখেছেন, ‘২৪ জানুয়ারি সংসদ বিলুপ্ত হলেও বর্তমান মন্ত্রিসভা নির্বাচন না দিয়ে সর্বোচ্চ ২০১৪ সালের ২৪ এপ্রিল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে। সংসদ ভেঙে গেলে কেবল যুদ্ধের কারণ ছাড়া অন্য কোনো অজুহাতে তাকে জীবিত করা যাবে না। বিলুপ্ত সংসদের যেকোনো সংখ্যক সদস্য দিয়ে রাষ্ট্রপতি চাইলে অন্তর্বর্তী মন্ত্রিসভা পুনর্গঠন করতে পারবেন।’ ফলে রাষ্ট্রপতির হাতে একটা বিকল্প থাকছে, যা দিয়ে সর্বদলীয় সরকার গঠনের। এটাও উল্লেখ করা দরকার যে সে রকম অবস্থায় যে নির্বাচন হবে, তা হবে এখনকার সংবিধানের আওতায়। কেননা, সংবিধান সংশোধনের ইচ্ছা থাকলেও তার কোনো ব্যবস্থা আর বহাল থাকবে না।
প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ২৫ অক্টোবরের পর সংবিধান আর বসবে না, ৭ জুন সংসদে তিনি এমন ঘোষণাই দিয়েছেন। চুলচেরা সাংবিধানিক হিসাবে তারিখটা ২৭ অক্টোবর। কিন্ত এক-দুই দিনের হেরফের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। সংবিধানে প্রতি ৬০ দিনে সংসদের অধিবেশন ডাকার যে বাধ্যবাধকতা, তা এই সময়ে রহিত করা হয়েছে। কিন্তু রাষ্ট্রপতি চাইলে সংসদ অধিবেশন ডাকতে পারবেন না, এমন বিধান নেই। সংসদ তখনো কার্যকর প্রতিষ্ঠান, সদস্যরা তখনো সাংসদ। ফলে ২৪ জানুয়ারি পর্যন্ত নির্বাচন না করে সমঝোতার দরজা খুলে রাখা যেতে পারে; সেটা দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য কতটা ইতিবাচক, সে প্রশ্ন ভিন্ন। তবে সেই দরজা আর ২৫ জানুয়ারিতে খোলা থাকবে না। তার পরের ৯০ দিনের মধ্যে নির্বাচন আবারও বাধ্যতামূলক। তাতে বিরোধীরা অংশ নেবে, এমন মনে করার কোনো কারণ দেখি না। ১৯৯৫ সালের ২৪ নভেম্বর চতুর্থ সংসদ ভেঙে দেওয়ার পর এ রকম বাধ্যবাধকতার মুখেই ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারিতে একদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল; নির্বাচন কমিশনের কাগজপত্রে ৪২টি দল অংশ নিয়েছিল বলে যতই হিসাব থাকুক, প্রধান বিরোধী দলসমেত প্রতিনিধিত্বশীল দলগুলো তাতে অংশ নেয়নি, আমাদের তা ভোলার সুযোগ নেই।
নির্বাচন না হওয়ার যে দৃশ্যকল্প, তাতে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন না করে সংবিধান মেনে ৯০ দিন কাটানোর ব্যবস্থা রয়েছে। কিন্তু সেই সময়ের পর রাষ্ট্রপতিকে বড় ধরনের ভূমিকা নিতে হবে এবং সম্ভবত সেনাবাহিনীকেও আইনশৃঙ্খলার জন্য দায়িত্ব পালন করতে হতে পারে, সেটা রাজনৈতিক রূপ নেবে কি না, সেটা নির্ভর করবে রাজনৈতিক প্রক্রিয়ার ওপর এবং সরকার ও বিরোধীদের মনোভাবের ওপর।
উপসংহার: যেকোনো সময়েই রাজনৈতিক প্রক্রিয়ার ভবিষ্যৎ নিশ্চিত করে বলা অসম্ভব, অস্থির সময়ে তা আরও দুরূহ। দেশের সামনের দিনগুলো নিয়ে যে সম্ভাব্য তিনটি দৃশ্যকল্পের কথা এখানে আলোচিত হয়েছে, তার সব ঘটনা ঠিক এভাবেই ঘটবে, তা মনে করার কারণ নেই, সেটা বলাও আমার উদ্দেশ্য নয়। মোটাদাগে এগুলোর বৈশিষ্ট্যগুলো তুলে ধরার চেষ্টাই মুখ্য। অর্থনীতি ও আন্তর্জাতিক ঘটনা প্রবাহের সম্ভাব্য প্রভাব বিবেচিত হয়নি, বিবেচিত হয়নি অভাবনীয় কোনো ঘটনার বিষয়ও। কিন্তু আগামী দিনগুলোর রাজনীতির যে সম্ভাব্য তিনটি দৃশ্যকল্প বা পথের আলোচনা করলাম, তাতে বোঝা যায় যে রাজনৈতিক পরিস্থিতি সাংবিধানিক সংকটে রূপ নিতে চলেছে; আর তা মোকাবিলার পথ হচ্ছে অবিলম্বে আলোচনার দরজা খুলে দেওয়া। ২৭ অক্টোবরের আগেই পথ খুঁজে বের করতে হবে। গত দুই বছরে এ কথা বহুবার বলা হয়েছে। দেশের রাজনীতিবিদেরা তাতে কর্ণপাত করেননি; ভবিষ্যতে করবেন, এমন আশাবাদী হওয়ার সুযোগ দেখি না। কিন্তু এই তিন দৃশ্যকল্পে এটা স্পষ্ট যে সবার অংশগ্রহণের বাইরে নির্বাচনের পথে এগোলে দেশে সহিংসতার মাত্রাই যে বাড়বে তা নয়, প্রকৃতিতেও পরিবর্তন আসতে পারে। ক্ষমতাসীন দলকে বুঝতে হবে, সাংবিধানিক পথে সমাধান করতে চাইলে সংবিধান সংশোধনের প্রশ্নকে আলোচনার বাইরে রাখা যাবে না। অন্য পক্ষে বিরোধীদের বুঝতে হবে যে সমঝোতার জন্য ছাড় দিতে রাজি না হলে সংবিধানের বাইরের সমাধানই শেষ অবলম্বন হয়ে উঠতে পারে।
আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।