সমঝোতা, আলাপ-আলোচনা বা সংলাপ—এসবের পরিবর্তে রাজনৈতিক দলগুলো যেন যুদ্ধপ্রস্তুতিতেই নামছে। একদিকে সরকারি দল নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে, আবার নির্বাচিত করার জন্য জনগণের কাছে ভোট চাইছেন বর্তমান প্রধানমন্ত্রী। অন্যদিকে বিরোধীদলীয় নেতা ভোট চাওয়ার পরিবর্তে ভোট রুখতে আহ্বান জানাচ্ছেন জনগণের প্রতি। সংসদেও সরকারি দলের লোকজন বলছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন, তত্ত্বাবধায়কের কোনো সুযোগ নেই। দুই পক্ষের এই অনড় অবস্থান স্বাভাবিকভাবেই আমাদের উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়িয়ে তুলছে।
বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে আসছে। কিন্তু নির্বাচনকালীন সরকার প্রশ্নে প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে এখনো সমঝোতা না হওয়া দুর্ভাগ্যজনক। গণতান্ত্রিক ব্যবস্থায় যেকোনো রাজনৈতিক বিরোধ-সমস্যা সমাধানের পথ হচ্ছে আলাপ-আলোচনা। কিন্তু এ ব্যাপারে সরকারি দলের যে অনমনীয় অবস্থান লক্ষ করা যাচ্ছে, তা একগুঁয়েমি ছাড়া আর কিছু নয়। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনকালীন সরকার প্রশ্নে বিরোধী দলের দাবি নিয়ে আলোচনায় বসতে সমস্যা কোথায়? আলাপ-আলোচনা ও ছাড় দেওয়ার মনোভাব ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থায় সমস্যা সমাধানের আর তো কোনো পথ নেই।
সংসদীয় গণতন্ত্রে আলাপ-আলোচনা, তর্ক-বিতর্ক ও সমঝোতায় আসার মূল জায়গা হচ্ছে সংসদ। দুর্ভাগ্যজনকভাবে বিরোধী দল সংসদের বাইরে বক্তৃতা দিয়ে যে দাবিদাওয়া তুলছে, সেসব সংসদে গিয়ে বলতে সমস্যা কোথায়? নির্বাচনের জন্য কোন ধরনের সরকার তারা চায়, কীভাবে সেটা হতে পারে, এর কোনো রূপরেখাও তারা সংসদে বা বাইরে দিতে চায় না। প্রথম আলোর প্রতিবেদন বলছে, বিএনপির সাংসদদের বেশির ভাগই সংসদে যোগ দিতে চান, কিন্তু চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নীতিনির্ধারকেরা এ ব্যাপারে অনাগ্রহী। বোঝা যাচ্ছে, বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের অবস্থানটিও একগুঁয়ে।
দুই পক্ষের কথাবার্তায় টের পাওয়া যাচ্ছে যে ছাড় দেওয়ার মনোভাব কোনো পক্ষের মধ্যেই নেই। বর্তমান সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে এবং সংসদ রেখে নির্বাচনের ব্যাপারেই সরকারি দলের অনড় মনোভাব লক্ষ করা যাচ্ছে। আর বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া রংপুরের জনসভায় ভোট রুখতে জনগণের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি স্পষ্ট করেই আবার বলেছেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে ১৮-দলীয় জোট অংশ নেবে না।
দুই পক্ষের এই অবস্থান রাজনৈতিক সংঘাত ও সহিংসতার আশঙ্কা যেমন বাড়িয়ে দিয়েছে, তেমনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে অনিশ্চয়তাও বাড়ছে। দেশের সচেতন সব মহল থেকে ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায় থেকে দুই পক্ষকে আলোচনায় বসা এবং এ ব্যাপারে সমঝোতায় আসার আহ্বান জানানোর পরও এই অনমনীয় অবস্থান দুর্ভাগ্যজনক। গণতন্ত্রের নামে দুটি পক্ষ যে আচরণ করছে, তার সঙ্গে গণতান্ত্রিক সংস্কৃতি ও রীতিনীতির কোনো সম্পর্ক নেই। প্রধান দুটি রাজনৈতিক দলের এ ধরনের আচরণ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে দিলে এর দায় তাদেরই নিতে হবে।