দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে এখন ইংরেজি মাধ্যমে পড়ানো হয়। সেখানে সব টার্ম ইংরেজিতে শেখানো হয়। ৩২তম বিসিএস পরীক্ষা, সেখানে সব বিষয়ের প্রশ্নপত্রে দুই ভাষার অর্থাৎ বাংলা ও ইংরেজিতে প্রশ্নপত্র করা হয়েছিল কিন্তু আমার বিষয়ভিত্তিক যে পরীক্ষা (কৃষি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র) সেটা দেওয়ার জন্য পরীক্ষার হলে গিয়ে দেখি কৃষি প্রথম পত্রের প্রশ্ন বাংলায় (শুধু বাংলায়) করা হয়েছে। কিন্তু প্রশ্নের ওপর লেখা থাকে পরীক্ষার্থী বাংলা অথবা ইংরেজি যেকোনো ভাষায় উত্তর দিতে পারবে।
তাহলে প্রশ্নপত্র শুধু বাংলায় কেন? বাংলা শব্দগুলোর অর্থ উদ্ধার করতেই আমার প্রায় আধা ঘণ্টা শেষ। পরে প্রশ্নগুলোকে যতটা সম্ভব বুঝে তার অনুবাদ করে পরে সেই প্রশ্নের উত্তর লিখতে হয়েছে। কারণ, আমরা ছয়টা বছর যে টার্মগুলো ইংরেজিতে শিখেছি তার বাংলা মানে কিন্তু বেশ কঠিন, যেমন—জলমগ্ন সহিষ্ণু জাত, অভিযোজন, পশ্চাৎ সংকরায়ন ইত্যাদি। যাঁরা পড়ালেখার মাধ্যমে ইংরেজি বানাচ্ছেন, তাঁরাই বিসিএসের মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্নপত্র করছেন বাংলায়। ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৪ মার্চ থেকে। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ প্রশ্নপত্রটা আপনারা বাংলার পাশে যদি ইংরেজিতেও করেন তাহলে আমাদের মতো পরীক্ষার্থীদের বাড়তি এই সময়টা অপচয় হবে না পরীক্ষার হলে গিয়ে।
শাপলা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।