আশা-নিরাশার দোলাচলের মধ্যে নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতার একটি বৈঠকের খবর স্বাভাবিকভাবেই গণমাধ্যমের আকর্ষণে পরিণত হয়েছে। তবে যে বিষয়টি গণতন্ত্র ও স্বচ্ছতার সঙ্গে একেবারেই বেমানান, তা হলো সংলাপ নিয়ে উভয় পক্ষের একটা ঢাকঢাক-গুড়গুড় ভাব। বনানীর বৈঠকও এর ব্যতিক্রম নয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বৈঠক অনুষ্ঠানের সত্যতা নিশ্চিত করেছেন। এটা কি সংলাপ-সমঝোতায় সরকারের আন্তরিকতা, নাকি অন্য কিছুর বহিঃপ্রকাশ?
বাংলাদেশ একটি রাজনৈতিক নাটকের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। এখানে এখন কখন কী ঘটে, তা ব্যাপকভিত্তিক জল্পনাকল্পনার বিষয়। রাজনীতি যে কতটা পঙ্কিল হয়ে উঠেছে, তা দুই প্রতিদ্বন্দ্বী দলের নেতার গোপন বৈঠকের বৈশিষ্ট্যের মধ্যে ফুটে উঠেছে। গত মে মাসে সৈয়দ আশরাফের গাড়ি নাকি গন্তব্যে পৌঁছাতেই পারেনি। ২৩ নভেম্বর রাতে মির্জা ফখরুলের গাড়ি বদল এবং অলিগলি ঘুরে তাঁর গন্তব্যে পৌঁছানোও বেশ নাটকীয়তায় পূর্ণ। তবে ‘নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনাই থাকবেন’—এই খবর নিশ্চিত হলে সংলাপ ভেস্তে গেলে বিস্ময়ের কিছু থাকবে না। ধারণা করা যেতে পারে, আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে বিবদমান দলগুলো একটা রুটিন মাফিক সংলাপে আগ্রহী হতে পারে। জাতীয় সংসদে বাংলাদেশের সংকট নিয়ে আলোচনা হয়নি। ঢাকায় অধিবেশন মুলতবি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইইউ পার্লামেন্ট একই দিনে বাংলাদেশের সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে আশরাফ-ফখরুল সংগোপনে বৈঠক করলেন। কিন্তু উদ্বেগ হ্রাস পাওয়ার মতো কিছু ঘটে কি না, তা জানতে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।
নির্বাচনের তফসিল ঘোষণামাত্রই দেশ অচল করে দেওয়ার হুমকির পটভূমিতে এই আলোচনা শুরু হলো। এই সংকটের একটি পরিহাস হচ্ছে বিএনপি ও আওয়ামী লীগ সুকৌশলে জনগণের কাছে সত্য লুকাতে পারছে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কুক্ষিগত থাকা কেবল অবাধ নির্বাচনের জন্য নয়, মূলত এটা সুশাসনের জন্য হুমকি। জনগণের আশা-আকাঙ্ক্ষা অঙ্কুরে বিনষ্ট হয়। বিএনপি হাসিনাকে সরাতে চায়। কিন্তু তারা ওই ক্ষমতাকেন্দ্রিক ব্যবস্থা সরাতে চায় না। এই সত্য থেকে জনগণের দৃষ্টি আড়াল করে তারা রাখতে পেরেছে।
একটি একতরফা নির্বাচন শুধু আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের সংঘাতের মুখে দাঁড় করাবে না, বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী ও শান্তিশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। সংলাপ প্রত্যাশিত সুফল দেবে না, তাই কোনো সংলাপই হবে না, সেটা সভ্য সমাজের বৈশিষ্ট্য হতে পারে না। আলাপ-আলোচনায় কখনো গোপনীয়তা বজায় রাখা গণতন্ত্রের সঙ্গে সংগতিপূর্ণ হতে পারে। কিন্তু গোপনীয়তা আর নাটকীয়তা এক নয়। যা এখন চলছে, তাকে নাটক ছাড়া কিছু বলা যায় না। মানুষ নাটক চায় না, সংলাপ চায়। সে সংলাপ বসামাত্রই ফল না-ও দিতে পারে। এটাও মনে রাখতে হবে, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।