নারায়ণগঞ্জ-৫ ও বরিশাল-৫ আসনের উপনির্বাচন বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের প্রথম উপনির্বাচন না হলেও, এটা এক অগ্নিপরীক্ষা বলেই বিবেচিত হবে৷ গত ৫ জানুয়ারির নির্বাচনে এ দুটি আসনে যে দুজন প্রার্থী জয়ী হয়েছিলেন, তাঁরা কোনো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হননি৷ বলা যায়, বিনা যুদ্ধে রাজ্য জয়৷ কিন্তু এবার বিনা যুদ্ধে রাজ্য জয়ের সম্ভাবনা একেবারেই নেই৷ বরিশাল-৫ আসনের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ থেকে প্রয়াত সাংসদ শওকত হোসেনের স্ত্রী জেবুন্নেসা আফরোজ ও বিএনএফের সাইফুল ইসলাম৷ সৈয়দ মোয়াজ্জেম হোসেন নামের আরেকজন মনোনয়নপত্র জমা দিলেও তা গৃহীত হয়নি৷ এ গ্রহণ-বর্জন নিয়ে খোদ রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এসেছে৷ নির্বাচনের আগেই যদি রিটার্নিং কর্মকর্তা কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নেন বা এ ধরনের অভিযোগ ওঠে, তাহলে নির্বাচন করার যৌক্তিকতাই প্রশ্নের মুখে পড়ে৷
অন্যদিকে, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র দাখিলের সময় না হলেও চারজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে৷ তাঁদের মধ্যে আছেন জাতীয় পার্টির প্রয়াত সাংসদ নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান এবং সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সন্ত্রাসীদের হাতে নিহত কিশোর ত্বকীর বাবা রফিউর রাব্বি, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাবেক সাংসদ এস এম আকরাম৷
বরিশাল-৫ ও নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন হতে যাচ্ছে যথাক্রমে আগামী ১২ ও ২৬ জুন৷ প্রশ্ন উঠেছে, এ দুটি উপনির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা কী হবে? তারা কি এ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, না সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের পুনরাবৃত্তি ঘটাবে? উপজেলা নির্বাচনে ব্যাপক সহিংসতা, ব্যালট বাক্স ছিনতাই ও ভোট কারচুপির ঘটনা সামরিক শাসনামলের নির্বাচনী প্রহসনের কথাই মনে করিয়ে দেয়৷
একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দায়িত্ব মূলত নির্বাচন কমিশনের৷ আর সরকার তথা জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্য হলো কমিশনের কাজে সর্বতোভাবে সহায়তা করা৷ সাম্প্রতিক উপজেলা এবং ৫ জানুয়ারির নির্বাচনে কমিশন ও সরকার উভয়ই সংবিধান নির্দেশিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে৷
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, নারায়ণগঞ্জ উপনির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে৷ এমন সময় সেখানে উপনির্বাচন হচ্ছে, যখন নারায়ণগঞ্জবাসী সাত খুনসহ সব খুনের বিচারের দাবিতে উচ্চকণ্ঠ, যখন তঁারা সন্ত্রাসের নগরকে শান্তির জনপদে পরিণত করতে মরণপণ লড়াইয়ে রাজপথে নেমে এসেছেন৷ নির্বাচন কমিশনের দায়িত্ব হলো ২০১১ সালের সিটি করপোরেশন নির্বাচনের মতো নারায়ণগঞ্জের মানুষ যাতে নির্ভয়ে পছন্দসই প্রতিনিধি বেছে নিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা৷
কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশনের সামনে আজ অগ্নিপরীক্ষা৷ এ দুটি উপনির্বাচন যদি তারা অবাধ ও সুষ্ঠু করতে না পারে, তাহলে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রতি মানুষের শেষ আস্থাটুকুও শেষ হয়ে যাবে৷