দুটি বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. শীতের ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। প্রকৃতি তার নিয়মে হিম হিম ঠান্ডার প্রভাব ফেলছে। সবাই গরম কাপড়ে নিজেদের উষ্ণ করতে ব্যস্ত। অনেকে সোয়েটার, চাদর নতুন করে কিনছেন শীতের আমেজ ভালোভাবে উপভোগ করতে। কিন্তু যাদের সামর্থ্য নেই, তাদের প্রতিবারই কোনো না কোনোভাবে শীতের কাঁপন সহ্য করতে হয়, যা দুঃখজনক।
অনেকেই আছেন যাঁদের গরম কাপড়ের অভাব নেই। তাঁরা পুরোনো গরম কাপড়গুলো দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করতে পারেন নির্দ্বিধায়। এতে শীতার্ত মানুষগুলো উপকৃত হবে। এই ব্যাপারে প্রতিবছরই প্রথম আলো এবং বন্ধুসভা দারুণ ভূমিকা রাখে। শীতার্ত গরিব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে মানবতার সাহায্যে এগিয়ে আসে। কিন্তু এই ব্যাপারটি তখনই সফল হবে, যখন সেখানে দল-মত-শ্রেণীনির্বিশেষে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। স্বেচ্ছাসেবক দল হিসেবে স্কুল-কলেজের শিক্ষার্থীরা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে। মানবতার আদর্শে সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে সবাইকে।
২. শীতের অতিথি পাখি আসা শুরু হয়েছে। হাওরগুলোতে দেখা যায় অতিথি পাখির মেলা। সুদূর দেশ থেকে এই পাখিগুলো এ দেশে বেড়াতে আসে বলেই এরা অতিথি পাখি। কিন্তু এই অতিথি পাখিগুলোকে যখন শিকারিরা অভ্যর্থনার নামে শিকার করে নির্মমভাবে, তখন তা হয় চরম বেদনাদায়ক। এই অতিথি পাখি শিকার করা থেকে বিরত রাখার জন্য শুধু কঠোর আইন প্রয়োগ করে সমাধান হবে না। প্রয়োজন সবার সচেতন হওয়া। কেউ অতিথি পাখি বিক্রি করলে তাঁকে ধরিয়ে দেওয়া, যেসব এলাকা অতিথি পাখিদের বিচরণক্ষেত্র, সেসব এলাকা সংরক্ষিত এলাকার আওতায় নিতে হবে। আর যাঁরা পাখি শিকার করেন, তাঁদের প্রশাসনের হাতে ন্যস্ত করতে হবে। আমাদের প্রাকৃতিক পরিবেশ আমাদেরই সুন্দর ও নিরাপদ করতে হবে। খুলে দিতে হবে তা অতিথি পাখিদের জন্য উন্মুক্ত বিচরণক্ষেত্র হিসেবে।
সঞ্জয় কুমার ভৌমিক
শ্রীমঙ্গল।