দুদক আইনে সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন সামনে রেখে বহুল আলোচিত দুদক আইনে এমন একটি সংশোধনী আনা হয়েছে, যাতে এই প্রতিষ্ঠান আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা দায়েরে সরকারের পূর্বানুমোদনের বিধানটি প্রকারান্তরে অসৎ নির্বাচনী উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দেখা যেতে পারে। নির্বাচনে সরাসরি প্রভাব বিস্তার করতেই নির্বাচনী তফসিল ঘোষণার আগ মুহূর্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক। এমনকি দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও সংশোধনী নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিহিত করেছেন। যেকোনো আইন দেশের সব নাগরিকের জন্য সমভাবে প্রযোজ্য হতে হবে। অথচ মামলা দায়েরের ক্ষেত্রে পূর্বানুমতির বিধান রেখে এখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।
দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান তাঁর দায়িত্ব পালনকালে একাধিকবার দুদককে নখদন্তহীন বাঘের সঙ্গে তুলনা করেছেন। কিন্তু তখনো দুদক আইনের ৩২ ধারায় দুদকের অনুমোদনেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা করার বিধান বহাল ছিল। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তথ্য পরিসংখ্যান দিয়ে যুক্তি দিতে পারবেন না যে এর ফলে তাঁদের চাকরিজীবন নিপীড়নমূলক হয়ে উঠেছিল। জ্যেষ্ঠ সহকারী সচিবের ওপরে কারও দুদক আইনে দোষী সাব্যস্ত ও দণ্ডিত হওয়ার নজির বিরল।
পাকিস্তান আমল থেকে সরকারের অনুমোদনসংক্রান্ত বিধানটি বারবার আলোচনা ও মনোযোগের কেন্দ্রবিন্দুতে এসেছে। পাকিস্তানি শাসকগোষ্ঠী দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে এবং কখনো কখনো তদানীন্তন দুর্নীতি দমন ব্যুরোর কাছে এই অনুমোদনের ক্ষমতা হস্তান্তর করেছে। আবার সরকারি কর্মকর্তাদের চাপ ও পীড়াপীড়িতে আবার তা সরকারের হাতে নিয়ে এসেছে। তারই ধারাবাহিকতা আমরা বাংলাদেশের স্বাধীনতা লাভের পরেও অব্যাহত থাকতে দেখেছি। বারবার তারা পরিপত্র জারি এবং সময় সময় তা বাতিল করেছে।
এটা পরিহাসমূলক যে দুদকের সংশোধনী আইন জাতীয় সংসদের স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল এবং তা অন্তর্ভুক্ত করার সুপারিশ ছিল না। কমিটির সদস্যরা অভিজ্ঞতা নেওয়ার জন্য অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া সফর করেছিলেন। অর্থমন্ত্রীও চিঠি দিয়ে দুদকের এই ক্ষমতা খর্ব না করতে পরামর্শ দিয়েছিলেন। গত ২৮ অক্টোবর বিলটি সংসদে তুলে নাটকীয়ভাবে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। সামগ্রিক বিবেচনায় বলা যায়, একটি অস্বচ্ছ প্রক্রিয়ায় দুদককে পঙ্গু বানানো হলো।
আমরা এই কালাকানুন যুক্ত করে দুদকের স্বাধীনতা হরণচেষ্টার প্রতিবাদ ও নিন্দা জানাই। এখন রাষ্ট্রপতি আবদুল হামিদ তর্কের খাতিরে শেষ ভরসা হিসেবে আছেন। তিনি পুনর্বিবেচনার জন্য বিলটি ফেরত পাঠিয়ে জনস্বার্থে এ দেশের রাষ্ট্রপতির যে কিছু করার আছে, তার একটা প্রমাণ দেখানোর সুযোগ গ্রহণ করতে পারেন। এটা প্রহসনমূলক যে, প্রধান বিরোধী দল বিএনপি এ বিষয়ে নীরব থেকে সরকারের সঙ্গে তাদের অশুভ আঁতাতের স্বাক্ষর রাখল।