দুদকের ব্যর্থতার জন্য সর্বাগ্রে নির্বাহী বিভাগ ও সংসদকেই দায়িত্ব নিতে হবে। তবে এটা কম গুরুত্বপূর্ণ নয় যে যথেষ্ট দেরিতে হলেও সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছেন, দুদক নামের প্রতিষ্ঠানটি ঠিকমতো চলছে না। বর্তমান দেশে যেখানে ব্যর্থতা শব্দটিই হারিয়ে যেতে বসেছে, সেখানে সরকারের মুখে দুদকের ব্যর্থতাজনিত উচ্চারণ একটা জবর খবরই বটে। আইনমন্ত্রী এক-এগারোতে দুদকের প্রভাবশালী আইনজীবী ছিলেন এবং পরেও এর ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছেন।
আইনমন্ত্রী দুদকের ব্যর্থতা চিহ্নিত করতে গিয়ে নির্দিষ্টভাবে ‘অনুসন্ধানে স্বচ্ছতা না থাকা’র বিষয়টি উল্লেখ করেছেন। আমরা স্মরণ করতে পারি যে এই অনুসন্ধান নিয়ে জনগণকে রীতিমতো হাতির পাঁচ পা দেখতে হয়েছিল। দুর্নীতির জন্য কাউকে শাস্তি দিতে হলে অনুসন্ধান এবং তদন্ত দুটি পর্ব সবচেয়ে মুখ্য। অনুসন্ধান চলে এজাহারের আগে। আর তদন্ত চলে এজাহার দায়েরের পরে। আইন বলছে, ৩০ দিনে অনুসন্ধান আর ৬০ দিনে তদন্ত সারতে হবে। কিন্তু বাস্তবতা হলো, এই সময়সীমা প্রায় কোনো মামলার ক্ষেত্রেই মানা হয় না কিংবা সম্ভব হয় না। আমরা গভীর উদ্বেগ নিয়ে সেই সময়সীমা মেনে চলা ‘ঐচ্ছিক’ নাকি ‘বাধ্যতামূলক’, তার একটা আইনি সুরাহা কেবল আদালতের মাধ্যমে নিষ্পন্ন করার একটা কসরত দেখেছি। বহু গুরুত্বপূর্ণ দুর্নীতি মামলার ভবিষ্যৎ ঝাঁঝরা হতে দিয়ে যখন সাব্যস্ত হলো যে এটা ঐচ্ছিক, তত দিনে বুড়িগঙ্গা দিয়ে অনেক পানি বয়ে গেছে। অথচ এ রকম একটি জনগুরুত্বসম্পন্ন বিষয় অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পন্ন করতে আদালত ও সংসদের প্রতি সংবিধানের সুস্পষ্ট নির্দেশনা ছিল। এর ব্যত্যয় ঘটেছে। জনগণের এ ধারণা স্পষ্ট হয়েছে যে দুদক সত্যিই নখদন্তহীন ব্যাঘ্রে পরিণত হয়েছে।
আইনমন্ত্রী দাবি করেছেন যে দুদক আইন-আদালতের মাধ্যমে পরিশুদ্ধ হয়ে একটি আদর্শ আইনে পরিণত হয়েছে। কিন্তু তাঁর সঙ্গে একমত হতে আমরা অপারগ। প্রথমত বিদ্যমান আইনেও অনেক ফাঁকফোকর রেখে দেওয়া হয়েছে। সংসদ এসব দূর করা দূরে থাক, এমনকি আলোচনা করারও দরকার মনে করেনি। বরং সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরে প্রধানমন্ত্রীর পূর্বানুমোদনের কালাকানুন ফিরিয়ে এনেছিল। সত্য বটে হাইকোর্ট তা সন্তোষজনকভাবে বাতিল করেছে কিন্তু ক্ষমতাসীনদের অস্বচ্ছ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে ধরা পড়েছে।
আমরা মনে করি, দুদকের ব্যর্থতার জন্য প্রধান অন্তরায় এই সংস্থাকে কার্যকর হতে দিতে রাজনৈতিক সরকারের অনীহা। এর নমুনা হলো দুদকের বিএনপি-নীতি। এই দলের নেতাদের বিরুদ্ধে পুরোনো দুর্নীতির মামলা নিয়ে প্রত্যাশিত ঘাঁটাঘাঁটি তীব্র থেকে তীব্র হয়। কিন্তু ক্ষমতাসীন দল-সংশ্লিষ্ট রাঘববোয়ালদের ক্ষেত্রে এর ছিটেফোঁটাও লক্ষ করা যায় না।
আইনমন্ত্রীর সামনেই দুদক চেয়ারম্যান বলেছেন, দুদক মামলার সাফল্যের হার মাত্র ৪০ ভাগ। এই ব্যর্থতার দায়ভার দুদকের না হলে সেটা কার, তা আলোচনায় আনতে হবে। একজন অনুসন্ধানকারী কর্মকর্তার কাঁধে কয়েক ডজন মামলা চাপলে কী করে তার গতি থাকবে, তা-ও বিবেচ্য। এসব বিষয় মূলত রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে জড়িত। সর্বাগ্রে এই বাধাটা দূর হোক।