সাধারণত, বিএসটিআই কিংবা বিজ্ঞান গবেষণাগারে দুধের নমুনা পরীক্ষার জন্য প্রয়োজন হয় ৭ থেকে ২১ দিন। দ্রুত পচনশীলতার কারণে দুধের খাদ্যমান রক্ষার বিষয়টি খুবই স্পর্শকাতর। দুধের মাননিয়ন্ত্রণ পরীক্ষায় বর্তমানে প্রচলিত ‘গার্বার’ পদ্ধতিতে প্রচুর সময়, অর্থ ও শ্রম ব্যয় হয় এবং এতে পরিবেশদূষণের ঝুঁকিও রয়েছে। এ পদ্ধতিতে দুধের মান পরীক্ষায় সালফিউরিক অ্যাসিড ও অ্যামাইল অ্যালকোহল ব্যবহার করতে হয় বিধায় টেকনিশিয়ানরা স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। পক্ষান্তরে প্রচলিত আলট্রাসাউন্ড পদ্ধতিও সঠিক ফল নিশ্চিত করে না এবং এ প্রযুক্তির মেশিনের আয়ুষ্কালও কম।
এসব সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে ‘মিল্ক অ্যানালাইজার’ নামক উন্নত প্রযুক্তি আমদানি করে দেশে বছরে সাত কোটি লিটার দুধ সংগ্রহকারী মিল্ক ভিটা খাদ্যনিরাপত্তার নতুন দিক উন্মোচন করেছে। ৪ দশমিক ৬১ কোটি টাকা ব্যয়ে সুইডেন থেকে কেনা হয়েছে ‘মিল্ক অ্যানালাইজার মিরিস এবি’। এ প্রযুক্তিতে দ্রুততম সময়ে তরল দুধের মান পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে দুধের অপরিহার্য পুষ্টি উপাদান যথা: ফ্যাট, প্রোটিন, ল্যাকটোজ, এসএনএফ ইত্যাদির নির্ভুল মাত্রা নির্ণয় করা সম্ভব। এসব উপাদানের আদর্শ মাত্রা যথাক্রমে ফ্যাট ৪ দশমিক ৫ শতাংশ, ভিটামিন বা খনিজ শূন্য দশমিক ৭ শতাংশ, প্রোটিন ৩ দশমিক ৫ শতাংশ, পানি ৮৬ দশমিক ৫ শতাংশ।
সহজে বহনযোগ্য ছোট আকৃতির অত্যাধুনিক অ্যানালাইজার মেশিনটি মাত্র ৬০ সেকেন্ডে দুধের পুষ্টি উপাদানসমূহের গাণিতিক হিসাব মনিটরে প্রদর্শন করে দুধের গুণাগুণ তুলে ধরতে সক্ষম। এ প্রযুক্তিতে দুধের মান পরীক্ষায় রাসায়নিক ব্যবহারের প্রয়োজন নেই বিধায় তা পরিবেশবান্ধব ও ব্যয়-সাশ্রয়ী। সমবায়ীদের অভিযোগ, মান্ধাতার আমলের প্রযুক্তিতে দুধের ন্যায্যমূল্য নিশ্চিত হচ্ছে না। মূলত দুধের মূল্য ফ্যাটের মাত্রার ওপর নির্ধারিত হয়। মিল্ক অ্যানালাইজারে দুধে প্রাপ্ত ফ্যাটের হিসাবে গরমিল করার সুযোগ নেই। সমবায় সমিতিগুলো অনেক ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চল থেকে দুধ সংগ্রহ করায় সঠিক তাপমাত্রায় দুধ সংরক্ষণ করতে পারে না। ফলে দুধের অ্যাসিডিটি বেড়ে যাওয়ায় মিল্ক ভিটা কর্তৃপক্ষ তা গ্রহণ করে না। মানসম্পন্ন দুধ সংগ্রহ নিশ্চিত করা মিল্ক ভিটার প্রধান এজেন্ডা। ১৯৯০ সাল থেকে মিল্ক ভিটা এযাবৎ ১৫০ কোটি লিটারের বেশি তরল দুধ ভোক্তাদের কাছে পৌঁছে দিয়েছে।
সুইডিশ মিল্ক অ্যানালাইজার মূলত মিড ইনফ্রারেড ট্রান্সমিশন স্পেক্ট্রসকপি-ভিত্তিক প্রযুক্তি, যেখানে পাতলা তরল ফিল্মে ইন্ট্রানেট ইনফ্রারেডের মাধ্যমে সঙ্গে সঙ্গে দুধের মান পরীক্ষার ফলাফল বেরিয়ে আসে। এ যন্ত্রের সাহায্যে গরুর দুধ, মহিষের দুধ পরীক্ষা করে দুগ্ধমান নিশ্চিত করা যায়। এ প্রযুক্তিতে বিশুদ্ধ দুধ উৎপাদনকারী খামারিরা ন্যায্যমূল্যের মাধ্যমে সুফল পাবেন এবং অসাধু খামারিরা মানহীন দুধ সরবরাহ করতে পারবেন না। খামারিদের হাতে দুধের ন্যায্যমূল্য তুলে দিয়ে এ প্রযুক্তি ন্যায়বিচারের পথ সুগম করবে। ফলে খামারিরা নিজ নিজ খামারের উৎপাদিত দুধের মান সম্পর্কে সতর্ক হবেন।
প্রচলিত ব্যবস্থায় উৎপাদকেরা বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লিটার দুধ পৃথকভাবে এনে সমিতিতে একত্র করে মিল্ক ভিটায় সরবরাহ করেন। এতে কোনো খামারি তাঁর উৎপাদিত দুধের মান সম্পর্কে অবগত হতে পারেন না। ফলে অধিক ফ্যাটযুক্ত দুধের সঙ্গে কম ফ্যাটযুক্ত দুধ কিংবা পানিযুক্ত দুধ পানিবিহীন দুধের সঙ্গে মিশ্রিত হওয়ার আশঙ্কা থাকে। এতে সৎ খামারিরা বঞ্চিত হন। এ প্রযুক্তি মূলত দুধে পানি ও ক্ষতিকর উপাদান মেশানোর প্রবণতা প্রতিরোধ করবে। সুতরাং ভেজালকারীদের জন্য এ প্রযুক্তি অবশ্যই বিপৎসংকেত।
ইতিমধ্যে ভারতের ‘আমূল’ ও ‘চৈতালী’র মতো স্বনামধন্য দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এ প্রযুক্তির সুফল পেয়েছে। বাংলাদেশে সিএসআরের আওতায় খাদ্য উৎপাদনকারীসহ বহু নামজাদা প্রতিষ্ঠান জনকল্যাণে প্রচুর অর্থ ব্যয় করে। কিন্তু সিএসআরের আগে প্রয়োজন বিশুদ্ধ ও মানসম্পন্ন খাদ্য বা পণ্য সরবরাহ নিশ্চিত করা। এ প্রযুক্তির পূর্ণ সফলতা আসবে এর প্রয়োগকারীর দক্ষতা ও সততার ওপর। সুতরাং বিশুদ্ধ দুধের জন্য প্রয়োজন বিশুদ্ধ মানুষ। ‘ম্যান বিহাইন্ড দ্য মেশিন’—এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। পাশ্চাত্যের সভ্য দেশে দুধে পানি, ফরমালিন, সোডা, ভেজিটেবল ফ্যাট মেশানো হয় না। ব্যবসায়িক নৈতিকতা আনতে হলে প্রয়োজন নির্ভেজাল ব্যবসা। আর নির্ভেজাল ব্যবসা প্রতিষ্ঠিত করতে প্রয়োজন আধুনিক প্রযুক্তির ব্যবহার। খাদ্যমান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইকে দ্রুত তাদের কার্যক্রমে এ প্রযুক্তি প্রয়োগ এবং দুগ্ধ উৎপাদনকারী সব প্রতিষ্ঠান ও সমবায় সমিতিগুলোকে উদার মনে তা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশে দৈনিক উৎপাদিত ৪১-৪২ লাখ লিটার তরল দুধের মানের সঙ্গে জনস্বাস্থ্য রক্ষা গভীরভাবে সম্পৃক্ত। প্রযুক্তি মানুষের কল্যাণের জন্যই। প্রযুক্তি দিয়েই দুধে ভেজালের মতো সামাজিক অপরাধ নির্মূল করতে হবে। দুধে ভেজালের বিরুদ্ধে মিল্ক ভিটা প্রবর্তিত মিল্ক অ্যানালাইজার অত্যন্ত টেকসই প্রযুক্তি, যা আন্তর্জাতিক ডেইরি ফেডারেশন এবং পেশাজীবী কেমিস্টদের সংগঠন কর্তৃক অনুমোদিত। অগ্রসরমাণ বাংলাদেশে সরকারের খাদ্যনিরাপত্তা কর্মসূচি নিশ্চিত করতে মিল্ক ভিটার পাশে দাঁড়ানোর জন্য ভোক্তা সাধারণকে অনুরোধ জানাচ্ছি।
মোহাম্মাদ মুনীর চৌধুরী: ব্যবস্থাপনা পরিচালক, মিল্ক ভিটা।