দুর্গত মানুষের জন্য জরুরি সাহায্য প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেন পুরো শক্তি নিয়ে বাংলাদেশে আঘাত হানতে পারেনি, সেটা স্বস্তির বিষয়। কিন্তু এর পরও যা করেছে, তা কোনোভাবে উপেক্ষার মতো নয়। কিন্তু সরকার ও প্রশাসন যেন এই ‘স্বস্তি’

নিয়েই চুপচাপ বসে আছে। অথচ সরকারি হিসাব বলছে, মহাসেনের আঘাতে বরগুনা জেলাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ লাখ ১৯ হাজার লোক। এর পরও সরকারের ‘কিছুই হয়নি’ ধরনের মনোভাবের কারণটি বোধগম্য নয়।

এত মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পর পরিস্থিতি সামাল দিতে সরকারের তরফে যে উদ্যোগ প্রয়োজনীয় হয়ে পড়েছিল, তার কিছুই হয়নি। বাধ্য হয়ে জেলার লোকজনকে আন্দোলন-সংগ্রামে নামতে হয়েছে। প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচিও দেওয়া হয়েছে। জেলার জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের লোকজন বরগুনাকে দুর্গত জেলা ঘোষণার দাবি জানিয়েছেন। প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা না এলে বরগুনায় মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন।

ঘূর্ণিঝড়ের আঘাতে জেলায় সাড়ে ছয় হাজারেরও বেশি বসতবাড়ি পুরো বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬২ হাজার। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের, ঘূর্ণিঝড়ের পর দুই সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও লাখের বেশি পরিবার এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। আর ঘূর্ণিঝড়ের পর বৈরী আবহাওয়া দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকায় পরিস্থিতি আরও শোচনীয় হয়ে পড়েছে। সম্পদ ধ্বংসের পাশাপাশি সাধারণ মানুষের প্রতিদিনের জীবন-জীবিকা চরমভাবে ব্যাহত হয়ে চলেছে। জেলার সচেতন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক জানিয়েছেন, জেলার অর্থনৈতিক ভিত্তি পুরোপুরি ভেঙে পড়েছে।

কৃষি ও মত্স্য খাতনির্ভর এই জেলার জনগণের জীবন-জীবিকা স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে খাদ্য ও অর্থসহ প্রয়োজনীয় সাহায্য বরাদ্দ করা জরুরি। পাশাপাশি বাঁধসহ ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলো নির্মাণের উদ্যোগ নিতে হবে। সরকারের প্রতি দাবি, ঘূর্ণিদুর্গত এই মানুষের দিকে নজর দিন, বরগুনাসহ ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করুন।