দুর্ঘটনার পুনরাবৃত্তি—চলবে, চলছিল যেমন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি ঢাকা থেকে সিলেটগামী পারাবাত এক্সপ্রেস ট্রেনে আগুন ধরে যায়
ছবি: সংগৃহীত

অগ্নিকাণ্ডের ধারাবাহিকতা বজায় থেকে ১৩ জুন রাতে চট্টগ্রামে আরেক কনটেইনার ডিপোতে লেগেছে আগুন। এর আগে ১১ জুন ঢাকা থেকে সিলেটগামী ট্রেনের বগিতে আগুন লাগে। সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডের ভয়াবহতা ভোলার আগেই আরও অগ্নিকাণ্ডের খবর ছিল চলমান। যেমন ৫ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় পাবনার পাটকাঠি মিলে; ৬ জুন ভোরে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টে; ৭ জুন ঢাকার বছিলায় জুতার কারখানায় ও ৮ জুন চট্টগ্রামের মাদারবাড়ি জুতার কারখানায় ঘটে অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডগুলো এমনভাবে ঘটেছে যেন, বাংলাদেশে এসব দুর্ঘটনার পুনরাবৃত্তি স্বাভাবিক ঘটনা। সেই সঙ্গে সড়ক দুর্ঘটনাসহ অন্যান্য দুর্ঘটনা তো ঘটছেই।

২০০৬ সালের ২০ মার্চ প্রথম আলোতে দুর্ঘটনা নিয়ে আমার একটি লেখা প্রকাশিত হয়। সেই লেখা ছিল ধসে পড়া ফিনিক্স ভবন ও বাংলাদেশে দুর্ঘটনার পুনরাবৃত্তি নিয়ে। ধসে পড়া ফিনিক্স ভবনের একটা করুণ ঘটনা ছিল এমন: ধ্বংসস্তূপের নিচ থেকে মুঠোফোনে একজন তাঁর আপনজনকে জানাচ্ছেন, তিনি এখনো বেঁচে আছেন, দ্রুত উদ্যোগ নিলে বেঁচে যাবেন। হঠাৎ কথা বন্ধ হয়ে যায়। নিরাপদ স্থান থেকে যিনি কলটি ধরেছিলেন, তিনি যখন নিশ্চিত হলেন, ধ্বংসস্তূপের নিচে থাকা তাঁর আপনজনটির মুঠোফোনের ব্যাটারিতে পূর্ণ চার্জ ছিল, তখন সবাই ধরে নিলেন, মানুষটি আর নেই। পরদিন তাঁর মৃতদেহ পাওয়া যায়। ২০০৬ সালের ফিনিক্স ভবনের মতো ২০১৩ সালের এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসে যাওয়ার পর ওই ভবন থেকে ভেসে আসছিল ঠিক একই রকম বা তার চেয়েও করুণ কাহিনি। খুঁজতে আসা স্বজনেরা উদ্ধারকারীদের হিসাব দিচ্ছিলেন কার কজন আছেন ওখানে। যেন ২০০৬ সালের মার্চের সেই দুর্ঘটনা আরও শক্তিশালীরূপে ফিরে এসেছিল ২০১৩ সালের এপ্রিলে। ২০২২ সালেও সীতাকুণ্ডের অগ্নিস্তূপের মৃত্যুদ্বার থেকে এসেছে স্বজনদের এমন ফোন, যাঁদের পরে আর পাওয়া যায়নি। আবার সেই শেষ ফোনালাপ ট্র্যাজেডি, আবার লাশের ওপর লাশ।

২০০৬ সালের লেখাটিতে আমি একটা অনুসিদ্ধান্ত (হাইপোথিসিস) দিয়েছিলাম, তা হলো ‘লঞ্চডুবি, সড়ক দুর্ঘটনা, ভবনধস, কারখানায় আগুনসহ দুর্ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের জন্য স্বাভাবিক ঘটনা।’ ২০০৬ থেকে ২০২২—আজ ১৬ বছর পর আমার সেই অনুসিদ্ধান্তের দিকে তাকিয়ে মনে হলো অনুসিদ্ধান্তটি যেন সূত্রে রূপ নিয়েছে। এ সূত্র প্রমাণ করার জন্য এত স্বল্প পরিসরে ১৬ বছরের গবেষণা প্রতিবেদন প্রকাশ করা সম্ভব নয়। তবে আগে-পরে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কয়েকটা তথ্য দিয়ে আপনাদের তা বুঝিয়ে দিতে পারি। যেমন ২০০৪ সালের শাঁখারিবাজার, ২০০৫ সালের স্পেকট্রাম ও ২০০৬ সালের ফিনিক্স ভবন ধসের ঘটনা, ২০১০ সালের নিমতলী ট্র্যাজেডি, ২০১২ সালের তাজরীন গার্মেন্টস ট্র্যাজেডি ও ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ভবন ধস। সেই সঙ্গে বাড়িতে কিংবা বাজারে অগ্নিকাণ্ড তো আছেই! শুধু নীলক্ষেতের বইয়ের দোকানেই নয়, সারা দেশের বিভিন্ন অঞ্চলে দোকান পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটে প্রায়ই। ২০২০ সালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৭টি দোকান, গত বছর ২২ জুলাই চাঁপাইনবাবগঞ্জ শহরের তহা বাজারে অগ্নিকাণ্ডে ৪০টি দোকান এবং এ বছর ৬ জানুয়ারি ভোলার বোরহানউদ্দিনে ৩০টি দোকানঘর পুড়ে ছাই হয়। এত পোড়াপুড়ির পাশাপাশি সড়ক দুর্ঘটনা তো চলছেই হরদম। বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশনের মতে, এই গত মাসে সারা দেশে ৫২৮টি সড়ক দুর্ঘটনা ঘটে, যাতে নিহত হয় ৬৪১ জন।

আমি জানি, বাংলাদেশে আমার মতো অনেকেই আছেন, যাঁরা পত্রিকা পড়ে বছরের পর বছর ধরে দুর্ঘটনা নিয়ে গবেষণা করে আসছেন। আজ ওই গবেষকদের এবং সেই সঙ্গে সরকারি–বেসরকারি সব কর্তৃপক্ষকে বলব, আর কত! আসুন, আমরা সবাই মিলে এবার এ দুর্ঘটনা আর ধ্বংসের সূত্রটিকে ভুল প্রমাণ করতে ঐক্যবদ্ধ হই। আমাদের এবারের অনুসিদ্ধান্ত হোক ‘সদিচ্ছা থাকলে লঞ্চডুবি, সড়ক দুর্ঘটনা, ভবনধস, গার্মেন্টসে আগুন কিংবা রাজনৈতিক বিশৃঙ্খলার মতো অপ্রত্যাশিত দুর্ঘটনাগুলো আর ঘটবে না।’ কিন্তু এ সদিচ্ছাকে কীভাবে কাজে রূপ দেওয়া যায়, এ প্রশ্নের জবাব বোধ করি আপনাদের কাছেও আছে। ২০১৩ সালের বইমেলায় শিশুফুল নামে আমার একটা বই বের হয়েছিল। ওটার ভেতরে আমি ‘জনস্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক সিদ্ধান্ত’ নামের একটি প্রবন্ধে যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলো এসব দুর্ঘটনা থেকে কীভাবে মুক্ত থাকছে, তার একটা প্রাথমিক ধারণা দিয়েছিলাম। দেশে ও বিদেশে বাংলাদেশের অনেক স্থপতি, নগর–পরিকল্পনাবিদ, জনস্বাস্থ্যবিজ্ঞানী, পরিবেশবিজ্ঞানী ও রাজনীতিবিজ্ঞানী কাজ করে যাচ্ছেন। এবার তাঁদের সবাইকে অনুরোধ করব, আসুন আমরা এবার আমাদের দেশটিতে বিদ্যমান থাকা ধ্বংস ও দুর্ঘটনার পুনরাবৃত্তির সূত্রটিকে ভুল প্রমাণ করতে লেগে যাই। কতিপয় রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ধনকুবেরের লোভ ও খামখেয়ালিপূর্ণ ভুল সিদ্ধান্তের কাছে ধ্বংসের অনুসিদ্ধান্তটিকে আর ফেলে রাখা যায় না!

পৃথিবীর উন্নত দেশগুলোতে দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য রয়েছে নানা ব্যবস্থা, নিয়মকানুন ও রাষ্ট্রীয় আইন। লন্ডনে জনস্বাস্থ্য বিষয়ে এমএসসি করতে গিয়ে আমরা এইচআইএ নামে একটা টার্ম শিখেছিলাম, যার মানে হলো হেলথ ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। উন্নত দেশগুলোতে কোথাও কোনো স্থাপনা নির্মিত হওয়ার আগে যে স্থানে নির্মিত হওয়ার পরিকল্পনা চলছে, সেই স্থান ও নির্মাণকৌশল নিয়ে জনস্বাস্থ্য–বিষয়ক কিছু জরুরি ইস্যু বিবেচনা করা হয়, সেটিই হলো এইচআইএ। যেমন ১. প্রস্তাবিত স্থাপনার আকার, উদ্দেশ্য ও ব্যবহার বিবেচনায় স্থানটির স্থিতিগত অবস্থা (মাটি ও ভূগর্ভস্থ পরিবেশ মিলিয়ে); ২. স্থানটির আবহাওয়া ও ভৌগোলিক অবস্থা; ৩. প্রস্তাবিত স্থাপনাটি যদি কোনো কারখানা বা শিল্প ভবন হয়ে থাকে, তবে আশপাশের লোকালয়ে অবস্থানরত মানুষদের জীবনযাত্রায় এর প্রভাব; ৪. প্রস্তাবিত কারখানার কাঁচামাল ও উৎপাদিত মালামাল আনা-নেওয়া করার জন্য পর্যাপ্ত জায়গা; ৫. বর্জ্য ব্যবস্থাপনা; ৬. আগামী ১০ বছরে প্রস্তাবিত কারখানাটি ওই স্থানের আবহাওয়া ও জলবায়ুর ওপর কী কী প্রভাব ফেলতে পারে। আর এ বিষয়গুলো বিবেচনা করার জন্য থাকতে হবে স্থাপনা নির্মাণ–বিষয়ক রাষ্ট্রীয় আইন; স্থাপনা ও জনস্বাস্থ্য–বিষয়ক স্বতন্ত্র মন্ত্রণালয়/অধিদপ্তর; সংশ্লিষ্ট বিষয়ে সর্বক্ষেত্রে অভিজ্ঞ ও দক্ষ জনগোষ্ঠী। এইচআইএ বিবেচনার জন্য উল্লিখিত বিষয়গুলোর পাশাপাশি আমাদের সবার দায়িত্বশীলতা ও আন্তরিকতা থাকলে দেশে এমনভাবে দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে না। সড়ক দুর্ঘটনা ও লঞ্চডুবি প্রতিরোধেও এইচআইএ নীতিমালা ও যথার্থ পূর্বপ্রস্তুতি প্রযোজ্য।
সীতাকুণ্ডের বিএম ডিপোতে রাসায়নিক কনটেইনার রাখার অনিয়ম পাওয়া গেছে।

একইভাবে দেশের অনেক কেমিক্যাল কোম্পানিও বিস্ফোরক অধিদপ্তর থেকে লাইসেন্স নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। কিন্তু সেগুলো কাগজে-কলমে। লাইসেন্স পাওয়ার শর্ত কে কতটা পূরণ করেন আসলে! এসব নন-প্রফেশনাল ও ঠুনকো লাইসেন্স দিয়ে চলবে না। বিস্ফোরক দ্রব্য উৎপাদন, বহন ও বিপণন করার ক্ষেত্রে বিদ্যমান রাষ্ট্রীয় নীতিমালা ও আইনকানুনগুলো কেমন বা আদৌ আছে কি না, তা যাচাই করে দেখতে হবে। যা যা নেই, তা চালু করতে হবে; যা যা আছে, তা ঢেলে সাজিয়ে জনসাধারণকে সঙ্গে নিয়ে এর যথার্থ প্রয়োগ নিশ্চিত করতে হবে। তবেই সম্ভব হবে দুর্ঘটনা এড়িয়ে সবার নিরাপত্তা নিশ্চিত করা।

  • রাশেদ রাফি জনস্বাস্থ্য ও সামাজিক বিজ্ঞান–বিষয়ক গবেষক। ই–মেইল: [email protected]