দীর্ঘদিন রোগভোগের পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সহধর্মিণী সৈয়দা জোহরা তাজউদ্দীন গত শুক্রবার ইন্তেকাল করেছেন । তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
সুসময়ে অনেকেই দেশ ও দলের নেতৃত্ব দিতে পারেন, কিন্তু তিনিই প্রকৃত নেতা বা নেত্রী, যিনি দুঃসময়ে এই নেতৃত্ব নিজের কাঁধে স্বেচ্ছায় তুলে নেন। কাকতালীয় হলেও সত্য বাংলাদেশের ঘোর দুর্দিনে এই গুরুদায়িত্ব পালন করেছেন তাজউদ্দীন আহমদ ও সৈয়দা জোহরা তাজউদ্দীন। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তাজউদ্দীন আহমদ মুজিবনগর সরকারের নেতৃত্ব দেন।
আর পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকেরা যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে এবং ৩ নভেম্বর জেলখানায় তাজউদ্দীন আহমদসহ জাতীয় চার নেতাকে হত্যা করে, তখন জোহরা তাজউদ্দীনকেই ঐতিহ্যবাহী আওয়ামী লীগের দায়িত্ব নিতে হয়। দেশ ও দলের সেই ঘোর দুর্দিনে তিনিই হয়ে ওঠেন দল ও গণতান্ত্রিক আন্দোলনের আলোকবর্তিকা। সে সময়ে জোহরা তাজউদ্দীন রাজনীতিতে অনভিজ্ঞ হলেও আদর্শের দীপশিখায় প্রজ্বলিত রেখেছেন দলের মশাল। সেই চরম প্রতিকূল পরিবেশে তিনি দলকে পুনর্গঠিত করেছেন, দলের দিগ্ভ্রান্ত নেতা-কর্মীদের একত্র করে গণতন্ত্রের সংগ্রামকে করেছেন সংহত। পরে আওয়ামী লীগের নেতৃত্বে একাধিকবার পরিবর্তন এলেও জোহরা তাজউদ্দীনের মর্যাদার আসনটি কেউ টলাতে পারেননি।
এখানে একটি বিষয় উল্লেখ্য, একাত্তরে মুজিবনগর সরকারের অন্য নেতারা পরিবার-পরিজনের সঙ্গে থাকলেও প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ৮ থিয়েটার রোডে নিজের অফিসকক্ষেই রাত কাটাতেন। ফলে মুক্তিযুদ্ধের পুরোটা সময়ই জোহরা তাজউদ্দীনকে একাই সন্তান ও সংসারের সমুদয় ভার বহন করতে হয়েছে।
বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের সংগ্রামে জোহরা তাজউদ্দীনের অবদান অপরিসীম। জাতির ক্রান্তিলগ্নে তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিলেও পরবর্তীকালে সেই দায়িত্ব স্বেচ্ছায় অন্যের হাতে ন্যস্ত করতেও দ্বিধা করেননি। স্বামী তাজউদ্দীন আহমদের পথ অনুসরণ করেই তিনি রাজনীতিতে ক্ষমতালিপ্সার বদলে ত্যাগের মহিমা ঊর্ধ্বে তুলে ধরেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
আমরা দুর্দিনের এই কান্ডারির মৃত্যুতে গভীর শোক জানাই। তাঁর স্বজনের জন্য রইল সমবেদনা।