দুর্নীতি নিশ্চয়ই ভূত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতেই বঙ্গ কেচ্ছা। আফগানিস্তানের এক মন্ত্রী এসেছেন পাকিস্তান সফরে। বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনের সিল-ছাপ্পর মারতে মারতে পাকিস্তানি ইমিগ্রেশন কর্মকর্তার খুব বিনয়ের সঙ্গে প্রশ্ন: ‘স্যার, আপনি কোন মন্ত্রণালয়ের মন্ত্রী?’
গম্ভীর উত্তর: ‘সমুদ্রবন্দর ও সমুদ্র পরিবহন।’
পাকিস্তানি ইমিগ্রেশন কর্মকর্তা হকচকিয়ে গেলেন। আমতা আমতা করে বললেন, ‘স্যার, আফগানিস্তানে তো সমুদ্র নাই।’
বিরক্ত হয়ে আফগান সমুদ্রমন্ত্রীর উত্তর: ‘তাতে হয়েছে কী? তোমাদের পাকিস্তানে আইন ও বিচারমন্ত্রী তো আছেন।’
আমাদেরও আছেন।
এবং প্রায় আসল কেচ্ছা। ঘটনা সঠিক, তবে উপস্থাপন করছি কিছু টক-ঝাল-মিষ্টি মিশিয়ে। কিছুকাল আগে কথা হচ্ছিল দ্বিতীয় বিশ্বের এক দেশের উচ্চতর পর্যায়ের এক বিচারকের সঙ্গে। দ্বিতীয় বিশ্ব অর্থাৎ মধ্যম আয়ের দেশ। মাঝারি আকারের দেশ, জনসংখ্যা আমাদের তুলনায় অনেক কম। কথা হচ্ছিল আইন, বিচার নিয়ে এবং কথা প্রসঙ্গে এসে গেল দুর্নীতির বিষয়। ভদ্রলোকের প্রশ্ন: ‘দুর্নীতির দায়ে বিচারে সাজা হয়ে এখন কয়জন বিচারক জেল খাটছেন?’
আঁতকে উঠলাম। এ কোন ধরনের হতচ্ছাড়া প্রশ্ন? অধমের তাৎক্ষণিক উত্তর: ‘আরে কী যে বলেন, বিচারকেরা কেন জেলে থাকবেন। না, আমাদের কোনো বিচারক/বিচারপতির কখনো দুর্নীতির দায়ে জেল হয়েছে বলে শুনি নাই। জেল হলে অবশ্যই পত্রপত্রিকায় রিপোর্ট হতো। নিশ্চয়ই জানতাম।’
আমাদের বয়ান শুনে ভদ্রলোকের গম্ভীর মন্তব্য: ‘তাহলে বুঝলাম, আপনাদের বিচারব্যবস্থায় দুর্নীতি নাই। অতি উত্তম।’

দুই
ছোটবেলা ভূতের গল্প শুনে কল্পনায় ভূত দেখে ভয় পায়নি এমন মানুষ নিশ্চয়ই এ দেশে অত্যন্ত বিরল। বড়দের কাছে ভূতের গল্প শুনতে শুনতে অথবা ভূতের গল্পের বই পড়তে পড়তে চাদরে বা লেপে পুরো মাথা ঢেকে নিশ্চুপ নড়াচড়া না করে শুয়ে থাকা বা আলো-অন্ধকারের ছায়ায় অস্বাভাবিক আকৃতির কিছু দেখে ভয়ে চোখ বন্ধ করে দোয়া-দরুদ পড়া, বিশেষত শহর থেকে গ্রামে বেড়াতে গেলে—এগুলো কমবেশি প্রায় সবারই বেড়ে ওঠার বয়সের অভিজ্ঞতা। সেই বয়সে ভয় পেয়েছি সবাই, কিন্তু ভূত তো কেউ সত্যি সত্যি দেখিনি।
এখন আমাদের মনে হচ্ছে, বাংলাদেশে দুর্নীতি নিশ্চয়ই ভূত। সবাই দুর্নীতি নিয়ে কথা বলছি, আলাপ-আলোচনা-বিশ্লেষণ হচ্ছে, টক শো আর কলাম লেখালেখি হচ্ছে এন্তার। দুর্নীতিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান দখলসহ কামিয়াবিও হচ্ছে বহু প্রতিষ্ঠানের। কিন্তু দুর্নীতির দায়ে কেউ তো ধরা পড়ছে না। বড় কোনো দুর্নীতির টাকা উদ্ধার হচ্ছে না। দুর্নীতির জন্য লজ্জায় সমাজে কারও মাথা হেঁট হচ্ছে না। সামাজিকভাবে কাউকে পরিহার করা হচ্ছে না।
বরং চার-পাঁচ বছর যে সামান্য কিছু ব্যক্তি দুর্নীতির দায়ে সাজা পেয়েছিলেন, মহামান্য হাইকোর্ট তাঁদের প্রায় সবাইকে নির্দোষ ঘোষণা করেছেন। যাঁরা এখন বিরোধী দলে আছেন, তাঁদের সবাই হয়তো এখনো নির্দোষ ঘোষণা পাননি। বিরোধী দল থেকে সরকারি দল হওয়া পর্যন্ত আর অল্প কিছুদিন তাঁদের অপেক্ষা করতে হবে। এ আশায় তাঁরা বুক বেঁধে নিশ্চয়ই থাকতেই পারেন।
উচ্চ পদাধিকারী ব্যক্তিদের মধ্যে কেবল হুসেইন মুহম্মদ এরশাদের মাত্র একটি মামলায় দুর্নীতির জন্য সাজা হয়েছিল। উচ্চ আদালত শাস্তি কমিয়ে অর্ধেক করলেও সম্পূর্ণ মাফ করেননি। একইভাবে এই দুর্নীতির মামলায় দুর্নীতিলব্ধ অর্থের অর্ধেকটা তিনি ফেরত দিয়েছিলেন। বাকি পৌনে তিন কোটি টাকা মাফ পেয়েছিলেন অতিরিক্ত তিন মাস জেল খেটে। মাসপ্রতি মাফ পেয়েছিলেন এক কোটি টাকা।
আর এখন বছর পনেরোও পার হয়নি জেল খাটার, দলে দলে ভীষণ সব গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দল-জাত-পাত্রনির্বিশেষে সবাই তাঁর দোয়া প্রার্থী। আকছার, অকাতরে তিনি সবাইকে দোয়া করছেন। তাঁর দোয়াপ্রাপ্তির ঘটনা সদর্পে ফলাও করে প্রকাশিত হচ্ছে সংবাদমাধ্যমে। আর পর্দার আড়ালে আরও কত ধরনের দোয়া চাওয়া এবং দেওয়া হয়েছে, তা কে জানে। আরও পেছনে ফিরে গেলে ষাটের দশকে পাকিস্তান আমলে দুর্নীতির কারণে যখন চাকরি গেছে—এমন আমলা আছেন যিনি এখন রাজনীতির শীর্ষে। অর্থাৎ নিশ্চয়ই তাঁরও দুর্নীতি ছিল ভূতের মতো রূপক।
অর্থাৎ এ দেশে দুর্নীতি নিশ্চয়ই ভূত। ভূতের গল্পের ভূতের মতো দুর্নীতি আছে কথায়-বার্তায়, কাগজে-কলমে, ধারণায়-জরিপে। কিন্তু ভূতের মতো আসলে বাস্তবে এ দেশে কিছু নেই। যদি থাকত, তাহলে আমরা নিশ্চয়ই দুর্নীতিবাজদের ধরতে পারতাম, বিচার করতে পারতাম, শাস্তি দিতে পারতাম। সেই সঙ্গে সামাজিকভাবে তাদের পরিত্যাগ করতে পারতাম। পারতাম ত্যাজ্য করতে, বয়কট করতে এবং সর্বোপরি ভোট না দিতে।
এসবের কোনো কিছুই আমরা করি না। কারণ, আসলে এ দেশে দুর্নীতি আছে শুধুই ভূতের আদলে।

তিন
বিবিসির তথ্য অনুযায়ী অত ধনী না হলেও কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার ওপরের দিকে আছে দক্ষিণ আফ্রিকা অঞ্চলের দেশ বতসোয়ানা আর ক্যারিবিয়ান দেশ বারবাডোজ। বলে রাখা ভালো, দেশ ধনী হলেই যে দুর্নীতি কম হবে, তার কোনো নিশ্চয়তা নেই। যেমন, মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ অনেক দেশ ধনসম্পদ, অর্থাৎ জনগণের গড় আয়ের হিসাবে গড়ে ধনী দেশের কাতারে। কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণাসূচকে ওই সব দেশের অবস্থান ঈর্ষণীয় নয়।
বিবিসি বলছিল, তারা বতসোয়ানার লোকজনের সঙ্গে কথা বলে বুঝেছে যে ওই দেশের জবাবদিহির একটা ঐতিহ্য আছে। কোনো বড় পদে কেউ বসলে অর্থাৎ বড় দায়িত্বে নিয়োজিত হলে, সে তার প্রতিটি কাজের ও পদক্ষেপের যৌক্তিকতা ও গ্রহণযোগ্যতার দিকে নজর রাখে।
আমাদের তো সম্পূর্ণ উল্টো। পদ পেয়েছি, অতএব যা ইচ্ছা তা-ই করব। কারণ, ক্ষমতা আমার। যেমন এই সরকারের একটা অন্যতম সাফল্য হলো, বিশ্ববিদ্যালয় পর্যায়েও এমন সব লোককে খুঁজে বের করে করে উপাচার্য করা, যাঁরা পিয়ন-মালি-দারোয়ান পদে পর্যন্ত নিয়োগ-বাণিজ্য করতে কুণ্ঠিত হবেন না। বলা বাহুল্য, প্রথমত নিঃসন্দেহে সব উপাচার্য নিয়োগ-বাণিজ্য করেন না এবং এ গোছের উপাচার্য শুধু যে এই সরকারের আমলেই নিয়োগ পেয়েছেন, তা নয়। গত সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ ধরনের শত শত নিয়োগ আদালতের আদেশে বাতিল হয়েছে।
কথা হচ্ছিল বতসোয়ানার উচ্চ পদাধিকারীদের জবাবদিহি নিয়ে। যে ব্যক্তি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োজিত হচ্ছেন, অন্তত তাঁর কাছ থেকে আমরা জবাবদিহি আশা করতে পারি, নিয়োগ-বাণিজ্যের দুর্নীতির পরিবর্তে।
আইনমন্ত্রী যেখানে আইনগতভাবে বাছাই কমিটির সদস্য এবং আইন মন্ত্রণালয় যেখানে বাছাই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে, সেখানে বাছাই কমিটি যদি আইনমন্ত্রীর স্ত্রীকে বাছাই করে এবং রাষ্ট্রপতি আইনমন্ত্রীর স্ত্রীকে উক্ত পদে নিয়োগ দেন, তখন অন্তত এ ক্ষেত্রে যে নিয়োগ-বাণিজ্যসংক্রান্ত দুর্নীতি হয়নি, তা নিশ্চয়ই দাবি করা যায়। স্বচ্ছতা, জবাবদিহি, স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি অনেক অভিযোগ সমালোচকেরা করতেই পারেন। তবে এই অধম নিশ্চিত, দুর্নীতি এখানে হয়নি।
বিবিসিকে বারবাডোজের বিরোধী দলের নেতা বলছিলেন যে তাঁরা—সরকার এবং বিরোধী দল—মিলে চেষ্টা করেন যেন ন্যায়ানুগ সিদ্ধান্ত হয়। সব কাজে ন্যায়পরায়ণতা নিশ্চিত করার চেষ্টা করা হয়। তাঁর কথা, ‘জেনেশুনে আমরা অন্যায় না করার চেষ্টা করি। এটাই আমাদের ঐতিহ্য আর সংস্কৃতি।’
আর এই অধমের দুশ্চিন্তা—এই পবিত্র রমজান মাসে দোকান বা রেস্তোরাঁ থেকে কেনা ইফতারিতে ভেজালের মাত্রা কত থাকে! নিঃসন্দেহে রাতারাতি বড় লোক হওয়ার জন্য ইফতারির বাজারে এখন বিক্রেতা-ক্রেতার অভাব নেই।
কিছুদিন আগে পরিবেশ বাঁচাও আন্দোলনের একটি জরিপ সংবাদমাধ্যমে এসেছিল। একটি জাতীয় ইংরেজি সংবাদপত্র হেডলাইন করেছিল, ‘৯৪ শতাংশ আমে ফরমালিন’। ভেবেছিলাম, ‘আম থেকে সাবধান!’ এই শিরোনামে কলাম লিখব। লেখা হয়ে ওঠেনি।
মোদ্দা কথা, ইফতারিতে, ওষুধে, ব্লাডব্যাংকের রক্তে যখন আমরা অকাতরে ভেজাল মেশাতে পারি, তখন আমাদের অভিধানে ‘ন্যায়পরায়ণভাবে কাজ করা’ এমন শব্দসমাহার থাকা আদৌ উচিত কি না। বলা বাহুল্য, এই লেখার অনেক কথার মতো অভিধানে এত শব্দ একসঙ্গে থাকে না। অর্থাৎ কথাটা রূপক অর্থে, শাব্দিক অর্থে নয়। যেমন এরশাদের দোয়া করা।

চার
‘বেলা যে ফুরায়ে যায়, খেলা কি ভাঙ্গে না হায়, অবোধ পথ যাত্রী...’ রবীন্দ্রনাথের এই গানটির সুর বা কথা পাঠকদের কানে ভাসবে কি না, জানি না। তবে অধমকে মনে করিয়ে দিচ্ছে বিশিষ্ট আইনজীবী ড. এম জহিরের না ফেরার দেশে চলে যাওয়ার কথা। বহুকাল বহু কমিটিতে ছিলেন। বহু সরকারকে উপদেশ দিয়েছেন। নিশ্চিত, পদে গেলে জবাবদিহির কথা মনে রাখতেন, ন্যায়পরায়ণভাবে কাজ করতেন।
বিভিন্ন বছরের জুলাইয়ের ১১, ১২ ও ১৩ তারিখে তিনজন দুর্নীতির ঊর্ধ্বে থাকা আইনজীবী না ফেরার দেশে চলে গিয়েছেন।
আমিনুল হক, সৈয়দ ইশতিয়াক আহমেদ আর এই মাত্র ড. জহির। আমিনুল হক কমবেশি বছর পাঁচেক বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন। সৈয়দ ইশতিয়াক আহমেদ দু-দুবার ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। ড. জহির আক্ষরিক অর্থে পদে না থেকেও বহু বছর ছিলেন পদের ঊর্ধ্বে।
নিশ্চিতভাবে, দুর্নীতি তাঁদের চৌহদ্দিতে আসতে পারেনি কখনোই। আর আজ যাঁরা দুর্নীতি করছেন বা করেছেন বা করবেন, এই বাংলায় তাঁদের বিচার হবে একদিন।
দুর্নীতি বাস্তব। একে আর ভূত বলে চালানো যাবে না। আমরা, ওঝারা এখন প্রস্তুত। ভূত এবার তাড়াব।
শাহদীন মালিক: জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; পরিচালক, স্কুল অব ল, ব্র্যাক ইউনিভার্সিটি।