দুর্নীতিমুক্ত বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক সংঘাত, সংঘর্ষ, প্রতিরোধ, প্রতিহত, হরতাল, অবরোধের পর অনুষ্ঠিত হলো দশম জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকারের অধীন সেই নির্বাচনে বিজয়ী হয়ে গঠিত হলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্যের নতুন সরকার। যদিও প্রধান বিরোধী দল এই নির্বাচন বর্জন করায় যা ছিল অনেকটাই একতরফা।

সহিংস রাজনীতির কবলে পড়ে ঝরে গেল বেশ কিছু নিরীহ প্রাণ, সক্রিয় রাজনীতির সঙ্গে যাদের ছিল না কোনোই সম্পৃক্ততা। অন্যদিকে ব্যবসা-বাণিজ্যসহ পুরো অর্থনৈতিক খাত আজ বিধ্বস্ত প্রায়। কয়েক দিন আগে হয়ে গেল নবগঠিত মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এখন সাধারণ জনগণ তাদের কাছ থেকে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করে সুশাসনের প্রত্যাশা করে।

সুশাসন প্রতিষ্ঠা করার পথে দুর্নীতি একটি বড় ও প্রধান অন্তরায়। দুর্নীতির ধারণাসূচকে আমাদের দেশের বেশ কয়েক ধাপ উন্নতি হলেও মোট দুর্নীতির পরিমাণ কমেছে—এ কথা জোর দিয়ে বলা যায় না। উপরন্তু ক্ষেত্রবিশেষে এর পরিমাণ বেড়েছে। যদিও নতুন মন্ত্রিসভায় আগের অনেক বিতর্কিত ব্যক্তির স্থান দেওয়া হয়নি। ক্ষমতায় থাকাকালীন যাঁদের সম্পদ বৃদ্ধি পেয়েছে কয়েক শ গুণ পর্যন্ত। বরং নির্বাচনী হলফনামা অনুযায়ী তাঁদের সম্পদের হিসাব খতিয়ে দেখা হবে বলে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। এটি অবশ্যই সরকারের জন্য ইতিবাচক একটি দিক।

তবে শুধু আগের দুর্নীতির বিষয়েই তৎপরতা সীমাবদ্ধ থাকলে চলবে না, নতুন করে কোথাও কেউ যেন দুর্নীতির সুযোগ নিতে না পারেন, সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আর এর জন্য সর্বাগ্রে প্রয়োজন দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা।

আমরা জানি, সংবিধান অনুসারে বর্তমান সরকারের মেয়াদ পাঁচ বছর। তবে প্রধান বিরোধী জোটের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমঝোতা হলে সে ক্ষেত্রে মধ্যবর্তী নির্বাচন হতে পারে। তবে নতুন সরকার যত দিনই দেশ পরিচালনা করুক, আমরা চাইব দেশে যেন সুশাসন বিরাজ করে, দেশ যেন দুর্নীতিমুক্ত থাকে।

তারেক আজিজ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।