তৈরি পোশাকশিল্পের নানা অনিয়ম ও বিচ্যুতি নিয়ে যখন দেশে-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা, তখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই শিল্পের যে মস্ত বড় দুর্বলতা চিহ্নিত করেছে, তা হলো উৎকোচ। ঢাকা, সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৮০টি কারখানার ওপর টিআইবি পরিচালিত জরিপে দেখা যায়, একটি কারখানা চালু করতে উদ্যোক্তাদের বিভিন্ন সরকারি দপ্তরে ৭ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত উৎকোচ দিতে হয়।
টিআইবির প্রতিবেদন অনুযায়ী শিল্পপ্রতিষ্ঠান গড়তে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয় রাজউককে, এক লাখ ২৪ হাজার থেকে তিন লাখ ৫৪ হাজার টাকা। এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, এনবিআর, আমদানি-রপ্তানি দপ্তর, ডেসা, ডেসকো থেকে শুরু করে এর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সব সরকারি প্রতিষ্ঠানকেই কমবেশি ঘুষ দিতে হয়। কেবল শিল্পপ্রতিষ্ঠান নয়, বাসভবন নির্মাণ করতেও রাজউককে কমবেশি ঘুষ দিতে হয়। তৈরি পোশাক খাতের মালিকেরা সমাজের সুপ্রতিষ্ঠিত ব্যক্তিই নন, জাতীয় সংসদের মোট সদস্যের ১০ শতাংশও তাঁদের করায়ত্তে। এই শিল্প প্রতিষ্ঠায় যদি ঘাটে ঘাটে মোটা অঙ্কের উৎকোচ দিতে হয়, তাহলে অন্যান্য খাতে কী পরিমাণ ঘুষ দিতে হয়, তা অনুমান করা কঠিন নয়।
একটি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে যেসব আইনকানুন আছে, সেগুলো যদি উদ্যোক্তারা যথাযথভাবে মেনে চলেন, তাহলে তো ঘুষ দেওয়ার প্রয়োজন নেই। এখানেই হলো চোরে চোরে মাসতুতো ভাই। এসব সেবামূলক সরকারি প্রতিষ্ঠানে যাঁরা আছেন, তাঁরাই আইনের ফাঁকফোকরগুলো বাতলে দেন এবং এর বিনিময়ে মোটা অঙ্কের উৎকোচ আদায় করেন। এ ধারাই চলে আসছে। তাহলে বর্তমান সরকার যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান এক নম্বর অগ্রাধিকার বলে ফলাও প্রচার চালাচ্ছে, তার কী হলো?
ঘুষ-দুর্নীতি বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা কী করছেন, তা জানার অধিকার দেশের মানুষের আছে। কয়েক মাস আগে রানা প্লাজায় কিংবা তাজরীন গার্মেন্টসে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটল, সে জন্য সংশ্লিষ্ট মালিকদের যেমন দায় আছে, তেমনি দায় অস্বীকার করতে পারেন না যে প্রতিষ্ঠানগুলোর ছাড়পত্র যাঁরা দিয়েছেন। এসব প্রতিষ্ঠান উৎকোচের গুণে দিনকে রাত এবং রাতকে দিন করতেও দ্বিধা করে না।
টিআইবি প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করেছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা। এই প্রতিবেদন প্রকাশের পর স্বভাবতই দেশবাসী দেখতে চাইবে, সরকার তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে? তৈরি পোশাকশিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা, শ্রম সংঘ বাধ্যতামূলক করা, আধুনিক যন্ত্রপাতি, জনবলসহ ফায়ার স্টেশন, শ্রমিকদের ক্ষতিপূরণ বৃদ্ধি, দায়ী মালিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিধান সংযোজন, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ তহবিল গঠন করার যেসব প্রস্তাব টিআইবি দিয়েছে, তার সঙ্গে দ্বিমত করার কিছু নেই। কিন্তু যাঁদের ওপর তদারকির ভার থাকবে, তাঁরাই যদি উৎকোচ-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন এবং শাস্তি না পান, তাহলে এসব প্রস্তাব কাগুজে প্রস্তাবে পরিণত হবে।
আমরা আশা করব, টিআইবির প্রতিবেদনের পর সরকারের টনক নড়বে এবং ঘুষখোর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।