প্রাচীন বঙ্গের রাজধানী মুর্শিদাবাদ পরিত্যক্ত হয়েছিল পানিদূষণের কারণে, আর আধুনিক বাংলাদেশের রাজধানী ঢাকা বিপর্যয়ের কিনারে দাঁড়িয়ে আছে রাজনৈতিক দূষণের জন্য। যুক্তরাজ্যের ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের জরিপে আবারও ঢাকা বিশ্বে বসবাসের অযোগ্য শহরের ‘সম্মান’ পেয়েছে। ঢাকার চেয়ে পিছিয়ে মাত্র একটি শহর, গৃহযুদ্ধে বিধ্বস্ত দামেস্ক। কোনো রকম জরিপ ছাড়াই রাজধানীবাসী প্রতিদিন হাড়ে-মাংসে-নিঃশ্বাসে এই সত্য উপলব্ধি করে। অথচ দেশের সরকারের সে ব্যাপারে কোনো হুঁশ আছে বলে মনে হয় না।
রাজধানী যেকোনো দেশের প্রচ্ছদের মতো। সেই হিসেবে ঢাকা বাংলাদেশের এক বিবর্ণ উৎকট প্রচ্ছদ। অঢেল বিত্তবৈভবের পাশে অঢেল দুর্ভোগের এক অদ্ভুত সহাবস্থান চলে এই নগরে। মোগল আমলে প্রতিষ্ঠিত এই প্রাদেশিক রাজধানী ছিল মনোরম। নদী-জলাভূমি ও বৃক্ষরাজির সঙ্গে নাগরিক জীবনের মিতালির কথা বিদেশি পর্যটক ও চিত্রকরদের মাধ্যমে আমরা জানতে পারি। ষাটের দশকের ঢাকা ছিল স্নিগ্ধ। আশির দশকের ঢাকায় গতি বাড়লেও দুর্গতি সীমা ছাড়ায়নি। কিন্তু নব্বই দশক থেকেই ঢাকার বৃদ্ধি হতে থাকে বিষফোড়ার মতো, আর নগর ব্যবস্থাপনা হতে থাকে নৈরাজ্যের দশায়। এর মধ্যে ঢাকায় সুউচ্চ অট্টালিকা বেড়েছে, সড়ক প্রশস্ত হয়েছে, উড়ালসড়ক তৈরি হয়েছে; এমনকি ঢাকার প্রশাসনকে ভেঙে দুটি ভাগে ভাগও করা হয়েছে। কিন্তু দিনের শেষে জমির দাম বেড়েছে, উন্নয়নকাজের মুনাফা বেড়েছে; কিন্তু ঢাকার জীবনযাপন মোটেই সুগম ও সুন্দর হয়নি। জগদ্দল অবকাঠামো আর কুৎসিত নগরনিসর্গের মধ্যে এই শহরে মানুষের জীবন হাঁসফাঁস করে। শিশু, নারী ও বৃদ্ধদের জন্য এই শহরে চলাচল নরকযন্ত্রণার সমান। এর দায় যেমন নগর প্রশাসনের, তেমনি সরকারের চরম গাফিলতির। তাদের উন্নয়ন পরিকল্পনার মধ্যে অর্থ তছরুপের যত সুযোগ থাকে, ঢাকাকে সুন্দর ও সাবলীল করার আগ্রহ থাকে ততই কম।
পৃথিবীতে রাজপথকে দেখা হয় শহরের জীবননালি হিসেবে। মোটামুটি সচ্ছল দেশেও সেই জীবননালিকে সুন্দর, সবুজ ও গতিশীল রাখা হয়। একসময়কার কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর বা দিল্লির থেকেও ঢাকা সুন্দর ও স্বচ্ছন্দ ছিল। কিন্তু এখন ইকোনমিস্টের তালিকায় ঢাকার স্থান শেষতমের আগের ধাপে। ঢাকা দেশের ও বিশ্বের অন্যতম দুর্নীতির কেন্দ্র হয়ে ওঠা আর নগর হিসেবে এর অধঃপতন দুজনে দুজনার হয়ে পতনকে ত্বরান্বিত করছে। ঢাকা বিশ্বের ঘনবসতিতম শহর, ঢাকায় জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি, ঢাকা ভূমিকম্প-ভবনধস-অগ্নিকাণ্ড-জলাবদ্ধতার মতো প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগের লীলাভূমি হওয়ার সঙ্গে এ শহরের রাজনৈতিক অস্থিতিশীলতারও যোগাযোগ আছে। ঢাকার পানির স্তর যত নেমে যাচ্ছে, ততই এই শহর পরিত্যক্ত হওয়ার দিকে গড়াচ্ছে। সম্পদের অভাব নয়, সম্পদের ভুল ও স্বার্থতাড়িত ব্যবহারই ঢাকার দুর্ভাগ্যের জন্য দায়ী।
ঢাকায় থাকা যখন অভিশাপে পরিণত হচ্ছে, তখন সেই অভিশাপের অভিযোগ এই দেশের রাজনৈতিক নেতা-নেত্রী ও প্রশাসকদেরই দিকে নিক্ষিপ্ত হবে। ঢাকাকে বাঁচাতে যে বিরাট কর্মপরিকল্পনা দরকার, যে নিষ্ঠা ও সৎসাহস দরকার; কোনো সরকার যদি তার ব্যবস্থা না নেয়, তাহলে তার জন্য মাঠে নামতে হবে এই শহরের বাসিন্দাদের। আত্মরক্ষার সেটাই শেষ পথ।