দুর্যোগ-দুর্ঘটনার দিনরাত্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসের পরের ১৭টি দিন মৃত্যুকূপের ভেতরে ও বাইরে লড়াই করেছে দুটি অপ্রতিরোধ্য শক্তি—জীবন ও মৃত্যু। রেশমার অবিশ্বাস্য ফিরে আসা অপরাজেয় জীবনশক্তির প্রমাণ। এই ১৭ দিন তিনি জীবনের আশা ধরে রেখেছিলেন, আর বাইরে থেকে শত শত উদ্ধারকর্মী অমানুষিক প্রচেষ্টায় হাজার হাজার মানুষকে উদ্ধার করতে করতে তাঁর কাছে পৌঁছতে পেরেছেন। দুজন উদ্ধারকর্মীর মৃত্যু নিঃসন্দেহে ত্যাগের বিরল মাইলফলক। কিন্তু সরকারি অথর্বতা ও দায়িত্বহীনতাও বিশ্ব রেকর্ড গড়েছে। লাখো-কোটি মানুষের সাহায্য-সমর্থন দেখে মানুষের বিশ্বাস ফিরলেও, রাষ্ট্র ও প্রশাসনের সার্বিক ব্যর্থতায় প্রশ্ন ওঠে, ভূমিকম্পসহ এ রকম ভয়াবহ বিপর্যয় মোকাবিলার কি কোনো প্রস্তুতি আমাদের আছে?

রানা প্লাজাই কি প্রথম? ২০০৪ সালে শাঁখারীবাজারে ভবনধস, ২০০৫ সালে তেজগাঁওয়ে ফিনিক্স ও সাভারের স্পেকট্রাম ভবনধস, ২০০৯ সালে তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় একাধিক ভবনের হেলে পড়া, ২০১০ সালে নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০১২ সালের নভেম্বরে আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের মতো ঘটনাও সরকারযন্ত্রের টনক নড়াতে ব্যর্থ হয়েছে। একেকটি বিপর্যয় ঘটে, তোড়জোড় করে বিচিত্র সব সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু বাস্তবায়িত হয় না। আমল বদলায়, কিন্তু চরিত্র বদলায় না।

প্রায় আট বছর আগে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে সরকারিভাবে গঠিত কমিটি উদ্ধারসহায়ক যন্ত্র ও সরঞ্জাম ক্রয়ের যে তালিকা দিয়েছিল, তার মূল্যআনুমানিকদুই শ কোটি টাকা। অথচ তহবিলস্বল্পতার অজুহাতে বরাদ্দ হয় মাত্র ৬৯ কোটি টাকা। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের বরাদ্দ এখনো হয়নি। কী মর্মান্তিক পরিহাস, যে দেশে একসঙ্গে শুধু রাশিয়া থেকেই আট হাজার কোটি টাকার অস্ত্র কেনা হয়, সে দেশে স্বেচ্ছাসেবকেরা মান্ধাতার আমলের প্রযুক্তি নিয়ে বিরাট ভবনধস মোকাবিলা করতে বাধ্য হন। সমরাস্ত্র ও সরঞ্জাম কেনায় এর বাইরেও ব্যয় হচ্ছে বিপুল অর্থ। বাস্তব জীবনের হুমকি মোকাবিলায় যে রাষ্ট্র নিরস্ত্র, কল্পিত শত্রু মোকাবিলায় সেই রাষ্ট্রের আকাশচুম্বী সামরিক ব্যয়ের চেয়ে নিষ্ঠুরতা আর কী হতে পারে? এসব অস্ত্র কার কাজে লাগবে? দুর্মুখেরা বলে ‘টয়েজ ফর বয়েজ’—বালকদের যুদ্ধখেলার খেলনা মাত্র।

সাভারের ঘটনায় রাষ্ট্রের সব কাঠামোর ব্যর্থতাই উন্মোচিত হয়েছে। পাশাপাশি প্রকাশিত হয়েছে সাধারণ মানুষের অসাধারণ বীরত্ব। রেশমা ও তাঁদের উদ্ধারকারীরা যে জীবনীশক্তি নিয়ে মৃত্যুকে পরাজিত করেছেন, সেই রকম শক্তি নিয়ে বাংলাদেশের এখন ঘুরে দাঁড়ানো প্রয়োজন। সাভার ট্র্যাজেডিতে নিহত ব্যক্তিরা জানিয়ে গেছেন: আর নয়, আর কখনোই নয়।

জাতিসংঘের মাধ্যমে পরিচালিত এক সমীক্ষা বলছে, ৬ মাত্রার ভূমিকম্পেই ঢাকার প্রায় ৭৮ হাজার ভবন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হবে। উপকূলে ঘূর্ণিঝড়, সমতলে ভূমিকম্প আর শিল্পে-আবাসনে ভবনধসের নিশ্চিত ঝুঁকির মুখে সরকারি উদাসীনতা জীবনের বিরুদ্ধে অপরাধ।