দুর্যোগ ব্যবস্থাপনা ও অন্ধের হাতিদেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 কারখানাগুলোতে শ্রমিকদের কাজের উপযুক্ত পরিবেশ বা তাঁদের মানবিক দিকগুলো অনেকেরই বিবেচনার মধ্যে নেই। রানা প্লাজায় কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশির ভাগ শ্রমিক কাজ শুরু করেন সকালের নাশতা না করে। কারণ, পৌনে আটটার মধ্যে কারখানার গেটে না থাকলে সেই দিনের বেতন পাবেন না। অনেক শ্রমিক তাই সকালের খাবার সঙ্গে নিয়ে আসেন এবং ১০টার দিকে ‘লুকিয়ে’ নাশতা সেরে নেন। ২৪ এপ্রিল সকাল নয়টার সময় যখন রানা প্লাজা ধসে যায়, ধারণা করা যায়, অধিকাংশ শ্রমিক সর্বশেষ খাদ্য গ্রহণ করেছেন আগের রাতে। আমরা জানি যে ভবনধসের পর আটকে পড়া অনেকের মৃত্যু হয়েছে পানিশূন্যতার কারণে। সকালে খাদ্য গ্রহণ অনেক শ্রমিককে আরও অধিক সময় পর্যন্ত বেঁচে থাকার শক্তি দিতে পারত, বাঁচিয়ে দিতে পারত আরও অনেক প্রাণকে। এই বিষয়গুলো তৈরি পোশাক কারখানার কাজের পরিবেশ, সময় ইত্যাদি নিয়ে ভাবার অবকাশ তৈরি করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অনেক তৈরি পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ করেন অপর্যাপ্ত আলো, উচ্চ শব্দ এবং অধিক তাপমাত্রার মধ্যে, যা তাঁদের কাজের কর্মদক্ষতা কমিয়ে দেয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন গবেষণাপ্রতিষ্ঠান এ বিষয়ে গবেষণা করছে, তবে প্রত্যেকে করছে আলাদাভাবে, যা সত্যিকার অর্থে শ্রমিকদের কাজের পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখছে না। বুয়েট, রাজউক ও বিজিএমইএ যৌথভাবে শিগগিরই পোশাক কারখানা ভবনগুলোর কাঠামোগত নকশা ও ভার বহনক্ষমতার বিষয়টি জরিপ করবে। কিন্তু তৈরি পোশাক কারখানার সঙ্গে সম্পর্কিত অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো দৃষ্টির বাইরে থেকে যাচ্ছে, এ যেন অনেকটা অন্ধের হাতি দেখার মতো।

তাই এই আলোচনায় একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তৈরি পোশাক কারখানার কাজের উপযুক্ত পরিবেশ তৈরিতে ভবনের নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, কাজের উপযুক্ত পরিবেশ, শ্রমিকদের অধিকার ইত্যাদি বিষয় নিয়ে আলাদাভাবে কাজ করলে হবে না, বরং প্রতিটি বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ প্যানেলকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে সমন্বিতভাবে কাজ করতে হবে। গবেষণা ও বাস্তবিক প্রয়োগের মধ্যে যে ফারাক রয়েছে, তাকে কমিয়ে আনতে হবে সংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে একসঙ্গে সবগুলো বিষয় নিয়ে কাজ করে। শুধু ভবনের কাঠামোগত নিরাপত্তা নয়, প্রয়োজন সবদিক দিয়ে নিরাপদ সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করা।

শ্রমিকদের জন্য একটা সর্বাঙ্গীণ সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করার পরও ঘটে যেতে পারে রানা প্লাজার মতো কোনো দুর্ঘটনা। ঢাকা শহরের আনাচকানাচে সোহেল রানারা এমন অনেক ভবন তৈরি করে রেখেছেন, যেগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আগেই যদি রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত করে আমাদের দেশকে (আল্লাহ্ না করুন!), সেই দুর্যোগ ব্যবস্থাপনার যথেষ্ট দক্ষতা ও প্রয়োজনীয় সরঞ্জাম কি আমাদের রয়েছে? রানা প্লাজার ধসে সাধারণ জনগণ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী সমন্বিত উদ্ধারকাজের মধ্য দিয়ে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি, তার ওপর ভিত্তি করে আমাদের দক্ষতা ও প্রয়োজনীয় সরঞ্জাম দুই ক্ষেত্রেই সামর্থ্য বাড়াতে হবে, সামনের যেকোনো দুর্যোগ মোকাবিলায় এই অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষাকে কাজে লাগাতে হবে।

২৮ এপ্রিল ২০১৩ ড. খন্দকার সাব্বির আহমেদের নেতৃত্বে আমরা বুয়েটের স্থাপত্য বিভাগের একটি দল (মাহমুদুল আনোয়ার, সহকারী অধ্যাপক; প্যাট্রিক ডি রোজারিও, সহকারী অধ্যাপক; মাতলুবা খান, সহকারী অধ্যাপক; আমরিন শাজাহান, সহকারী অধ্যাপক; মুহাইমিন ইসলাম, লেকচারার) এবং স্থপতি ইউসুফ রেজা ধসে যাওয়া রানা প্লাজা পরিদর্শন করি। এই দলের সঙ্গে যোগ দেন পুরকৌশল বিভাগ, বুয়েটের অধ্যাপক রাকিব আহসান, অধ্যাপক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সহকারী অধ্যাপক তানভীর মঞ্জুর প্রমুখ। ভবনের প্রাথমিক বিশ্লেষণে দেখা যায়, এর পেছনের অংশ দুমড়েমুচড়ে গুঁড়িয়ে যায় এবং সামনের অংশ সম্পূর্ণ ধসে যায়। এই অংশগুলোতে উদ্ধারকর্মীরা কোনো ধরনের উদ্ধারকাজ করতে পারেননি। ‘ম্যান-হোল’ (একজন মানুষ প্রবেশ করতে পারে এমন ফাঁকা জায়গা) তৈরির মাধ্যমে ভবনের মাঝের অংশে বিভিন্ন ফ্লোরে উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালান, তবে সব ফ্লোরে তাঁরা প্রবেশ করতে পারেননি। রানা প্লাজার একদম পাশে অবস্থিত আর এস টাওয়ার থেকে রানা প্লাজায় প্রবেশ করে উদ্ধারকাজ করা হয়। দুই ফ্লোরের মাঝখানে ইট বা ভারী বস্তু দিয়ে গ্যাপকে কিছুটা স্থিতিশীল করা হয়। খন্দকার সাব্বির আহমেদের মতে, এ ক্ষেত্রে কাছাকাছি করাতকল থেকে কাঠ নিয়ে এসে ব্যবহার করা সম্ভব ছিল, যা অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ।

প্রথম দিন থেকেই এভাবে উদ্ধারকাজ পরিচালনা করা হয়, উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতির ব্যবহার শুরু হয় ২৮ এপ্রিল মধ্যরাত থেকে। যখন প্রথম পর্যায়ের উদ্ধারকাজের শেষ জীবিত ব্যক্তি শাহীনাকে জীবিতাবস্থায় উদ্ধার-প্রচেষ্টা ব্যর্থ হলো, অশ্রুসিক্ত করল সবাইকে। সবার ঐকান্তিক প্রচেষ্টায় এই পর্যন্ত আড়াই হাজারেরও বেশি লোককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবনের পেছনের অংশে দুই ফ্লোরের মাঝের উচ্চতা অন্যান্য অংশের তুলনায় বেশি। যেকোনো দুর্যোগে মানুষের স্বাভাবিক প্রবণতা থাকে সিঁড়ির কাছে পৌঁছানো, যা ভবনের পেছনের অংশে অবস্থিত। এর থেকে ধারণা করা যায়, সেই অংশে অনেকে আটকা পড়ে ছিলেন। এই ধ্বংসস্তূপের কোথাও যদি একটুখানি ফাঁকা জায়গা থাকে, সেখানটাতেই জীবিতের সন্ধান পাওয়ার সম্ভাবনা ছিল। অথচ সেই অংশটাতে কোনোভাবে উদ্ধারকাজ করা সম্ভব হয়নি। ম্যান-হোল তৈরির মাধ্যমে যে অংশে উদ্ধারকাজ করা সম্ভব হয়নি, সে অংশের উদ্ধারকাজ অন্য কোনো পদ্ধতিতে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে করা সম্ভব ছিল কি না, তা এখন ভেবে দেখা উচিত। বুয়েটের এসিই সাপোর্ট টিমের বিশেষজ্ঞ দল মনে করে, এ ধরনের ক্ষেত্রে কংক্রিট কাটার ব্যবহার করে ওপর থেকে ভবনের ফ্লোর সরিয়ে টপ-ডাউন অ্যাপ্রোচে উদ্ধারকাজে কতখানি সময় লাগতে পারে, তা অনুসন্ধান করে সঠিক এবং সময়োপযোগী উদ্ধারকৌশল নেওয়া জরুরি।

ধ্বংসাবশেষের মাঝে থাকা মানুষকে উদ্ধারের জন্য বিশেষভাবে প্রয়োজন গ্রাউন্ড পেনিট্রেশন রাডার, ফাইবার অপটিক ক্যামেরা ও রিমোট ভিজুয়াল ইন্সপেকশন ডিভাইসের ব্যবহার। এ ধরনের দুর্ঘটনায় এমন অনেকের বেঁচে থাকার একটা সম্ভাবনা থেকে যায়, যাঁরা শারীরিক দুর্বলতা বা অন্য কারণে উদ্ধারকর্মীদের ডাকে সাড়া দিতে বা কোনো শব্দ করতে ব্যর্থ হন। থারমাল ইমাজিন ক্যামেরা ব্যবহার করে যাঁদের শনাক্ত করা সম্ভব একটি নির্দিষ্ট দূরত্ব থেকে। প্রয়োজন কাঠামো-সম্পর্কিত সুস্পষ্ট জ্ঞানের সন্নিবেশ করা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উদ্ধারকাজের বিভিন্ন ধাপে সমন্বয়। প্রত্যেকে যেন একই কাজ না করে বা একজন ব্যক্তিই যেন সব কাজ না করে, সে জন্য একাধিক বিষয়ে বিশেষজ্ঞের সমন্বয়ে একটা দল গঠন করা, যার প্রত্যেক সদস্য পরস্পরের সঙ্গে সুন্দর সমন্বয় সাধন করে কাজ করতে সচেষ্ট হবেন।

মাতলুবা খান: সহকারী অধ্যাপক, স্থাপত্য বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।