দূষণের আউটসোর্সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের দি ইকোনমিস্ট-এর সহযোগী, ‘ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট’ ঢাকা মহানগরকে বিশ্বের প্রধান নগরগুলোর মধ্যে বসবাসযোগ্যতার বিবেচনায় সবচেয়ে অনুপযোগী নগর হিসেবে চিহ্নিত করেছে। দেশি-বিদেশি পত্রপত্রিকায় বেশ গুরুত্ব দিয়ে খবরটি ছাপা হয়েছে। অপরাধের মাত্রা, সংঘাতের ঝুঁকি, চিকিৎসাসেবার মান, স্কুল এবং পরিবহনসুবিধা, তাপমাত্রা ইত্যাদি বৈশিষ্ট্য বিবেচনায় বসবাসযোগ্যতার এই সূচক প্রকাশ করা হয়েছে। গত বছর একই সূচকে ঢাকা শেষ দিক থেকে ছিল দ্বিতীয়।
আমরা প্রতিদিনের অভিজ্ঞতায় ঢাকা মহানগরের জীবনযাপনের সমস্যাগুলো প্রত্যক্ষ করছি। এ মহানগরে বিদ্যমান প্রায় দেড় কোটি অধিবাসীর সঙ্গে প্রতিবছর প্রায় পাঁচ লাখ নতুন অধিবাসী যুক্ত হচ্ছে। সে তুলনায় অবকাঠামো ও ব্যবস্থাপনা তাল মেলাতে পারছে না। তা ছাড়া নিম্নমানের ও ফিটনেসবিহীন যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচল, দূষণপ্রবণ জ্বালানি ব্যবহার, শুকনো মৌসুমে রাজধানীর চারপাশে অসংখ্য ইটভাটার
ধোঁয়া-ধুলো, অপরিকল্পিত শিল্পকারখানার দূষণ, নির্মাণ কর্মকাণ্ডে ছড়িয়ে পড়া ধুলোবালি, আবর্জনা ইত্যাদি মিলিয়ে মহানগরের দূষণ উদ্বেগজনক। উদীয়মান অর্থনীতির দেশের রাজধানী ঢাকা বসবাসের বিবেচনায় আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতিবাচক ভাবমূর্তি বহন করলে সেটি আমাদের জন্য সুসংবাদ নয়। বিশেষত, বিনিয়োগকারীদের জন্য ঢাকার এজাতীয় র‌্যাংকিং বাড়তি উদ্বেগের বিষয়।
পরিবেশের বিবেচনায় ঝুঁকিপূর্ণ নগর হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের রাজধানী বেইজিংয়ের ভাবমূর্তিও বেশ নাজুক। অবশ্য ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের প্রকাশিত সূচকে বেইজিংয়ের অবস্থান ১৪০-এর মধ্যে ৭২তম। বেইজিংয়ের বায়ুদূষণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর-আলোচনা নিয়মিত। শুকনো মৌসুমে বেইজিংসহ চীনের কয়েকটি বড় নগরে বায়ুদূষণ এমন তীব্র হয়ে ওঠে যে, চীন সরকার বাধ্য হয়েছে শিশু ও বয়স্কদের নেহাত বাধ্য না হলে ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিতে। বাতাসে দূষণের তীব্রতায় বেইজিংয়ের উঁচু অনেক ভবন শীত-সকালে অস্পষ্টতার আড়ালে ঢাকা পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার চেয়ে বেইজিংয়ের বায়ুদূষণ ২০ গুণ বেশি। শহরটির অনেক অংশে দৃশ্যমানতা ৫০০ মিটারের চেয়েও কম। ফলে গত ১৬ জানুয়ারি সকালে বেইজিংয়ের সঙ্গে সংযুক্ত করা অন্তত চারটি মহাসড়ক সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।
চীনের প্রধান শহরগুলোর বায়ুদূষণের মাত্রা শীতকালে বেড়ে যাওয়া নিয়মিত ঘটনা। বিশেষত শীতকালে ঘর গরম রাখার আয়োজন যোগ হলে
সে সমস্যা বহুগুণ বেড়ে যায়। ব্যাপক বায়ুদূষণের কারণ অনেক; আর কোন কারণগুলো বেশি দায়ী, তা নিয়ে তর্কও রয়েছে। তবে চীনে অসংখ্য যানবাহনের ধোঁয়া, প্রচুর কয়লা পোড়ানো বিদ্যুৎকেন্দ্রের ধোঁয়া, কারখানার ধোঁয়া এমনকি বারবিকিউ রান্নার ধোঁয়াকেও নগরদূষণের প্রধান উৎসগুলোর অন্তর্ভুক্ত করা হয়। বেইজিংয়ের মেয়র নগরের বায়ুদূষণ কমানোর সর্বাত্মক প্রচেষ্টা নেওয়ার কথা বলেছেন। বেইজিং ও সন্নিহিত এলাকায় কয়লার ব্যবহার ২ দশমিক ৭ মিলিয়ন টন কমানোর সুনির্দিষ্ট লক্ষ্যও বেইজিংয়ের মেয়র ঘোষণা করেছেন। চীনের কেন্দ্রীয় সরকারও বায়ুদূষণ
নিয়ন্ত্রণ করতে ২০১৭ সালের মধ্যে দৃশ্যমান উন্নতি নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। গৃহীত পরিকল্পনা অনুযায়ী, বায়ুদূষণের পরিস্থিতি উন্নয়নে সেখানে দূষণপ্রবণ অনেক শিল্পকারখানা বন্ধ করাসহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো হবে।
উন্নত দেশগুলো তাদের শহরগুলোকে সবুজ, পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখার চেষ্টা ও প্রতিযোগিতা অব্যাহত রেখেছে। মাথাপ্রতি দূষণ, বিশেষত কার্বন
ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের বিবেচনায় শিল্পোন্নত ও অর্থনৈতিকভাবে প্রবল ক্ষমতার নগরগুলো নিজেদের পরিচ্ছন্ন ভাবমূর্তি গড়তে বেশ তৎপর। তা ছাড়া বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ, দায়বদ্ধতা ও আন্তর্জাতিক চাপের কারণে উন্নত অর্থনীতির দেশগুলো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হচ্ছে। যেমন, জ্বালানি-সাশ্রয়ী, পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন এবং তার বর্ধিত ব্যবহার ও উৎপাদন-প্রক্রিয়ার বিশ্বায়নের সুযোগ কাজে লাগানো।
বিশ্বের ধনী দেশগুলো এখন ক্রমাগত তাদের নিজ দেশে ব্যবহূত পোশাকসহ ভোগ্যপণ্য, ইলেকট্রনিকসসহ বিপুল পণ্যভান্ডার উৎপাদনের কাজ ‘আউটসোর্সিং’ করছে। ফলে ঢাকা, বেইজিং, কলকাতা, নমপেন, রিওডি জেনিরো নগর বা উদীয়মান অর্থনীতির কোনো দেশে যে পণ্য উৎপাদনের বিপুল কর্মযজ্ঞ চলছে, তার সিংহভাগ রপ্তানি হচ্ছে ‘পরিচ্ছন্ন’ নগরের উন্নত দেশগুলোতে। ফলে যেখানে সস্তায় পণ্য উৎপাদিত হচ্ছে, দূষণের সিংহভাগ দায় সে দেশেই এসে পড়ছে। আবার উন্নয়ন-আকাঙ্ক্ষার প্রবল টানে রপ্তানিমুখী শিল্প কেবল আমাদের মতো দেশগুলোকে কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে তাই নয়, সে সঙ্গে ডলার-পাউন্ড-ইউরো-ইয়েনও দিচ্ছে।
আমাদের মতো উদীয়মান অর্থনীতির দেশেও ভোগ্যপণ্য, বিলাসদ্রব্যের ব্যবহার বাড়ছে। এভাবে দূষণের চক্র সম্প্রসারিত হচ্ছে। ২০০০ সাল থেকে
এ পর্যন্ত চীনসহ উদীয়মান অর্থনীতির দেশগুলোতে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ প্রায় দ্বিগুণ হয়েছে এবং বছরে তা প্রায় ১৪ গিগা টন। এর মধ্যে বছরে অন্তত দুই গিগা টন কার্বন ডাই-অক্সাইড বায়ুমণ্ডলে নিঃসরণ হয়েছে আমেরিকা ও ইউরোপের জন্য রপ্তানিপণ্য উৎপাদনের কারণে।
গত ১৯ জানুয়ারি লন্ডনের দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘বিশ্বজুড়ে রপ্তানির জন্য পণ্য উৎপাদনে সৃষ্ট দূষণের অংশ মোট বৈশ্বিক দূষণের বর্ধিত অংশ দখল করছে।’ ফলে সাধারণভাবে প্রতিটি দেশের নিঃসরিত দূষণের পরিমাণ নিরূপণের প্রচলিত পদ্ধতি কতটা জাতীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ কর্মকাণ্ড থেকে সৃষ্ট দূষণ আর কতটা ধনী দেশগুলোর আউটসোর্স করা উৎপাদনের প্রয়োজনে সৃষ্ট দূষণ, তা এখন বিবেচনার সময় এসেছে। সেই সঙ্গে বিবেচনায় নিতে হবে, ধনী দেশগুলো উন্নয়নশীল দেশে পরিবেশবান্ধব ও দক্ষ প্রযুক্তি স্থানান্তরে কতটুকু আগ্রহী এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে দূষণের দায় স্থানান্তরে কতটা উৎসাহী, সেই আলোচনা।
ড. মুশফিকুর রহমান: খনি প্রকৌশলী; জ্বালানি ও পরিবেশবিষয়ক লেখক।