উন্নয়ন-দুনিয়ায় বাংলাদেশ এক দৃষ্টান্ত। বিশ্বে সমাজবিজ্ঞানের পরিভাষায় একে বলে ‘দি বাংলাদেশ প্যারাডক্স’ বা ‘বাংলাদেশ ধাঁধা’। সামাজিক সূচকে বাংলাদেশের নিরন্তর অগ্রগতিই এই প্রশংসা ও বিশেষণ এনে দিয়েছে। এরই সাম্প্রতিক স্বীকৃতি দিলেন বৈশ্বিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট কেভিন জে জেনকিন্স। বাংলাদেশ সফরে এসে তিনি বুঝতে পেরেছেন যে সামাজিক সমস্যা সমাধানে দৃষ্টান্ত হতে পারে বাংলাদেশ।
বাংলাদেশের এই বিশেষ পরিচয় তুলে ধরায় দুজন নোবেলজয়ী বাঙালির অবদান রয়েছে। একজন অমর্ত্য সেন, অন্যজন মুহাম্মদ ইউনূস। এরপর জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থাসহ আন্তর্জাতিকভাবে খ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানও বাংলাদেশের সামাজিক সূচকে লক্ষণীয় অর্জনকে সামনে নিয়ে আসে। দক্ষিণ এশিয়ার মধ্যে এই উন্নতি ভারতের চেয়েও এগিয়ে থাকায় বাংলাদেশ বিশেষভাবে নজর কাড়ে। রাজনৈতিক দুর্যোগ ও অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশ কীভাবে এগিয়ে যাচ্ছে, দুর্নীতির ব্যাধি সত্ত্বেও শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশ কীভাবে অসাধ্য সাধন করছে, তা সবার জন্যই এক বিস্ময়ের বিষয়।
প্রখ্যাত ব্রিটিশ নদী প্রকৌশলী স্যার উইলিয়ম উইলকক্স গত শতকের ত্রিশের দশকে এক বক্তৃতায় বলেছিলেন, বাংলাদেশের মানুষের প্রধান সম্পদ এর সামাজিক সহযোগিতা। তিনি মনে করতেন, বন্যা মোকাবিলা ও সেচকাজে যৌথ অংশগ্রহণের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের সামাজিক সহযোগিতার সংস্কৃতি গড়ে ওঠে। স্বাধীনতার পরে দেশ গঠনে এই সহযোগিতার সংস্কৃতিকে কাজে না লাগানো গেলেও, আশির দশকে গ্রামীণ বাংলাদেশে দেশি-বিদেশি স্বেচ্ছাসেবী সংগঠন এই সহযোগিতার সংস্কৃতিকে কাজে লাগায়। এখনো গ্রামের মানুষের মধ্যে একজন এগিয়ে গেলে অন্যজনকে এগিয়ে দেওয়ার মনোভাব লক্ষ করা যায়। বিশেষত প্রবাসী শ্রমিকদের মধ্যে দেখা যায় একজন কোনোভাবে প্রবাসে গেলে তিনি তাঁর গ্রামের অন্যদেরও প্রবাসে কর্মসংস্থানের সুযোগ করে দেন।
একদিকে সরকার ও এনজিও সংগঠন, অন্যদিকে মানুষের স্বতঃস্ফূর্ত উদ্যোগের আত্মবিশ্বাস; এই দুই মিলে বাংলাদেশের মানুষের দারিদ্র্য কমেছে, অভূতপূর্ব হারে সাক্ষরতা বেড়েছে, শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে এবং মা ও শিশুর পুষ্টিহার বেড়েছে। ওয়ার্ল্ড ভিশনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এসে তাই কেবল ফলাফলই দেখেননি, অর্জনের কারণও জেনেছেন।
দুঃখের বিষয়, সমাজ আশা জাগালেও রাজনীতি সেই আশার গুড়ে ক্রমাগতভাবে বালি মিশিয়েই যাচ্ছে।