নদীমাতৃক বাংলাদেশের উল্লেখযোগ্য নদীগুলোর মধ্যে পদ্মা অন্যতম একটি নদী, যার শাখানদীর একটি হলো ইছামতী। বাংলাদেশ-ভারত অভিন্ন বা আন্তসীমান্ত নদীগুলোর মধ্যে ইছামতী একটি। পাবনা শহরের বুকের মধ্য দিয়েও যেটা প্রবাহিত হয়েছে। পাবনা শহরে বসবাসরত দেড় লক্ষাধিক জনসমষ্টির অসচেতনতা আর অবহেলার কারণে ইছামতী নদীর অস্তিত্ব আজ হুমকির মুখে। অবৈধভাবে নদী ভরাট করে দিনের পর দিন চলছে স্থাপনা তৈরির কাজ। শুধু তা-ই নয়, অনেক অসাধু লোক নদী ভরাট করে স্থায়ী ঘরবাড়ি নির্মাণ করছে। এতে নদীর গভীরতা আর প্রস্থ একেবারে নগণ্য হয়ে পড়েছে। যে নদীতে একসময় নৌকা চলাচল করত, সে নদীতে এখন দূষিত পানি প্রবাহিত হয়। পাবনা শহরের বর্জ্য আর ব্যবহৃত দূষিত পানি ছাড়া ইছামতী নদীতে পদ্মার পানি এখন ডুমুরের ফুল ছাড়া কিছুই নয়। কথায় আছে, নদী মারা গেলেও তার রেখা থাকে, কিন্তু ইছামতীর রেখাটিও গ্রাস করছে শহরের লোভী ব্যক্তিরা। পাবনা শহরে ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজের গা ঘেঁষে প্রবাহিত নদীটির অস্তিত্ব রক্ষার জন্য কয়েকবার সরকারি বাজেট এসেছে। নামে মাত্র কাজ করার পর সেই মোটা অঙ্কের বাজেট গেছে প্রভাবশালী রাঘববোয়ালদের পেটে। আবার নদীর অবৈধ বাসিন্দাদের কাছ থেকেও দিনের পর দিন টাকা আদায় করা হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
সোহাগ তানভীর সাকিব
পাবনা পৌরসভা, পাবনা