দেখার কেউ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকাল রুটে চলাচলকারী মিনিবাস নামে পরিচিত বাসগুলোর আসন এত ছোট যে দুজন যাত্রী পাশাপাশি বসতে পারে না। সারিবদ্ধ দুটি সিটের মধ্যবর্তী স্থানের দূরত্ব এত কম যে যাত্রীদের হাঁটুভাঙা ‘দ’ আকারে বসতে হয়। দুজন যাত্রী পাশাপাশি বসলে জানালার যাত্রী প্রচণ্ড চাপে এবং করিডরের যাত্রীর শরীরের অর্ধেক অংশ আসনের বাইরে থাকে। এক্সট্রা সিট নামে আসন বসিয়ে নির্ধারিত আসনের যাত্রীর বসা এবং নড়াচড়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। ইঞ্জিন কভারে নামমাত্র গদি লাগিয়ে আসন হিসেবে চালিয়ে দেওয়া হয়। এই আসনের যাত্রীরা না পারে হেলান দিতে, না পারে চলন্ত ভারসাম্য রক্ষা করতে। এমন যাত্রী দুর্ভোগের বিষয়গুলোর কথা কেউ বিবেচনা করে না। বাসের ফিটনেস সার্টিফিকেট দেওয়ার আগে যাত্রী অধিকার নিশ্চিত হয়েছে কি না, তা পরীক্ষার পর দেওয়া সমীচীন বলে মনে করি। এ বিষয়ে বিআরটিএ কর্তৃপক্ষ এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সদয় দৃষ্টি কামনা করছি।
আরিফা সরকার
কিশোরগঞ্জ, নীলফামারী।