অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে
বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।

সর্বনিম্ন মজুরি পোশাকশিল্পে
পোশাকশ্রমিকেরা ন্যূনতম মজুরি আট হাজার টাকার দাবিতে আন্দোলন করছেন। পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে প্রকাশিত বিশেষ এই প্রতিবেদনে প্রতিক্রিয়া জানিয়ে সালেকিন লিখেছেন: মজুরি বাড়ানোর ঘোষণা আসার ২৪ ঘণ্টার মধ্যেই বাড়িভাড়া বেড়ে যাবে। কাজেই মজুরি বাড়ানোর জন্য হট্টগোলের মাঝে একটু দম নিয়ে চিন্তা করুন। কেউ ভাবছেই না মালিকেরাও মানুষ, শ্রমিকেরাও মানুষ। বেশির ভাগ সময় মালিক আর শ্রমিক মিলেমিশেই কাজ করেন। লিখনেওয়ালারা লিখে যান, কমেন্টওয়ালারা কমেন্ট করেন আর নেতা-পাতি নেতারা লাভ গোনেন (একবার ভাঙচুরের ভয় দেখিয়ে আরেকবার বাড়িভাড়া বাড়িয়ে)।
মজিদ: পোশাকশ্রমিকদের উপযুক্ত বেতন দিতে গেলে মালিকদের বিলাসিতায় চরম টান পড়বে। গাড়ির তেল খরচ, মাসে মাসে সিঙ্গাপুরে সফর—সবই হয় তাঁদের ব্যবসার টাকায়। উপযুক্ত পারিশ্রমিকসহ চাকরিরত শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা কোম্পানির তরফ থেকে করা উচিত।
সালাউদ্দিন আইয়ুবী: পোশাকশিল্পকে অগ্রাধিকার না দিলে দেশের অর্থনীতির কোনো উন্নতি হবে না! বর্তমানে পোশাকই বাংলাদেশের সোনালি আঁশ। প্রধানমন্ত্রী পাট নিয়ে অনেক আগ্রহ দেখিয়েছেন, ভালো কথা। কিন্তু পোশাকশিল্পের ব্যাপারে ওনার কোনো পরিকল্পনা বা আগ্রহ নেই বলেই মনে হয়! দয়া করে ঢাকার আনাচকানাচে গজিয়ে ওঠা পোশাক কারখানাগুলোকে একটা রপ্তানি এলাকা তৈরি করে তাতে স্থানান্তরিত করুন। শ্রমিকদের জীবনমান উন্নয়ন করুন। তা না হলে এই শিল্প টিকবে না।
মোবারক: মালিকদের একচেটিয়া দোষারোপ করা ঠিক নয়। বর্তমান অবস্থার জন্য দেশের টোটাল সিস্টেম দায়ী। সরকার আইন করে ওভারটাইম, টিএ/ডিএ, বাসস্থান, চিকিৎসা ভাতা ও ন্যূনতম মজুরি বাধ্যতামূলক করুক, আজ থেকেই মালিকেরা তা মানতে বাধ্য। ব্যবসায়ীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকাটাও জরুরি।
নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন করতে যাচ্ছে বিএনপি
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জোরদার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন করতে যাচ্ছে বিএনপি। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে মতামতে সাজ্জাদ হোসেন লিখেছেন: বিএনপির আন্দোলন মোকাবিলার উপায় এখন সরকারের জন্য আর নৈতিকতার আদলে আবদ্ধ হতে বাধ্য নয়। সংলাপের আবহের মধ্যে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া, হেফাজতকে প্রণোদনা প্রদান, শাপলা চত্বরের অভিযান নিয়ে মিথ্যাচার আর যুদ্ধাপরাধের বিচারকে কেবল কৌশলের দৃষ্টিতে দেখার মধ্য দিয়ে বিএনপি চলমান সংকটকে নৈতিকভাবে দেখার সুযোগ সংকুচিত করেছে। এখন যা দেখার বাকি তা হলো পাওয়ার পলিটিকসের নিষ্ঠুর প্রতিফলন।
সোলায়মান: আন্দোলনে জনগণের আস্থা অর্জনটাই বেশি জরুরি। জনগণ আপনাদের সন্ত্রাস, দুর্নীতি এবং পাঁচ বছরে সংসদের বাইরে নীতিহীন অবস্থান দেখেছে। আপনারা পরিবর্তিত হয়েছেন—এটি জোরালোভাবে তুলে ধরতে না পারলে জনগণ কিন্তু আপনাদের সঙ্গে আসবে না।
মনিরুজ্জামান: এর ফলে আন্দোলনে আরও ভাটা পড়বে। দলে আরও জটিলতা সৃষ্টি হবে। আন্দোলন থেকে নিজের আখের গোছাতেই ব্যস্ত হয়ে পড়বে সবাই। সেই জামায়াত, হেফাজত আর ভাড়া করা লোকজনই ভরসা।
সংসদ রেখে নির্বাচন করলে আরও বিতর্ক
আগামী জাতীয় সংসদের নির্বাচন নিয়ে লেখা এই উপসম্পাদকীয়ের প্রতিক্রিয়ায় মিলন লিখেছেন: দলীয় সরকারের অধীনে সংসদ রেখে নির্বাচন কোনোমতেই বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। তাতে যেকোনো উদাহরণই দেওয়া হোক না কেন। আর সরকারি সাংসদ-মন্ত্রীরা মূলত দিশেহারা। তাই তাঁরা চান সত্য বা অসত্য তথ্য-যুক্তি দিয়ে কোনোমতে নির্বাচনটা করা যায় কি না। তা না হলে তাঁদের কী পরিণতি হবে, তাঁরা তা জানেন।
ইবনে মিজান: অনেক দেশে হয়তো সংসদ রেখে নির্বাচন হয়। কিন্তু বাংলাদেশে এখনো সেই অবস্থা আসেনি। তাই বাংলাদেশের তুলনা বাংলাদেশকে দিয়ে করতে হবে। ক্ষমতাসীনদের কাউকেই ক্ষমতার কাছাকাছি রেখেও নির্বাচন দেওয়া ঠিক হবে না।
হেলাল: রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ও সার্বিক অবস্থার কথা বিবেচনা করলে দেখা যায়, সুষ্ঠু নির্বাচন করতে হলে নিরপেক্ষ-নির্দলীয় তত্ত্বাবধায়কের অধীন ছাড়া কোনোভাবেই তা সম্ভব নয়। জনপ্রিয়তা থাকলে সরকার অবশ্যই বিচার বিভাগকে প্রভাবিত করে তত্ত্বাবধায়কের রায় নিজেদের পক্ষে নিত না। কাজটি বিএনপি করলে বুঝতাম তারা এ সবই করে; কিন্তু এখন খোদ সরকারি দলই যখন এ কাজ করছে, তা হলে দেশে কিসের রাজত্ব চলছে—তা সহজেই অনুমেয়!
‘বদমাশ’ ছাত্রনেতারা ছাত্রলীগ-ছাত্রদলের
সিলেটের মদনমোহন কলেজে শিক্ষার্থীদের ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়া ছাত্রনেতারা ছাত্রলীগ ও ছাত্রদলের। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে মতামত জানিয়ে মো. কামরুজ্জামান লিখেছেন: এটা দলীয় লেজুড়বৃত্তি রাজনীতির ফল। বর্তমানে অধিকাংশ ছাত্রনেতার অনেক সম্পদ আছে। এই সম্পদের উৎস একই। দেশের স্বার্থে না থাকলেও সম্পদ ভাগাভাগির ক্ষেত্রে ছাত্রনেতাদের মধ্যে মতৈক্য আছে। এ ঘটনা তার একটি প্রমাণ।
তন্ময় আহমেদ: দুই ভাই মিলেমিশে চেটেপুটে খা...আর শুধু খা।
রাকিব: এসব চুনোপুঁটি ছাত্রনেতা প্রশাসনের চেয়েও শক্তিশালী? এঁদের আইনের আওতায় আনা কি এতই কঠিন?
মাজহাবুদ্দিন: ওরা বদমাশ নয়, দুই দলের সোনার ছেলে!
ফরিদ: এটা সমগ্র বাংলাদেশের ছাত্ররাজনীতির নামে চাঁদা তোলার চিত্র। সুতরাং এদের ভবিষ্যৎ উদ্দেশ্য কী, ভালোই বোঝা যায়...।
লংমার্চ থেকে আলটিমেটাম
১১ অক্টোবরের মধ্যে রামপালের তাপবিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের সিদ্ধান্ত থেকে না সরলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এই ঘোষণার প্রতিক্রিয়ায় হাবিবুর রহমান লিখেছেন: বিরোধী দল চুপ কেন? জনগণের কথা বলুন। আপনাদের ভালো হবে, আসুন, সুন্দরবন বাঁচাতে...।
মেহেদি হাসান: বিরোধী দল আর কি করবে মুলা ঝোলাবে যে ক্ষমতায় গেলে এই প্রকল্প বন্ধ করব, আমাদের ভোট দিন। আমরা চাই এই ক্ষতিকর প্রকল্প বন্ধ হোক।
মহিউদ্দিন মাছুদ: সুন্দরবন এখন রাহুর গ্রাসের মুখে। দেশের সব শ্রেণী-পেশার মানুষ এগিয়ে না এলে একে রক্ষা করা যাবে না। যারা উন্নয়নের নামে এমন ধ্বংসের প্রকল্প করতে যায়, তারা কোনো দিন জনবান্ধব হতে পারে না।
মোস্তাফিজুল মান্নান: বিদ্যুতের ক্রাইসিস মোকাবিলার জন্য বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রয়োজন যেমন আছে, তেমনি সুন্দরবনকে রক্ষা করারও প্রয়োজন আছে। সুতরাং সরকারের উচিত অন্যত্র জায়গা নির্ধারণ করা।
মিজান: রামপাল উপজেলায় প্রায় ১০ লাখ মানুষ। তারা কেন আপনাদের সঙ্গে নেই? রামপালের তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধের আন্দোলনে তাদের ২ শতাংশ মানুষও আসেনি। তার মানে আমরা খুলনা-বাগেরহাটের মানুষ বিদ্যুৎকেন্দ্র চাই। এ অঞ্চলে যদি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে, তাহলে এখানে শিল্পবিপ্লব ঘটবে, লাখ লাখ লোকের কর্মসংস্থান হবে।
(পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)