বিরোধী দল ককটেল ফাটিয়ে, গাড়ি পুড়িয়ে তাদের অবরোধ শক্তিশালী করছে, অন্যদিকে সরকার তাদের ধরতে কিংবা মামলা করে দায় এড়াতে চাচ্ছে। প্রতিদিন যে কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে, এর দায়ভার কে নেবে। আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কি এর জন্য? একবারও কি তাঁরা সাধারণ মানুষের কথা চিন্তা করেন? নাকি ভাবেন, কীভাবে ক্ষমতায় যাওয়া যায় বা ক্ষমতা আঁকড়ে ধরে রাখা যায়।
দুই দলই বলে, জনগণ তাদের সঙ্গে আছে। পেটের তাগিদে আমরা ঘর থেকে বের হই, তাই হয়তো সরকার বলে, জনগণ হরতাল প্রত্যাহার করছে, আবার জীবন বাঁচানোর জন্য রাস্তায় বা কাজে বের হই না, এ জন্য বিরোধীরা বলে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল বা অবরোধ পালন করছে। তাদের জানা উচিত, সাধারণ জনগণ তাদের কারও সঙ্গে নেই। গোটা দেশ তাদের কাছে জিম্মি।
দল দুটির প্রতি আবেদন, ক্ষমতাকে বড় করে না দেখে দেশকে প্রাধান্য দিন। উভয়েই নমনীয় হয়ে দেশকে গভীর সংকট থেকে রক্ষা করুন। ১৬ কোটি মানুষ আজ আপনাদের দিকেই চেয়ে আছে।
আপনাদের দেশপ্রেম আর সদিচ্ছাই পারে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে। আমরা আপনাদের অপেক্ষায় আছি, আমরা দেখতে চাই, আপনারা দেশকে প্রাধান্য দেন, নাকি ক্ষমতাকে বড় করে দেখেন।
মো. কামাল হোসাইন
মধুখালী, ফরিদপুর।