দেশি মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের মাছে-ভাতে বাঙালি বলা হয়। আজও আমাদের আমিষের চাহিদার প্রায় ৮০ ভাগ পূরণ হয় মাছ থেকে। বাংলাদেশের নদী-নালা, খাল-বিল, হাওর, পুকুর, জলাভূমি একসময় দেশীয় মাছে পরিপূর্ণ ছিল। মলা, ঢেলা, খলিসা, পুঁটি, টেংরা, গছি, কই, শোল, ভেটকি, ভেদাই, গজার, খাকিলা, পাবদা, গতা, চ্যাং, চাঁদা—হরেক প্রকারের দেশি মাছ একসময় প্রচুর পাওয়া যেত।
কিন্তু সময়ের পরিবর্তনে ক্রমবর্ধমান মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে মাছের ক্ষেত্রগুলো কমে যাচ্ছে। অন্যদিকে যথেচ্ছভাবে জলাশয় ভরাটকরণ, কৃষিক্ষেত্রে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার, ডিমওয়ালা ও পোনা মাছ ধরা ইত্যাদি কারণে দেশি এসব মাছে আমিষের পরিমাণ বেশি এবং সুস্বাদু। তাই এসব দেশীয় মাছ সংরক্ষণ করা দরকার। এ নিয়ে আরও গবেষণা করা ও তা কার্যকর করা দরকার। এ মাছ রক্ষায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো, জলাশয় রক্ষা, সংরক্ষণ ও খনন করা দরকার।
মৎস্য বিভাগকে আরও এগিয়ে আসা এবং সরকারিভাবে যে মাছ ছাড়া হয়, সেখানে দেশীয় মাছকে প্রাধান্য দেওয়া দরকার। বৈশাখ-জ্যৈষ্ঠে ডিমওয়ালা মাছ ধরা বন্ধে আইনি প্রয়োগসহ সচেতনতা বাড়ানো প্রয়োজন। প্রাকৃতিক জলাধার যাতে নষ্ট না হয়, সে ব্যাপারেও কঠোরতা দরকার। অন্যথায় দেশি মাছ একসময় বইয়ের ছবিতে কিংবা জাদুঘরে দেখতে যেতে হবে।

কঙ্কন সরকার

সুন্দরগঞ্জ, গাইবান্ধা।