দেশি-বিদেশি বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটা ইতিবাচক। রাজনৈতিক সংঘাত ও অস্থিরতার মধ্যেও গত বছর দেশে বিদেশি বিনিয়োগ আগের বছরের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড) যে বৈশ্বিক বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এই তথ্য প্রকাশিত হয়েছে। দেখা যাচ্ছে, পাঁচ বছরে দেশে বিদেশি বিনিয়োগ প্রায় দ্বিগুণ হয়েছে এবং ধারাবাহিকভাবেই বাড়ছে। মোটা দাগে এর মানে হলো, বাংলাদেশে পঁুজি খাটিয়ে লাভ করার সুযোগ বাড়ছে। তবে তথ্য বিশ্লেষণে দেখা যায়, যে পরিমাণ বিনিয়োগ বেড়েছে, তার বড় অংশই বিদ্যমান বিনিয়োগের সম্প্রসারণ। অর্থাৎ নতুন প্রতিষ্ঠান ও নতুন বিনিয়োগ খুব আসছে না। দক্ষিণ এশিয়ায় পরিমাণগত দিক দিয়ে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় হলেও ২০১৩ সালে পাকিস্তানে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৫২ শতাংশ, যা এই অঞ্চলের সর্বোচ্চ। ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কাঙ্ক্ষিত গতি আসেনি।
প্রশ্ন হলো, কেন বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এ রকম পরিস্থিতি? এর উত্তর খঁুজতে গেলে এই সপ্তাহেই ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইকোনমিস্টস ফোরামের (বিইএফ) দুই দিনের সম্মেলনের দিকে তাকানো যেতে পারে। দেশি-বিদেশি অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ ও গবেষকদের আলোচনা-পর্যালোচনায় উঠে এসেছে যে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো ছাড়া বাংলাদেশের অর্থনীতির সামনে অগ্রসর হওয়ার কোনো বিকল্প নেই। তবে বিনিয়োগ তো এমনি বাড়ে না, এ জন্য বিনিয়োগের বিভিন্ন বাধা দূর করতে হবে। একদিকে আছে অবকাঠামোগত প্রতিবন্ধকতা, অন্যদিকে রয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা। ৫ জানুয়ারির প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর দেশে দৃশ্যত একটি রাজনৈতিক স্থিতিশীলতা এলেও একধরনের অনিশ্চয়তা এখনো কাজ করছে। বিইএফ সম্মেলনে অনেকেই এ বিষয়টি তুলেছেন, তাঁদের বক্তব্য হচ্ছে, দেশের বিরাট অংশের মানুষকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখে আর যা–ই হোক, রাজনৈতিক স্থিতিশীলতা প্রত্যাশা করা যায় না। এ জন্য অবাধ নির্বাচনের কোনো বিকল্প নেই। ৫ জানুয়ারির নির্বাচনের গ্রহণযোগ্যতা ও যথার্থতা নিয়ে প্রশ্ন উঠছে এ কারণে যে এই ধরনের নির্বাচন একদিকে প্রকৃত গণতন্ত্রের জন্য ক্ষতিকর, অন্যদিকে অর্থনৈতিক ধারাবাহিকতা রক্ষা করে এগিয়ে যাওয়ার পথেও অন্তরায়।
এই বাস্তবতায় দেশি-বিদেশি বিনিয়োগের গতিময়তা প্রত্যাশা করা কঠিনই বৈকি। ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমে রয়েছে বিনিয়োগ না হওয়ার কারণে। সে জন্যই বাংলাদেশ ব্যাংক চলতি সপ্তাহে সিআরআর বাড়িয়ে দিল, যেন কিছু অর্থ বাজার থেকে উঠে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়। বেসরকারি বিদ্যমান বিনিয়োগ ধরে রাখার পাশাপাশি নতুন বিনিয়োগ যেন বাড়তে পারে, সেদিকে জোর দেওয়ার ক্ষেত্রে সরকারকে অবকাঠামোগত উন্নয়নেও মনোযোগ দিতে হবে। এক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করতে গিয়ে যে পরিমাণ সময় ও অর্থের অপচয় করা হচ্ছে, তা তো দেশের সুশাসনের ঘাটতিরই একটি প্রতিফলন। আর সুশাসনের ঘাটতি বিদেশি বিনিয়োগের জন্যও সহায়ক বিবেচিত হতে পারে না।