দেশীয় চিনির স্বাদ যখন তেতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবার দাম কমিয়েও সরকারি চিনিকলগুলো পেরে উঠছে না আমদানি করা ও বেসরকারিভাবে উৎপাদিত চিনির দামের সঙ্গে। সরকারি খাতে উৎপাদন ব্যয়ের প্রায় অর্ধেক দাম নির্ধারণ করা হলেও কেন তারা পেরে উঠছে না, সেটা রহস্য বটে।
দেশের পুরোনো শিল্পের মধ্যে রাষ্ট্রায়ত্ত পাট, চিনি ও বস্ত্রকলগুলো ছিল মুখ্য ভূমিকায়। কিন্তু দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে এই তিন শিল্পই এখন মুখ থুবড়ে পড়েছে। আশির দশক থেকেই চিনি খাতে সমস্যার সূত্রপাত। মূলত সে সময়ই ভারতীয় চিনি বাংলাদেশের বাজার দখল করে। দিনে দিনে এ খাতে যত পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, ততই খাতটি চাহিদা-জোগান ও মূল্যের বাজারে ভারসাম্য হারিয়েছে। এ ব্যাপারে তাই জাতীয় স্বার্থপ্রণোদিত অনুসন্ধান জরুরি হয়ে উঠেছে।
পবিত্র রমজান ও ঈদের আগে যে চিনি হয় দুর্লভ, সেই চিনি কেন সাধারণ সময়ে সরকারি গুদামে অবিক্রীত অবস্থায় পড়ে থাকে? এ মুহূর্তে সরকারি ১৫টি চিনিকলে দুই লাখ ২১ হাজার টন চিনি মজুত রয়েছে। গত সাড়ে নয় মাসে বিক্রি হয়েছে মাত্র ২৩ হাজার টন, যার মূল ক্রেতা আবার সেনা, নৌবাহিনী, পুলিশ ও বিজিবি। ডিলাররা সরকারি দামের চেয়ে কম দামে বিদেশি চিনি পাচ্ছেন বলে সরকারি চিনি নিচ্ছেন না। এর অভিঘাত গিয়ে পড়ছে চিনিকলগুলোর ২০ হাজার শ্রমিক ও পাঁচ লাখ আখচাষির ওপর। শ্রমিকদের বেতন বকেয়া থেকে যাচ্ছে, আখচাষিরাও সরকারের কাছে পাবেন প্রায় ২০০ কোটি টাকা।
এ অবস্থায় সংকটের উত্তরণ ঘটাতে হলে প্রথমত আখ চাষ ও চিনিকল পর্যায়ে জ্বালানি ও পরিবহন খরচ কমানোর বিকল্প নেই। প্রয়োজনে আখচাষিদের প্রণোদনা দিতে হবে। এটিকে ভর্তুকি হিসেবে না দেখে বিনিয়োগ হিসেবেই দেখতে হবে। দ্বিতীয়ত, সরকারি চিনিকলগুলোর পরিচালনায় যেসব অনিয়ম, অদক্ষতা ও দুর্নীতি আছে, সেটি দূর করতে হবে। একই সঙ্গে দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা জরুরি।
সর্বোপরি দীর্ঘ মেয়াদে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে বিদেশি বাজারের সঙ্গে প্রতিযোগিতায় দেশের চিনিকলগুলো টিকে থাকতে পারে। সক্ষমতা বাড়লে এবং অপচয় কমলে দেশীয় চিনির স্বাদও তেতো থাকবে না।