দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে: মাহবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান
লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান

নির্বাচনকালীন সরকার নিয়ে সৃষ্ট রাজনৈতিক সংকট বিষয়ে প্রথম আলো ডটকমের সঙ্গে কথা বলেছেন সাবেক সেনাপ্রধান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান

প্রথম আলো ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা বলছেন। আপনারা বলছেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবেন না। এ অবস্থায় দেশের রাজনীতি  কোন  দিকে যাচ্ছে বলে মনে করেন...
মাহবুবুর রহমান: আমি মনে করি, দেশের রাজনীতি একটি কঠিন অবস্থায় রয়েছে। আস্তে আস্তে সে পরিস্থিতি আরও ভয়াবহ, আরও কঠিনতর হচ্ছে। গণতন্ত্র অব্যাহত রাখার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নির্বাচন। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় এক সরকার থেকে আরেক সরকার আসবে, যে-ই হোক। এটি একটি প্রক্রিয়া। নির্বচনের মাধ্যমেই তা হতে হবে। এর বাইরে কোনো প্রক্রিয়া নেই। বাংলাদেশে এর আগেও এভাবেই তা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। সেটা জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃতও হয়েছে। কিন্তু এবার গণতন্ত্রের একটি সংকট তৈরি হয়েছে। তার কারণ, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে সংবিধানকে নিজেদের মতো করে সংশোধন করেছে। বিরোধী দল ও জনগণকে সম্পৃক্ত না করে সরকার সংবিধান সংশোধন করেছে, যা এখন গণতন্ত্রের সত্যিকারের বিকাশে একটি পর্বতসম বাধা। আদালতের রায়ে ছিল আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। কিন্তু সরকার এটিকে নাকচ করে দিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যেখানে হিংসা, বিদ্বেষ, বিরোধী দলের ওপর হামলা-মামলা, যেখানে কারও ওপর কোনো আস্থা নেই, সেখানে সরকারকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। এ প্রেক্ষাপটে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অপরিহার্য। এটি জাতীয় দাবিতে পরিণত হয়েছে। পেশাজীবী, বুদ্ধিজীবী, সুশীল সমাজ সবাই এ দাবির বিষয়ে একমত। আন্তর্জাতিকভাবেও এটি আলোচিত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাতিসংঘ বলছে, তারা সব দলের অংশগ্রহণে নির্বাচন দেখতে চায়।

সবাই সংলাপের কথা বলছে। সংলাপে বসলে নিশ্চয় একটি সমাধান বেরিয়ে আসবে। আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চাই—এটি যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমরা সংলাপে বসতে পারি। সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয়। জনগণের জন্যই সংবিধান। জনগণের প্রয়োজনে এর সংশোধন করা যায়।

প্রধানমন্ত্রী সর্বশেষ যেটি বলেছেন, তা গুরুত্বপূর্ণ। সংসদ বহাল থাকবে, মন্ত্রিসভাও থাকবে। এটা পৃথিবীর কোথাও নেই। আমরা তো মঙ্গল গ্রহে বাস করি না। এটা সরকারের চরম স্বেচ্ছাচারিতা। সংলাপই হচ্ছে গণতন্ত্রের ভাষা। কিন্তু প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে সংলাপের পথ সম্পূর্ণ রুদ্ধ হয়েছে।

প্রথম আলো ডটকম: তাহলে কি রাজনীতি সংঘাতের দিকে যাচ্ছে?

মাহবুবুর রহমান: আমি মনে করি, নিশ্চয় সংঘাতের দিকেই যাচ্ছে। যদি তারা সংলাপ না করে, যদি কোনো যুক্তিতে না আসে, বাস্তবতাবর্জিত থাকে, মানুষের ভাষা না বোঝে, তাহলে সংঘাত অনিবার্য।

আমার ধারণা, সরকারের মধ্যে এ ব্যাপারে বিতর্ক আছে। তারাও উদ্বিগ্ন।সংলাপ সংসদে, সংসদের বাইরে বা জাতিসংঘের মধ্যস্থতায় হতে পারে।আন্তর্জাতিক বিশ্বের চাপ আরও জোরদার হবে বলে আমি মনে করি। আমরা সংঘাত চাই না। সংকট উত্তরণের জন্য আমরা আমাদের মূল দাবি থেকে অনেকটা সরে এসেছি। আমাদের মূল দাবি ছিল ১৩তম সংশোধনী হুবহু পুনর্বহাল। এখন আমরা আর তা বলছি না। আমরা বলছি, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দরকার।

সংলাপ না হলে দেশ সংঘাতের দিকে ধাবিত হবে এবং সে সংঘাত কত রক্তপাত নিয়ে আসবে, কোন দিকে মোড় নেবে, তা বলা মুশকিল।

প্রথম আলো ডটকম: অতীতে এ ধরনের অনড় অবস্থান ও সংঘাতের কারণে একটি অসাংবিধানিক সরকার এসেছিল। এবারও সে ধরনের আশঙ্কা আছে কি?

মাহবুবুর রহমান: গণতন্ত্রের বাইরে যেকোনো রাস্তাই কণ্টকাকীর্ণ। গণতন্ত্রের রাস্তাই সিরাতুল মোস্তাকিম। ওয়ান-ইলেভেন বাংলাদেশকে ভালো কিছু দেয়নি। আমি ওয়ান-ইলেভেন কামনা করি না। রাজনীতিকদের ব্যর্থতা, দায়িত্বহীনতা, অসৎ উদ্দেশ্য, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ওয়ান-ইলেভেনের জন্ম দেয়।

প্রথম আলো ডটকম: আপনি বলছেন, আগের অবস্থান থেকে আপনারা সরে এসেছেন। এখন যে অবস্থানে আছেন, সে অবস্থান থেকে সরে আসার কোনো সম্ভাবনা আছে কি? যেমন অনেকে সর্বদলীয় সরকারের কথা বলছেন...

মাহবুবুর রহমান: এটা আলোচনার ব্যাপার। আমরা শুধু বলব, অবাধ ও সুষ্ঠু নির্বাচন যদি শত ভাগ নিশ্চিত হয়, তাহলে আমরা আলোচনা করতে পারি।

 প্রথম আলো ডটকম: এ ক্ষেত্রে নির্দলীয় সরকারের বাইরে কোনো বিকল্প প্রস্তাব কি আপনাদের আছে?

মাহবুবুর রহমান: এটা আরও আলোচনাসাপেক্ষ। আমরা সংলাপের জন্য উন্মুক্ত। সে সংলাপের বটম লাইন হতে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপ। বসে আলোচনা করে সমাধান আসতে পারে। আসা উচিত।

প্রথম আলো ডটকম: প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিবকে বলেছেন, বিরোধী দল সংসদে গিয়ে প্রস্তাব দিলে আলোচনা হতে পারে। পত্রিকার খবর অনুযায়ী, আওয়ামী লীগের সেই অবস্থান এখনো আছে। আপনারা সে সুযোগ নেবেন কিনা?

মাহবুবুর রহমান: এ বিষয়ে আমি আপনার সাথে একমত না। আমি মনে করি, আওয়ামী লীগ তাদের অবস্থান থেকে সরে এসেছে। মাঝখানে প্রধানমন্ত্রী একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আলোচনার সব পথ, সংসদে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলছেন, যে সময় নির্বাচন হবে সে সময় সংসদ ও মন্ত্রিসভা থাকবে। এ অবস্থায় সংলাপের কোনো সুযোগ থাকছে না। প্রধানমন্ত্রীকে এ অবস্থান থেকে ফিরে আসতে হবে। রুদ্ধ পথের তালা প্রধানমন্ত্রীকেই খুলতে হবে। বান কি মুনের সঙ্গে যে কথা বলেছেন, সেখান থেকে তিনি সরে আসছেন।

প্রথম আলো ডটকম: জাতিসংঘের উদ্যোগে এখনো আপনারা আশা দেখেন?

মাহবুবুর রহমান: নিশ্চয়। একটা দেশের, বাংলাদেশের মতো দেশ, যেখানে সাড়ে ১৬ কোটি মানুষ, ভূ-রাজনৈতিক অবস্থানও গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ায় এ সবকিছু মিলে এখানে সংঘাত, মারামারি হোক, জঙ্গি উত্থান হোক, এটা কেউ চাইবে না।