
বাংলাদেশে দুজন যুদ্ধাপরাধী—বিএনপির সাকা চৌধুরী এবং জামায়াতের আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করাকে কেন্দ্র করে নাশকতা ঠেকােনার উদ্দেশ্যে সরকার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বন্ধ করে দিয়েছে। পাশাপাশি মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইসে ব্যবহার্য কয়েকটি অ্যাপস ভাইবার এবং হোয়াটস–অ্যাপ বন্ধ রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে সরকার এই ব্যবস্থা নিয়েছে বলে বিভিন্ন খবরে বলা হয়েছে। তবে সমালোচকেরা অনেকে এই সিদ্ধান্তকে মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো চিকিৎসা বলে অভিহিত করেছেন। অনেকেই এখন মজা করে বলছেন যে সরকার তরুণদের ভাইব (স্পন্দন অর্থে) বন্ধ করে দেওয়ায় এখন বন্ধুবান্ধবেরা একজন আরেকজনের সঙ্গে দেখা হলে আর ‘হোয়াটস–অ্যাপ, ম্যান?’ বলছেন না। বলছেন ‘এভরিথিং ইজ ডাউন’। ফেসবুক আর এসব অ্যাপস বন্ধের আজ ১৪ দিনেও এসব সোশ্যাল ফ্রেন্ডশিপ আবার সচল হওয়ার কোনো আভাস-ইঙ্গিত মিলছে না।
২. সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে জঙ্গি ইসলামপন্থী গোষ্ঠী আইএস বিশ্বজুড়ে সদস্য সংগ্রহ করছে এবং সন্ত্রাস ছড়াতে সাধ্যমতো চেষ্টা করছে—এটির যথেষ্ট প্রমাণ থাকার পরও প্যারিসের সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পরও বিশ্বে কোনো দেশ সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে—এমন কথা শোনা যায়নি। বরং, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এবং মারাত্মক সন্ত্রাসী হামলার দিনটিতেই ফেসবুক সেফটি চেক নামের একটি সেবা চালু করে। এর আগে ফেসবুক শুধু ভূমিকম্প বা জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় এই সেফটি চেক সেবা চালু করলেও এবারই প্রথম তারা সন্ত্রাসী হামলার সময় একই সেবা চালু করে। এই সেবার উদ্দেশ্য হচ্ছে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন যেন পরিচিত সবাইকে জানিয়ে দিতে পারেন যে তিনি নিরাপদ আছেন, বেঁচে আছেন। জীবনের কথা জানান দেওয়ার এই সেবাটি তার দুদিন পর নাইজেরিয়াতে পরিচালিত হামলার সময়েও তারা সচল করেছিল (ফেসবুক অ্যাক্টিভেটস সেফটি চেক ইন নাইজেরিয়া ফলোয়িং বম্বিং, গার্ডিয়ান, ১৮ নভেম্বর, ২০১৫)। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ ঘোষণা করেছেন যে এখন থেকে এই সেফটি চেক সেবা সব দুর্যোগের (প্রাকৃতিক এবং মানবসৃষ্ট) ক্ষেত্রে সচল করা হবে। প্যারিস বা পুরো ফ্রান্সজুড়ে ফেসবুক সেদিন নিষিদ্ধ হলে এই সেফটি চেক সেবা কি আর কোনো কাজে আসত? অথচ এই সেবাটি চালু থাকার কারণে সেদিন ওই কনসার্ট হল বা স্টেডিয়ামে যাঁরা গিয়েছিলেন, তাঁদের হাজার হাজার স্বজন প্রিয়জনদের খোঁজখবর জানতে পেরেছিলেন। ফরাসি কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি, সমাবেশ নিষিদ্ধ করলেও সোশ্যাল মিডিয়া বন্ধ করার মতো কোনো পদক্ষেপ নেয়নি।
প্যারিস হামলার মূল হোতা আবদেল হামিদ আবাউদ ওই শহরেই গা ঢাকা দিয়েছিলেন। পরে পুলিশ টেলিফোনে আড়ি পেতে যে সংলাপ ধারণ করে, তার সূত্র ধরেই অভিযান চালানোয় চার সঙ্গীসহ তাঁর মৃত্যু হয়। আবার, ওই সন্ত্রাসী দলের আরেকটি অংশ পাশের দেশ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পালিয়ে থাকার খবরে সেখানকার পুলিশ মলেনবিক উপশহরে যে অভিযান চালায়, সেই সময়েও তারা কোনো সোশ্যাল মিডিয়া বন্ধ করেনি। সেখানকার পুলিশ শুধু শহরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছিল যে সেনা-পুলিশের অভিযানের কোনো ছবি যেন কেউ টুইট না করেন (ফক্স নিউজ, নভেম্বর ২৩, ২০১৫)। তাঁদের যুক্তি ছিল, এসব ছবি দেখে সন্ত্রাসীরা তাদের অবস্থান বদলানোর চেষ্টা করতে পারে অথবা নিরাপত্তা বাহিনীর ওপরও হামলা করতে পারে। টুইট করার বিষয়ে ব্রাসেলস পুলিশের এই অনুরোধ বা পরামর্শকে অবশ্য অনেকেই একধরনের নিয়ন্ত্রণ বলে অভিহিত করে চলেছেন।
৩. গত কয়েক দশকে ধীরে ধীরে প্রযুক্তি আমাদের পুরো জীবনযাত্রার নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। স্মার্টফোনের কল্যাণে ঘুম ভাঙলেই আমরা হয় খুদে বার্তা দেখি, না হয় আত্মীয়-বন্ধুদের সর্বসাম্প্রতিক স্ট্যাটাসটা জেনে নিই। পাশের ঘরে ছোট বোন অথবা বড় ভাই রাতের বেলায় শেষ স্ট্যাটাসটি কী দিয়েছিল, সেটাও জানি ফেসবুকে অথবা তাদের গভীর রাতের আড্ডার ছবি দেখি ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে। সারা দিন আশপাশে যা ঘটেছে বা কে কী করেছে, খেয়েছে—সেগুলোর বিষয়ে ‘আপনার অনুভূতি কী’ মার্কা কোনো প্রশ্ন আর কাউকে জিজ্ঞেস করা হয় না। আমরা, তারপর হয়তো ই-মেইল কিংবা পছন্দের ওয়েবসাইটগুলোর প্রধান শিরোনাম দেখি। এগুলো সবই হয় বিছানায় শুয়ে শুয়ে আড়মোড়া কাটতে কাটতে। টেলিভিশনটা খোলা হয় সম্ভবত তারও পর, অথবা প্রায় একই সময়ে। দিনটা যেভাবে শুরু হয় শেষও সেই একইভাবে।
৪. শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট বিষয়ে শনিবার গ্রামীণফোন, প্রথম আলো এবং ডেইলি স্টার-এর যৌথ আয়োজনের এক আলোচনায় গ্রামীণফোনের একজন কর্তাব্যক্তি জানিয়েছেন যে দেশে পাঁচ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে ৮০ শতাংশের বয়স ১৭ থেকে ৩৪-এর মধ্যে। তিনি অন্য এক গবেষণা উদ্ধৃত করে বলেছেন, ২০১৭ সালে দেখা যাবে যে দেশের ৯০ শতাংশই ইন্টারনেট ব্যবহার করবেন স্মার্টফোনের মাধ্যমে (ডেইলি স্টার, ২৮ নভেম্বর, ২০১৫)। ওই অনুষ্ঠানে টেলিযোগাযোগ-বিষয়ক প্রতিমন্ত্রী তারানা হালিম প্রথম জানান যে তাঁর মন্ত্রণালয় ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি লিখবেন কিছু শর্ত পূরণের জন্য, যাতে ইন্টারনেটে আপত্তিকর কিছু (কনটেন্ট) থাকলে তা ছেঁকে আটকে দেওয়া যায়। বিভিন্ন কাগজের খবরে দেখা যায় যে তিনি কয়েক দিন ধরেই বলে আসছেন যে ফেসবুক কর্তৃপক্ষের কাছে একের পর এক অভিযোগ জানানো হলেও তারা তা আমলে নেয়নি। ফেসবুকের সঙ্গে আমাদের কোনো চুক্তি না থাকায় এখানে রাষ্ট্রবিরোধী বা কোনো ব্যক্তির সম্মানহানিকর পোস্টগুলো প্রত্যাহার করা যাচ্ছে না। তিনি আরও বলেছেন যে আগের সরকারের সময় নাকি সুযোগ ছিল ফেসবুকের সঙ্গে এ ধরনের চুক্তি করার এবং তারা সেটি না করায় ভুল করেছে। শেষ পর্যন্ত ৩০ নভেম্বর তাঁর মন্ত্রণালয় এই চিঠিটি পাঠিয়েছে। তাঁর কথায় ওই চিঠির উদ্দেশ্য হচ্ছে ‘নারীদের প্রতি হয়রানি, ধর্মীয় উসকানি, রাজনৈতিক অস্থিরতার মতো বিষয়গুলো ঠেকাতে আমরা চুক্তি করতে চাই’ (প্রথম আলো, ১ ডিসেম্বর ২০১৫)। তিনি আরও বলেছেন ফেসবুককে বুঝতে হবে বাংলাদেশে তাদের বিশাল বাজার রয়েছে। সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৫০ কোটির মতো (সূত্র: ফেসবুকের করপোরেট ওয়েবসাইট)। আর, বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে বাংলাদেশে এটি ব্যবহার করেন ১ কোটি ৭০ লাখ লোক। ফেসবুকের কাছে যে বাজারের আকার ১ শতাংশেরও কম, সেই বাজারের পক্ষে দর–কষাকষিতে কেউ সফল হলে আমরা নিশ্চয়ই তাঁকে অভিনন্দন জানাব। কিন্তু, এই চুক্তির আকাঙ্ক্ষার সঙ্গে ফেসবুক বন্ধের কোনো যোগসূত্র নেই, সেটি বিশ্বাস করানোর জন্য এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চেয়ে ভালো বিকল্প আর কিছু আছে কি?
বিশ্বের অধিকাংশ দেশে নারী-শিশুর নিরাপত্তার জন্য ইন্টারনেটে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণের আলাদা ব্যবস্থা আছে। ইন্টারনেট সেবা প্রদানকারীদের জন্য পর্নোগ্রাফিক কনটেন্ট বিতরণের ক্ষেত্রে কঠোর ফিল্টারিং ব্যবস্থা বাধ্যতামূলক। সেটি করার ক্ষেত্রে সরকার কতটা তৎপর, সেটা অবশ্য খুব একটা দৃশ্যমান নয়
এ ছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বের অধিকাংশ দেশে নারী-শিশুর নিরাপত্তার জন্য ইন্টারনেটে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণের আলাদা ব্যবস্থা আছে। ইন্টারনেট সেবা প্রদানকারীদের জন্য পর্নোগ্রাফিক কনটেন্ট বিতরণের ক্ষেত্রে কঠোর ফিল্টারিং ব্যবস্থা বাধ্যতামূলক। সেটি করার ক্ষেত্রে সরকার কতটা তৎপর, সেটা অবশ্য খুব একটা দৃশ্যমান নয়। কেননা, সেটি বন্ধে কার্যকর ব্যবস্থা বহাল থাকলে নারী ও শিশুর হয়রানি নিয়ে এতটা উদ্বেগ দেখা যেত না। এ ছাড়া ব্যক্তির ব্যক্তিগত তথ্য গোপন রাখার অধিকার বিষয়েও আছে কড়া আইনগত সুরক্ষা। ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে এই ঝুঁকি অনেক কম। কিন্তু মনে হচ্ছে আমাদের নীতিনির্ধারকেরা নারী ও শিশুর নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন যে দুটো আলাদা বিষয়, তা তাঁরা রাজনৈতিক কারণে স্বীকার করতে চান না। আর যদি সেটা বুঝতে কেউ অক্ষম হয়ে থাকেন তাহলে তা হবে খুবই দুর্ভাগ্যজনক।
৫. শনিবারের ওই গোলটেবিলে কেউ কেউ রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণের পক্ষে জোরালো মত দিয়েছেন। তাঁরা যদি একটু ভেবে দেখতেন যে চারদলীয় জোট সরকারের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং আওয়ামী লীগের রাষ্ট্রীয় নিরাপত্তার সংজ্ঞা কি এক? এ দেশে যদি রাজনৈতিক ওরিয়েন্টেশন অনুযায়ী ইন্টারনেট নিয়ন্ত্রণ শুরু হয়, তাহলে উত্তর কোরিয়া বা ইরানের সঙ্গে আমাদের তফাতটা কোথায় থাকবে? এর চেয়ে বরং বলা ভালো, আসুন, আমরা এই দেশটিকে উত্তর কোরিয়া বানিয়ে ফেলি। উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থার ভক্ত তো আমাদের মন্ত্রিসভাতেও রয়েছেন!
বিশ্বে কোন কোন রাষ্ট্র ফেসবুক নিষিদ্ধ করে রেখেছে বা মাঝেমধ্যেই বন্ধ করে দেয়, এমন দেশগুলোর একটি তালিকা করেছে ইনডেক্স অন সেন্সরশপ ডট অর্গ নামের একটি প্রকাশনা। ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি, ফেসবুক প্রতিষ্ঠার ১০ বছর পূর্তিতে তাদের প্রকাশিত তালিকায় দেখা যায়, উত্তর কোরিয়া ও ইরানে এটি বন্ধ আছে। চীনে বন্ধ না থাকলেও গ্রেট ফায়ারওয়াল নামে এক দেয়াল তুলে রেখেছে তারা, যাতে এটির ব্যবহার খুবই নিয়ন্ত্রিত। কিউবায় নিষিদ্ধ নয়, কিন্তু ব্যবহার করা কঠিন। মিসরে মাঝেমধ্যে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এমনকি প্রক্সি সার্ভার দিয়েও ব্যবহার করা যায় না। সিরিয়ায় আগে বন্ধ করা হলেও যুদ্ধের সময় ঘোরা পথে তা ব্যবহার করা যায়। ভিয়েতনামে ব্যবহার করা গেলেও কোনো খবরের লিংক পোস্ট করা যায় না। সুতরাং, মতামত কতটা ফিল্টার করা হয় তা বোঝাই যাচ্ছে। আর পাকিস্তান ও বাংলাদেশ উভয়ই ২০১৪ সালের আগে সাময়িক সময়ের জন্য এটি বন্ধ রাখায় ওই তালিকায় তাদের নাম যুক্ত হয়েছে। এখন দ্বিতীয় দফা বন্ধের কারণে বাংলাদেশের অবস্থান এই সূচকে যে সুদৃঢ় হবে সন্দেহ নেই।
৬. সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ রাখার পর অনেকেই ঘুরপথ বা প্রক্সি অনুসরণ করে তা ব্যবহার করে চলেছেন। সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা যে এসব কৌশল জানেন না, এমন নয়। বরং অনেক ক্ষেত্রেই তাদের প্রযুক্তিগত সামর্থ্য বা ক্ষমতার যেসব বিবরণ পুলিশ প্রকাশ করেছে, তা তাক লাগিয়ে দেওয়ার মতো। পাশ্চাত্যের নিরাপত্তা বিশেষজ্ঞরাও এই একই সমস্যার মুখোমুখি হয়েছেন এবং তাঁদের অভিজ্ঞতাসমৃদ্ধ সিদ্ধান্ত হচ্ছে, এটি চালু থাকলে সন্ত্রাসীদের গতিবিধি এবং বার্তা আদান-প্রদানের ওপর নজরদারি সহজ হয়। সে কারণে, তাঁরা সাংকেতিক যোগাযোগ বা এনক্রিপশনের বিশেষজ্ঞদের নিয়ে নিজেদের ক্ষমতা-সামর্থ্য বাড়িয়েছেন। আমাদেরও কি সেটাই করা উচিত নয়?
কামাল আহমেদ: প্রথম আলোর পরামর্শক সম্পাদক।