দোয়া বনাম সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

মুরব্বির দোয়ায় কী না হয়? দুরারোগ্য রোগে আক্রান্ত রোগী সেরে ওঠে। নিঃসন্তান লাভ করে নাদুসনুদুস পুত্রসন্তান। বেকার পায় পুলিশ, কাস্টমস ও বন বিভাগে চাকরি। বিত্তহীন অবস্থা থেকে কেউ গড়ে তোলে শিল্পকারখানা টঙ্গী, জয়দেবপুর, আশুলিয়া বা সাভারে। মুরব্বির দোয়ায় ১০-১২ বছর আগে যিনি বাসের হাতল ধরে ঝুলতেন, তিনি হাঁকান তিন কোটি টাকার মোটরগাড়ি। ঘুষ খেতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যাঁর চাকরি গেছে, মুরব্বির দোয়ায় তিনি বড় নেতার সঙ্গে দেখা করার পর চাকরি ফিরে পান। শ্রাবণের উত্তাল নদীতে নৌকাডুবি হলেও, মুরব্বির দোয়ার বরকতে বেঁচে যায় কেউ। জাতীয় পার্টির নেতা জেনারেল এরশাদ এখন বয়সের হিসাবে মুরব্বিতর। তাঁর দোয়ায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির এম এ মান্নান। দোয়ার পরিবর্তে আওয়ামী লীগের প্রার্থীকে তিনি দিয়েছিলেন সমর্থন। তিনি পরাজিত হয়েছেন।
সমর্থন ও দোয়া দুই জিনিস। এই দুইয়ের মধ্যে দোয়ার দাম বেশি। দোয়া কবুল করেন স্বয়ং বিধাতা। তাতে মানুষের হাত নেই। ভোটারদের তো নয়ই। সমর্থন জিনিসটি বাস্তবায়নের পূর্ণ ক্ষমতা মানুষের অর্থাৎ ভোটারদের। যত বড় বুজুর্গই হোন, দোয়ার পরিবর্তে শুধু সমর্থন দিলে তাঁর কথামতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কোনো প্রার্থীকে ভোটাররা ভোট দেবেন, তা আশা করা যায় না। দোয়া একটা আধ্যাত্মিক জিনিস। আধ্যাত্মিক ক্ষমতা জাতীয় পার্টির নেতার নেই, তা কেউ হলফ করে বলতে পারে না। রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি হেলিকপ্টার নিয়ে যতবার পীরের সঙ্গে দেখা করতে গেছেন, নয় বছরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরাও ততবার তেল আবিব সফর করেননি। সুতরাং তাঁর মধ্যে একধরনের আধ্যাত্মিক শক্তির জন্ম হওয়া স্বাভাবিক। তাই তাঁর সমর্থনের চেয়ে দোয়ায় কাজ হয় বেশি।
তাঁর সমর্থনের পরেও মহাজোটের প্রার্থী পরাজিত হলেন কেন—সে প্রশ্ন যদি এখন কেউ করে, জেনারেল এরশাদ বলবেন: ‘আমি সমর্থন না দিলে আওয়ামী লীগের প্রার্থী আরও কম ভোট পেতেন। বিজয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান হতো আরও বেশি। সুতরাং আমি আওয়ামী লীগকে ঋণী করে রাখলাম।’
বাংলাদেশের জাতীয় রাজনীতির তথা দলীয় রাজনীতির গতি-প্রকৃতি স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে গেছে গাজীপুরের নির্বাচনের সময়। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি ১৪-দলীয় জোট, কি ১৮-দলীয় জোট, কি সরকার, কি বিরোধী দল—সবার রাজনীতিই পরিষ্কার হয়ে গেছে। সব দলেরই লক্ষ্য এক, জনগণের কাঁধে চড়ে ক্ষমতায় গিয়ে নিজের ভাগ্য গড়ে তোলা এবং জনগণকে বুড়ো আঙুলের কাঁচকলা দেখানো। পরিষ্কার হয়েছে গণমাধ্যমসহ আরও অনেকের ভূমিকাও।
এরশাদ সাহেবকে দোষ দেব না। তিনি প্রতি ২৬ ঘণ্টা পর মহাজোটে তাঁর অবস্থান নিয়ে একেক কথা বলেন। একদিন বলেন, নাই, নাই, নাই। আরেক দিন বলেন, জোটেই আছি, আছি, আছি। গণমাধ্যম তা চুটিয়ে প্রচার করে। কেউ প্রশ্ন করেন না—আপনার নাই আর আছি নিয়ে আপনি থাকুন। তাতে আমাদের কিছুমাত্র মাথাব্যথা নেই।
গাজীপুরের ব্যাপারে তাঁর দোষ নেই এই জন্য যে আওয়ামী লীগের প্রার্থীকে তিনি টেলিফোন করে ডেকে আনেননি তাঁর প্রাসাদে। তিনি জোটেই যদি থাকেন, তাহলে তাঁর বাড়িতে গিয়ে দোয়া চাওয়ার দরকার হয় কেন? দোয়া জিনিসটি বস্তু নয়, তা দূর থেকেই দেওয়া যায়। ওটা হাতে করে নেওয়ার পদার্থ নয় যে পাত্র হাতে নিয়ে কারও বাড়িতে যেতে হবে তা আনতে। তারপর যখন তাঁর জোটের প্রার্থী এলেনই তাঁর বাসভবনে, তাঁকে দোয়া দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। সরাসরি সমর্থন দিতে পারতেন। সেটাই ছিল তাঁর নৈতিক দায়িত্ব। মন্ত্রিসভায় তাঁর দলের সদস্য রয়েছেন। সরকার তাঁকে ব্যাংক থেকে শুরু করে নানা কিছু উপহার দিয়েছে। তাঁর কাছে মহাজোট প্রার্থীর দোয়া ও সমর্থন প্রার্থনা করতে হবে কেন? এ তো মহাজোটের সঙ্গে স্রেফ প্রতারণা।
এ তো গেল একদিক। অন্যদিকে বিএনপির প্রার্থীকে গোপনে চিরকুট দিয়েও (টেলিফোনে ধরা খাওয়ার আশঙ্কা) তিনি তাঁর অট্টালিকায় ডেকে আনেননি। মান্নান সাহেব তাঁর প্রচারণা ফেলে রেখে ছুটলেন বারিধারায়। তিনি মনে করেছিলেন, রাজনীতির বাতাস অন্য রকম বইছে। এরশাদ সাহেব মহাজোটে ‘নেই’। এখন তাঁর দোয়া+সমর্থন, যাকে বলা যেতে পারে দোয়ার্থন, পাওয়া সহজ হবে। তিনি এসে করজোড়ে দাঁড়ালেন সাবেক রাষ্ট্রপতির সামনে। এরশাদ সাহেব তাঁকে আধো আধো বোলে কী বললেন, যা ঠিক ঠাওর করতে পারেননি মান্নান সাহেব। প্রার্থী মনে করলেন তাঁকে দোয়া ও সমর্থন দুটোই দিয়ে ধন্য করলেন। আসলে তিনি তাঁকে দুটোর কোনোটিই দেননি। বিএনপির প্রার্থী চলে যাওয়ার পর তিনি মৃদু হেসেছেন নিজে নিজেই। অর্থাৎ দিলাম তো বোকা বানিয়ে। এই জোয়ারে এমনিতেই পাস করবেন। দুজনই হাতে রইলেন। যিনি বিজয়ী হবেন, তাঁকেই বলা যাবে: আমার দোয়া বিফলে যায় না।
এরশাদ সাহেব মান্নান সাহেবকে যা কিছুই দিয়ে থাকুন, তা চুপচাপ গ্রহণ করলেই পারতেন। তা না করে তিনি সাংবাদিকদের কাছে অতি উৎসাহে বলে দিলেন, এরশাদ সাহেব তাঁকে ‘দোয়ার্থন’ দিয়েছেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সবকিছু গোপনে গোপনেই করতে চেয়েছিলেন। কিন্তু মান্নান সাহেবের ঘোষণার পর তাঁর তলব হয় মহাজোট নেত্রীর দপ্তরে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, অনেক দিন দেখাশোনা হয় না, তাই দুটো কথা বললাম। তারপর তিনি সাংবাদিকদের ডেকে বললেন, বিএনপির প্রার্থীকে আমি শুধু দোয়া করেছি, সমর্থন করি নাই। তিনি যখন দোয়ার্থনের কথা বলে বেড়াচ্ছেন, তখন আমি তাঁকে যা কিছু দিয়েছিলাম সব প্রত্যাহার করলাম। তিনি তাঁর দলের লোকদের বললেন, আজমত সাহেবের মার্কায় সিল মারো ভাই সিল মারো। তাঁর দলের লোকেরা তাজ্জব। পল্লিবন্ধুর আগের কী নির্দেশ ছিল, এখনই-বা কী বলেন।
কিন্তু সেখানেই শেষ নয়। সব শুভযোগ এক জায়গায় গিয়ে বিএনপির জন্য দেখা দিয়েছিল মাহেন্দ্রযোগ। জাতীয় পার্টির দ্বিতীয় প্রধান নেতার জন্মদিনটিও এসে গেল ঠিক গাজীপুর নির্বাচনের আগে। এবারই কাজী জাফর আহমদের নতুন জন্মদিন নয়। কিন্তু এর পরই তাঁর জন্মদিনের কেক কাটায় যোগ দিলেন বিএনপির নেতারা। মির্জা সাহেব ফুলের তোড়া নিয়ে গেলেন কাজীবাড়িতে, কেক খেতে। মহাজোটের কাউকে দেখা গেল না। ক্ষতি নেই তাতে। কারও জন্মদিনের কেক যে কেউই খেতে পারে। কিন্তু জাতীয় পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক কেকের চেয়েও মিষ্টি কি না, তা বোঝা যাবে আগামী নির্বাচনের আগে।
এ সবই হলো রাজনৈতিক দেউলিয়াত্ব এবং সুবিধাবাদী ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির অসুন্দর মুখচ্ছবি। আগামী নির্বাচনের আগে সব দলের নেতারাই যে গোলাম আযমের দোয়া নিতে নিশুতি রাতে তাঁর প্রকোষ্ঠে যাবেন, তাতে পৃথিবীর ৭০০ কোটি মানুষের সন্দেহ থাকলেও আমার নেই। আমার এই অনুমান যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে বুঝব, বাংলাদেশের রাজনীতি সঠিক পথে যাচ্ছে।
একটি স্থানীয় নির্বাচন। কী এমন মধু তাতে! তার জন্য সরকারি দলের নেতারা বনপোড়া হরিণের মতো দিগিবদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে লাগলেন। গত তিন সপ্তাহে তাঁরা সেগুনবাগিচা এলাকার তিনটি ভেন্যুতে কী সব বক্তব্য দিয়েছেন, আমাদের মিডিয়ার উচিত তা তাঁদের শোনানো। এক শীর্ষনেতা বললেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর জয় হবেই হবে।’ গোপন ব্যালটের নির্বাচনে ‘জয় হবেই হবে’ তা বলা যায় না। ক্ষমতাসীন নেতার মুখে ‘হবেই হবে’ শুনে বিরোধী দলের নেতারা উদ্ভ্রান্তের মতো বক্তব্য দিতে থাকেন। মির্জা আলমগীর বললেন, নির্বাচনে যদি কারচুপি হয়, সরকার পতনের আন্দোলন শুরু করবেন। মাস তিনেকের মধ্যে সরকারকে পদত্যাগ করতে হবে। তার আগে পতন ঘটিয়ে কী লাভ? কাজের কথা না বলে দায়িত্বজ্ঞানহীন উক্তি করা এখন বড় দলের নেতাদের বদভ্যাসে পরিণত হয়েছে।
আমরা নেতাদের সমালোচনা করি, কিন্তু নিজেদের ভুলের জন্য অনুশোচনা করি না। কে কাকে ভোট দেবেন, তা ভোটারের ব্যাপার। সেসব জিজ্ঞেস করতে নেই। মিডিয়া ভোটারকে পাকড়াও করে জানতে চাইছে: কারে ভোট দেবেন? কাগজে ভবিষ্যদ্বাণী করা হলো: আওয়ামী লীগ নির্ভর করছে ধর্মীয় সংখ্যালঘুদের ভোটের ওপর, বিএনপি পাবে হেফাজতের ভোট। দেড় হাজার বছর ধরে বাঙালি অনুমানে কথা বলছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানরা সবাই জোট বেঁধে আওয়ামী লীগকে ভেট দেবেন, সে কথা তাঁরা সভা করে সিদ্ধান্ত নিয়েছেন কি না? এতে একটি দলকে একটি সম্প্রদায়ের প্রতি বৈরী করা হচ্ছে। পছন্দ হলে হিন্দুরা বিএনপির প্রার্থীকে অবশ্যই ভোট দেন।
আমি আওয়ামী লীগের কয়েকজন নেতা ও মিডিয়ার লোককে জিজ্ঞেস করেছি, হেফাজতের ভোটের পরিমাণ কত শতাংশ। কেউ সঠিক জবাব দিতে পারেননি। জনমত জরিপ করেননি। হেফাজতের ভোটার কত, আওয়ামী নেতাদের তা জানা নেই। দলীয় পর্যায়ে কোনো গবেষণা নেই। মিডিয়ার জরিপ নেই। বলা হচ্ছে হেফাজতের ভোটে বিজয়ী হবে বিএনপির প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী এরশাদ সাহেবের দলের ভোট পেয়েছেন। তাদের ভোটের সংখ্যাই বা কত শতাংশ?
১৪৩৪ হিজরির ২৪ জমাদিউল আউয়াল এবং ২৪ জমাদিউস সানি ঢাকার জাতীয় ফুল চত্বরে দুটি সমাবেশের পর বাংলাদেশের রাজনীতিতে যোগ হয়েছে এক নতুন উপসর্গ। ওই সমাবেশ দুটির দিনেও বাংলাদেশের রাজনীতির দেউলিয়াত্বের প্রকাশ ঘটে। খালেদা জিয়া ও জেনারেল এরশাদ তাঁদের নিজেদের সভা-সমাবেশের দিন অংশগ্রহণকারীদের খানাপিনার আয়োজন করেন না। কিন্তু ওই দুই দিনের সমাবেশের ধর্মযোদ্ধাদের জন্য তাঁদের মন কাঁদল। তাঁদের দলের নেতাদের পাঠালেন প্রকাণ্ড মঞ্চে। সরবরাহ করলেন পানি ও খাবারের প্যাকেট। বাংলাদেশটাই আজ পরিণত হয়েছে মেলোড্রামার এক মস্ত বড় মঞ্চে। এ দেশের মানুষের মায়েদের সন্তানেরা কান্দে আবার হাসে। খালেদা ও এরশাদের পাঠানো পানি ও শুকনা খাবার খেলেন হেফাজতের লোকেরা, সরকারের কাছ থেকে খেলেন শক্ত মার। একই রাজনৈতিক আদর্শের অনুসারী খালেদা-এরশাদ ভেবে দেখলেন না মাওলানা আহমদ শফী রাষ্ট্রপতি ও জনাব বাবুনগরী প্রধানমন্ত্রী হলে তাঁদের জন্য আর কোনো পদ খালি রইল না।
বড় রাজনৈতিক দলগুলোর অন্তঃসারশূন্যতা ও স্নায়বিক দুর্বলতা প্রকটভাবে ধরা পড়েছে গাজীপুর নির্বাচনে। যাঁরা নিজেদের শক্তিতে জাতিকে নেতৃত্ব দিতে অক্ষম, তাঁরাই কখনো খড়কুটোকে আঁকড়ে ধরেন, কখনো খড়ের তৈরি কাকতাড়ুয়া দেখে কাঁপতে থাকেন। কোনো শক্ত নীতির ওপর আজ কেউ দাঁড়িয়ে নেই। ক্ষমতার জন্য, তাৎক্ষণিক লাভের আশায়, যে কেউ যেকোনো কিছু বিসর্জন দিতে দ্বিধা করেন না। এ অবস্থাটা জনগণ খুব বেশি দিন বরদাশত করবে না।
গাজীপুর সিটি করপোরেশন নিয়ে এত কথা। ১০০ বছর আগে গাজীপুর কেমন ছিল, তাঁর বর্ণনা আমি খুঁজে পেয়েছি সেকালের ঢাকা কলেজের বাংলার অধ্যাপক কামিনীকুমার সেনের এক লেখায়। তাঁর ভাষায়, গাজীপুর ছিল ‘নিবিড়গজারিবনসঙ্কুল, শ্যামলধান্যক্ষেত্রবলয়িত, নানা বিহঙ্গমুখরিত, স্থানে স্থানে ক্ষুদ্র নির্ঝরিণী সমন্বিত, স্বভাবশোভার লীলাভূমি’। আজ গাজীপুর একটি শিল্পনগর। পোশাক কারখানার লাখ লাখ শ্রমিক এখানে কাজ করেন। তাঁদের অধিকাংশই নারী। জেলা সদর হওয়ার পরে নগরের উন্নয়ন ও সম্প্রসারণ ঘটেছে। কিন্তু নাগরিকসুবিধা থেকে বঞ্চিত নগরবাসী। নতুন সিটি করপোরেশন ঘোষিত হয়েছে। তার প্রথম মেয়র হিসেবে যিনি নির্বাচিত হলেন, তাঁর দায়িত্ব সীমাহীন। দলীয় রাজনীতিতে ডুবে থাকলে তাঁর দেওয়া কোনো প্রতিশ্রুতিই তিনি পূরণ করতে পারবেন না। নির্বাচিত হওয়ায় নগরবাসী নয়, লাভবান হবেন তিনি নিজে।
গত শতাব্দীর প্রথম ১৫-১৬ বছর আগে ঢাকা পৌসভার চেয়ারম্যান বা মেয়র ছিলেন নবাব খাজা মোহাম্মদ ইউসুফ। তখন ঢাকায় বড় বড় হিন্দু নেতা ছিলেন, তাঁরাই তাঁকে নির্বাচিত করেছেন। নবাব নিজের বিষয়সম্পদ বিলিয়ে দিয়ে ঢাকা গড়ে তোলেন। বাংলার ব্রিটিশ গভর্নররা তাঁকে সমীহ করতেন। আজ কোনো নগরে তাঁর মতো মেয়র দরকার। দূরদৃষ্টিহীন দলবাজ মানুষ নন।
গাজীপুর নির্বাচনে সরকার ও বিরোধী দলকে জনগণ যে বার্তা দিয়েছে, আশা করি, উভয় পক্ষই তা উপলব্ধি করতে সক্ষম।
সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।