দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। এর মূলে রয়েছে অসহিষ্ণু রাজনীতি। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতানৈক্য হতেই পারে। সেসব বিষয়ের মীমাংসা আলোচনার টেবিলে বসেই করা উচিত। তাদের দলীয় স্বার্থের বলি জনসাধারণ কেন হবে? কোনোমতে তিনবেলার খাবার জোগাড় করতেই মানুষের গলদঘর্ম অবস্থা। দ্রব্যমূল্য বৃদ্ধি হলো মড়ার উপর খাঁড়ার ঘা। হরতাল-অবরোধের কারণে পণ্য পরিবহনে বিঘ্ন সৃষ্টি হলে পরিবহন ব্যয়ও বেশি হয়। একদিকে অবরোধ-হরতালে সাধারণ মানুষের আয় অনেক কমে গেছে, তার ওপর দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ জনগণ চোখে সরষে ফুল দেখছে। এভাবে আর কিছুদিন চলতে থাকলে দেশের সাধারণ মানুষের বেঁচে থাকার পথ বন্ধ হয়ে যাবে।
কোনো রাজনৈতিক দলের জন্যই কিন্তু সেটি শুভ ফল বয়ে আনবে না। কাজেই অবিলম্বে দেশের সাধারণ মানুষের মঙ্গলের কথা চিন্তা করে সব রাজনৈতিক দলকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে দেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে এর লাগাম টেনে ধরে সাধারণ জনগণের ভেতর স্বস্তি ফিরিয়ে আনতে হবে।
উজ্জ্বল দাস পোদ্দার
ধানমন্ডি, ঢাকা।