দ্রব্যমূল্য ও হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের আজ নাভিশ্বাস অবস্থা। মাসিক আয়ের সঙ্গে সংগতি রেখে ব্যয় করা দুঃসাধ্য হয়ে পড়েছে, কেননা আয়ের চেয়ে ব্যয় হচ্ছে বেশি। সঞ্চয় তো দূরে থাক, বাড়ছে ধারদেনা। পেঁয়াজ তো আছেই। সঙ্গে ডাল, চিনি থেকে শুরু করে প্রতিটি সবজির দাম চড়া। পণ্যমূল্যের পাগলা ঘোড়ার সঙ্গে ছুটতে ছুটতে সাধারণ মানুষ আজ বড় ক্লান্ত ও অসহায়।
বিক্রেতারা দাবি করছেন, হরতালে পণ্য সরবরাহ ঘাটতির কারণে দাম বেড়ে গেছে। কিন্তু হরতাল শেষে সরবরাহব্যবস্থা স্বাভাবিক হওয়ার পরও পণ্যমূল্য স্বাভাবিক হয়নি। চলছে ৬০ ঘণ্টার হরতাল। এরপর পণ্যমূল্য কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে। ভাগ্যিস, আমাদের নেতা-নেত্রীরা যাঁরা নানা রকম রাজনৈতিক কর্মসূচি দেন অথবা সরকারে থাকেন, তাঁদের বাজারে যেতে হয় না। অবশ্য তাঁদের তো আমাদের মতো মাসিক আয়-ব্যয়ের ব্যালান্সও করতে হয় না। যে রাজনীতি জনগণের সুবিধা-অসুবিধা বিবেচনা করে না; সে রাজনীতিতে আমাদের মতো সাধারণ জনগণের কিছু আসে যায় কি? আমরা বারবার আশান্বিত হই, আবার পরক্ষণেই আশাহত হতে বাধ্য হই। জীবনের ন্যূনতম চাহিদা পূরণের হিসাবনিকাশ করতেই আমাদের মতো অতিসাধারণ জনগণের জীবনাবসান ঘটে। সাধারণ পাবলিকের কথা ভাবার কেউ কি আছেন?
সাবিনা পারভীন,

গোড়ান, ঢাকা।