৬ মার্চ প্রথম আলোর চিঠিপত্র কলামে সঞ্জয় ভৌমিকের ‘বেতনবৈষম্য’ লেখাটি আমার দৃষ্টিগোচর হওয়ায় তাঁকে বিশেষভাবে সাধুবাদ জানাই। প্রধান শিক্ষককে পদমর্যাদা দিয়ে বেতনকাঠামো ১১তম গ্রেড ছয় হাজার ৪০০ টাকা, সেখানে সহকারী শিক্ষকদের ১৪তম গ্রেড পাঁচ হাজার ২০০ টাকা করা হয়েছে। বৈষম্যটা রয়েছে ঠিক এখানেই।
যেখানে বাচ্চাদের শ্রেণী শিক্ষার পাঠদান থেকে শুরু করে তাদের নানা রকম বায়না ও ঝগড়াঝাঁটি মেটানো ইত্যাদি ছাড়াও তাদের ক্লাসে মনোনিবেশ করা, শ্রেণী মূল্যায়নসহ অনেক কাজ করতে হয়। সকাল থেকে সারা দিন যেন বিরামহীন ব্যস্ততা। যোগ্যতার দিক থেকে বিবেচনা করলে প্রায় সব সহকারী শিক্ষক শুধুই স্নাতক ডিগ্রিধারী নন, অনার্স, মাস্টার্সসহ এমনকি পিএইচডি ডিগ্রিধারীও অনেকে আছেন। ভৌমিকবাবু যথার্থই বলেছেন, সহকারী শিক্ষকদের অফিশিয়াল কাজ ছাড়াও বিভিন্ন কর্তব্যকাজে জড়িত থাকতে হয়।
অথচ এই সহকারী শিক্ষকেরাই সব সামলে নেন। এ দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রাথমিক শিক্ষকই সংখ্যাগরিষ্ঠ এবং তাঁরাই জাতির মেরুদণ্ড। সেখানে বৈষম্যের বেড়াজাল সৃষ্টি করে পড়ালেখার শুধু ব্যাঘাতই ঘটবে না, এর মাধ্যমে সব সহকারী শিক্ষকের মনোবলও ভেঙে যাবে।
তাই গেজেট প্রকাশের আগেই বেসরকারি থেকে সরকারীকরণ সব সহকারী শিক্ষকের প্রধান শিক্ষকের পদমর্যাদা থেকে এক ভাগ কমিয়ে আনার প্রত্যাশা রাখছি।
গোপাল সরকার
কেজি স্কুল পাড়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।