কয়েক দশক ধরেই বিভিন্ন ধরনের অপরাধ সমাজে ছড়িয়ে পড়েছে। অপরাধের দমনও অনেকে সহিংস উপায়ে করতে চাইছেন। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে এখন সমাজের অনেকেই প্রকাশ্যে ধর্ষকদের মতো ঘৃণিত অপরাধীদের পক্ষে সাফাই গাইছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ধর্ষণের দায়ে বহিষ্কৃত জসিম উদ্দিন মানিকের ঘটনাকে অনেকে গুজব বলে প্রচার করতেও কসুর করছেন না। অপরাধ দমনের উপায় ও অপরাধীর পক্ষে সাফাই সামগ্রিক অধঃপতনের চিত্রই প্রকাশ করে দেয় সমাজের সামনে।
পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ধর্ষক ও অপরাধীদের বিনা বিচারে হত্যার দাবি তুলছেন কেউ কেউ। অনেকে পুরুষাঙ্গ কর্তনেরও দাবি করেছেন। ক্ষুব্ধ এসব মানুষের দলে যেমন আছেন সাধারণ জনতা, আছেন স্বনামধন্য কবিও। এতেই পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করা যায়। সমাজে যখন বিশৃঙ্খলা চরম আকার ধারণ করে এবং বিচার নিয়ে জনমনে সংশয় থাকে, তখই নাগরিকেরা এ ধরনের ক্রুদ্ধ আচরণ করে থাকেন।
তবে এ ধরনের বিচারে সমাজে শান্তি ফিরে আসে না।
সমাজে যাবতীয় অনাচার ও অন্যায়ের সমাধান করতে হবে নিয়মের ভেতরে থেকেই। যথাযথ আইনের প্রয়োগ করে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। সম্মিলিত ও যথাযথভাবে যদি সরকার এবং প্রশাসনের ওপর চাপ প্রয়োগ করা যায়, তবে ন্যায় পুরোপুরি না হলেও কিছুটা অন্তত সম্ভব। দেশে নারী নির্যাতন প্রতিরোধে দুটি উদাহরণ হচ্ছে দিনাজপুরের ইয়াসমিন হত্যা এবং জাহাঙ্গীরনগরে শিক্ষার্থী ধর্ষণবিরোধী আন্দোলন। এই আন্দোলন পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। যখনই দেশ কোনো নারী নির্যাতন, বিশেষ করে যৌন নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে, তখনই অবধারিতভাবে এই দুটি ঘটনা সামনে চলে আসে। ইয়াসমিনের ঘটনায় প্রশাসনকে বাধ্য করা হয়েছিল অপরাধীদের সাজা নিশ্চিত করতে। এটা ছিল যৌন নির্যাতনের বিরুদ্ধে সাধারণ জনতার জেগে ওঠার সূচনা। ওই সময় সব নারী সংগঠন, রাজনৈতিক দল, বিভিন্ন এনজিও ইয়াসমিন ধর্ষণের ঘটনায় পথে নেমে এসেছিল। থমকে গিয়েছিল সারা দেশ।
পরবর্তীকালে ১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় আন্দোলন শুরু হয়। দুটি ঘটনাতেই ক্ষমতার কাছাকাছি থাকা ব্যক্তিরা জড়িত ছিল। ইয়াসমিনকে ধর্ষণ করেছিল পুলিশ। আর জাহাঙ্গীরনগরে ধর্ষণ করেছিলেন তৎকালীন ক্ষমতাসীন ছাত্রলীগের নেতাকর্মীরা। ধর্ষণে নেতৃত্ব দিয়েছিলেন ওই সময়কার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মানিক। তদন্ত কমিটি দোষী সাব্যস্ত করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানিকসহ ১৩ জনকে বহিষ্কার করে। পরবর্তী সময়ে যৌন নিপীড়নবিরোধী নীতিমালাও তৈরি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যৌন নিপীড়নবিরোধী আন্দোলনে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
জাহাঙ্গীরনগরে ধর্ষণবিরোধী আন্দোলন চলাকালে কর্মীরা একটি গান গাইত অধিকাংশ সময়। গানের দুটি লাইন ছিল: যে যেখানে দাঁড়ায়ে, কণ্ঠ ছাড়ো বাড়ায়ে। ধর্ষক, ধর্ষকের পাহারাদারদের বিরুদ্ধে কণ্ঠটা বাড়িয়ে ছাড়ুন।
উভয় ঘটনাতেই দেখা যায়, শুরুতে প্রশাসন অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত প্রতিবাদের মুখে সব ষড়যন্ত্র বালির বাঁধের মতো ধসে পড়েছে; বরং ধর্ষকদের রক্ষার দায় কাঁধে নিয়েছে। ধর্ষকদের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ইয়াসমিনের ধর্ষক ছিল পুলিশ। এ নিয়ে পরবর্তী সময়ে খুব বেশি আলোচনা হয়নি। কিন্তু আন্দোলনের ২২ বছর পর মানিকের অপরাধ নিয়ে নানা ধরনের গল্প–কাহিনি ছড়িয়ে দেওয়া হচ্ছে। অনেকেই মানিককে রক্ষার জন্য মাঠে নেমেছেন। মানিকের ধর্ষণের ঘটনা গুজব বলার পাশাপাশি মানিক ছাত্রদল থেকে আগত বলে প্রচার করছেন। মানিক ছাত্রদল করতেন এটা যেমন সত্য, ছাত্রদলের ওই সময়ে নেতা–কর্মীরা এটা স্বীকারও করেন। কিন্তু তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে থাকাকালে ধর্ষণের মতো জঘন্য অপরাধে লিপ্ত হন, এটাও সত্য। কিন্তু সঙ্গে এটা বলছেন না যে মানিক ১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আফসার আহমেদের আত্মীয় ছিলেন। এ ছাড়া বর্তমান পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হকের আত্মীয় মানিক। মূলত এই দুজনের আশকারাতেই মানিক ক্যাম্পাসে বেপরোয়া কাজকর্ম শুরু করেন।
১৯৯৮ সালে হলের নেতাদের চাপে আমরা ছাত্রলীগের ধর্ষণবিরোধী মিছিলে গিয়েছিলাম। মিছিলে গিয়ে দেখি, ধর্ষকের নেতৃত্বেই আমরা ধর্ষণবিরোধী মিছিল করছি।
এ ছিল এক বিস্ময়কর তামাশা। মানিক ছাত্রদল থেকে আগত ছাত্রলীগের কর্মী ও সমর্থকদের এ প্রচারণা প্রমাণ করে দেয়, বিভিন্ন দল বিশেষ করে বিএনপি–জামায়াতের কুখ্যাত অপরাধীদের নিরাপদ ভরসাস্থল হচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। কারণ, যখন কোনো আওয়ামী লীগ বা ছাত্রলীগ–সংশ্লিষ্ট কারও অপরাধ সামনে চলে আসছে, তখনই তাকে বিএনপি–জামায়াতের কর্মী বা অনুপ্রবেশকারী বলে প্রচারণা চালানো হচ্ছে।
অপরাধীদের পক্ষে অনেকেই যখন হাঁক ছেড়ে মাঠে নামেন, তখন সমাজ ভিন্ন বার্তা দেয়। এঁরা ধর্ষকদের পাহারাদার হয়ে ওঠেন। এঁদের আশ্রয়–প্রশ্রয়ে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। কিন্তু এতে হতাশ হওয়া যাবে না। আমাদের সামনে ইয়াসমিন হত্যা ও জাহাঙ্গীরনগরের উদাহরণ রয়েছে। ইয়াসমিন হত্যার প্রতিবাদ–আন্দোলন যদি হয় দেশব্যাপী সম্মিলিত আন্দোলনের প্রয়াস, তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রতিষ্ঠানের মধ্যে আন্দোলন গড়ে তোলার প্রকৃষ্ট উদাহরণ।
জাহাঙ্গীরনগরে ধর্ষণবিরোধী আন্দোলন চলাকালে কর্মীরা একটি গান গাইত অধিকাংশ সময়। গানের দুটি লাইন ছিল: যে যেখানে দাঁড়ায়ে, কণ্ঠ ছাড়ো বাড়ায়ে। ধর্ষক, ধর্ষকের পাহারাদারদের বিরুদ্ধে কণ্ঠটা বাড়িয়ে ছাড়ুন। রুখে দাঁড়ান। পথে নামুন। ক্রসফায়ার, লিঙ্গ কর্তনের মতো রোমহর্ষ দাবি থেকে সরে আসুন। সফলতা আসতে বাধ্য।
ড. মারুফ মল্লিক রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী