ড্যাপ শৌখিন প্রকল্প ছিল না, তা ছিল রাজধানীকে ভয়াবহ প্রাকৃতিক ও পৌর-বিপর্যয় থেকে রক্ষার শেষ চেষ্টা। আবাসন ব্যবসা-সম্পর্কিত একটি স্বার্থবাদী মহল ও ভূমিদস্যুরা ছাড়া এর বিরোধিতা আর কেউ করেনি। সাড়ে তিন বছরের সরেজমিন অনুসন্ধানের পর তৈরি করা ঢাকা মহানগর পরিকল্পনা (ডিএমডিপি), এরপর আরও সাড়ে ছয় বছর সরেজমিনে অনুসন্ধানে প্রণীত হয় ড্যাপ। এতে সরকারি-বেসরকারি বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট সব পক্ষ, পরিবেশ সংগঠন এবং আবাসনব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের সবার মতামত নেওয়া হয়। এর ভিত্তিতে ঢাকার ভেতর কৃষিজমি, আবাসন এলাকা ও বন্যাপ্রবাহ অঞ্চল চিহ্নিত করা হয়। এমনকি গণশুনানি করে এর চূড়ান্ত রূপকে আরও ভারসাম্যপূর্ণ করা হয়। কিন্তু কবির ভাষায় এখন, ‘সকলই গরল ভেল’।
ড্যাপ বাস্তবায়নের জন্য সরকার কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো করেনি। উল্টো তিন বছর পর কাঠামো পরিকল্পনা প্রণয়নের নামে ভূমিদস্যুদের স্বার্থে ড্যাপের অনেক কিছু বদলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রকাশিত হয়েছে প্রথম আলোয়। ড্যাপভুক্ত এলাকার বন্যাপ্রবাহ অঞ্চল সংরক্ষিত রাখা হলেও তার আড়াই হাজার একর জমিতে আবাসন প্রকল্পসহ বিভিন্ন স্থাপনা নির্মিত হয়েছে ও হচ্ছে। ঢাকার যাবতীয় উন্নয়নকাজ ড্যাপ অনুযায়ী হওয়ার কথা থাকলেও কেউ তা মানছে না। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ থাকা সত্ত্বেও গত তিন বছরেও সরকার ড্যাপ বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। এ পর্যন্ত একটি স্থাপনাও সরিয়ে নিতে বা প্রত্যাহার করতে বলা হয়নি। অথচ আইন অনুসারে ড্যাপের এই শ্রেণীবিন্যাস অমান্য করলে রাজউকের কর্তব্য ছিল তাদের বিরুদ্ধে মামলা করা। কৃষিজমি নষ্ট করা কিংবা বন্যাপ্রবাহ অঞ্চলে আবাসন বা কারখানা ইত্যাদি স্থাপন করাও আইনত দণ্ডনীয় হলেও, ইতিমধ্যে দুই হাজার ৭২৪টি শিল্পপ্রতিষ্ঠান ড্যাপের সঙ্গে অসংগতিপূর্ণ অবস্থায় টিকে আছে। পুরোনো অবৈধ স্থাপনা সরানো বা পরিশীলিত করা তো হয়ইনি, উপরন্তু নতুন নতুন জমি বেহাত হয়ে যাচ্ছে। অবস্থা এমন চললে আর কোনো দিনই ড্যাপ বাস্তবায়ন করা যাবে না; এবং ঢাকাও রক্ষা পাবে না পরিবেশগত ও প্রাকৃতিক বিপর্যয় থেকে।
স্পষ্টভাবেই ভূমিদস্যু, আবাসন কোম্পানি ও অবৈধ স্থাপনার অধিকারীদের সঙ্গে সরকারের যোগসাজশ রয়েছে। দেশের সঙ্গে এত বড় প্রতারণাই যদি করা হবে, তাহলে কী দরকার ছিল ঢাকঢোল পিটিয়ে ড্যাপ প্রণয়ন ও বাস্তবায়নের মহড়া দেওয়া? সরকারি অর্থ অপচয় ও গণবিরোধিতার এমন নজির আর কত দেখতে হবে আমাদের?