আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে রাজধানীতে সৌন্দর্যবর্ধনের যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। তড়িঘড়ি করে ১১৫ কোটি টাকা ব্যয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রকৌশল ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এই কাজটি হাতে নিয়েছে। যেকোনো প্রকল্পের জন্য সুষ্ঠু পরিকল্পনা ও এর প্রতিক্রিয়ার বিষয়টি মাথায় রাখতে হয়। কিন্তু এই প্রকল্পটি যেমন অপরিকল্পিত, তেমনি নানা অনিয়মে আকীর্ণ। তদুপরি প্রকল্পের কাজে ব্যবহূত মালামালও নিম্নমানের।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তাদের দাবি, প্রধানমন্ত্রীর নির্দেশেই এই কাজ করা হচ্ছে। কিন্তু আগেভাগে কেন সেই উদ্যোগ নেওয়া হলো না? নিলে এশিয়া কাপের আগেই করা যেত। টি-টোয়েন্টির চেয়ে মোটেই এটি কম গুরুত্বপূর্ণ নয়। আর প্রধানমন্ত্রী নিশ্চয়ই নিম্নমানের মালামাল ব্যবহার করতে বলেননি। একজন কর্মকর্তা জানান, নিম্নমানের মালামাল সরিয়ে ফেলা হবে। তাঁদের বলতে হবে, প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা নিম্নমানের মালামাল আনার সাহস পেলেন কীভাবে?
দৃশ্যত আমাদের নীতিনির্ধারকেরা দীর্ঘমেয়াদি ও সুষ্ঠু পরিকল্পনার চেয়ে তাৎক্ষণিকতায় বিশ্বাসী। প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, নগরের সৌন্দর্যবর্ধনের জন্য মিরপুরের অনেক গাছ কেটে ফেলা হয়েছে। ভালো সড়কে নতুন করে কার্পেটিং করা হয়েছে। অন্যদিকে, ভাঙাচোরা সড়কগুলো সংস্কারের কোনো উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না। সড়ক বিভাজকের ওপর বসানো লোহার গ্রিল উঠিয়ে ইটের স্থাপনা নির্মাণই বা কতটা যৌক্তিক? ব্যস্ততম সড়কে এ ধরনের স্থাপনা শুধু নগরের সৌন্দর্যহানিই ঘটাবে না, জনগণের চলাচলেও সমস্যা তৈরি করবে।
প্রথম আলোয় সড়ক বিভাজকের লোহার গ্রিল সরিয়ে ইটের স্থাপনা নির্মাণের যে ছবি ছাপা হয়েছে, তা সৌন্দর্যবর্ধনের চেয়ে সৌন্দর্যহানিরই পরিচায়ক। একজন স্থাপনাবিদ একে পাগলামি বলে অভিহিত করেছেন। ঢাকা মহানগরের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন নিয়ে এ ধরনের পাগলামি চলতে পারে না। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান উন্নয়নকাজে ব্যয় হওয়া ১১৫ কোটি টাকার মধ্যে আট কোটি টাকা সৌন্দর্যবর্ধনে ব্যয় করা হচ্ছে। কিন্তু জনগণের একটি টাকাও অপচয় করার অধিকার কি নগর কর্তৃপক্ষের আছে?